ঢাকা লিগে বল টেম্পারিং করতেন পাকিস্তানিরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকরাম খান, খালেদ মাহমুদ ও হাবিবুল বাশার বললেন বল টেম্পারিং নিয়ে। ছবি: প্রথম আলো
আকরাম খান, খালেদ মাহমুদ ও হাবিবুল বাশার বললেন বল টেম্পারিং নিয়ে। ছবি: প্রথম আলো
>
  • অস্ট্রেলিয়া দলের আলোচিত বল টেম্পারিংয়ের ঘটনা আলোড়িত করেছে বাংলাদেশ ক্রিকেটকেও।
  •  আজ এ নিয়ে কথা বলেছেন আকরাম খান, খালেদ মাহমুদ ও হাবিবুল বাশারের মতো সাবেক ক্রিকেটাররা।
  •  মাহমুদ জানালেন, ঢাকা লিগে পাকিস্তানি বোলারদের বল টেম্পারিংয়ের ঘটনা আছে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রদর্শনী ম্যাচে ঘুরেফিরে এল অস্ট্রেলিয়া দলের বল বিকৃতির ঘটনা। খেলার ফাঁকে বল টেম্পারিং নিয়ে কথা বলতে হলো আকরাম খান, খালেদ মাহমুদ ও হাবিবুল বাশারকে। বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটারদের অভিন্ন দাবি, বল বিকৃতির চর্চা নেই বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে।
বাংলাদেশের খেলোয়াড়েরা বল টেম্পারিং না করলেও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে এটির চর্চা যে একেবারে নেই, সেটি জোর দিয়ে বলার উপায় নেই। সাবেক অধিনায়ক ও বর্তমানে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ জানালেন, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে টেম্পারিংয়ের যে ঘটনা আছে, সেগুলোর বেশির ভাগই পাকিস্তানি ক্রিকেটারদের হাত ধরে, ‘বাংলাদেশে পাকিস্তানি অনেক খেলোয়াড় লিগে খেলতে আসত। ঢাকা লিগে এটা হতো। অনেক অভিযোগ ছিল এ নিয়ে। ইতিহাস ঘেঁটে দেখলে দেখবেন, কোনো বোলার প্রথম ৫ ওভারে ৪০ রান দিত, পরে ৫ রানে ৫ উইকেট নিয়ে নিত। রিভার্স সুইং হতো এ কারণে। পাকিস্তানিরা যখনই আসত, এটা হতো।’ মাহমুদের ধারণা, বল টেম্পারিংয়ের চর্চা থাকতে পারে বিপিএলেও, ‘বিপিএলে কিছু ক্ষেত্রে হচ্ছে না যে তা নয়। হয়তো আমরা বুঝতে পারি না। যারা করে, তারা অনেক কৌশলে করে, অনেক পন্থা অবলম্বন করে। এটা বৈধ নয়। কিন্তু অনেক কিংবদন্তি খেলোয়াড়ও এটা করেছেন, কাজেই এটাকে এখন খেলার অংশই বলতে হবে।’
হাবিবুলের ভাবনা অবশ্য ভিন্ন। অনেক সাবেক ক্রিকেটার যে বল টেম্পারিংকে বৈধতা দেওয়ার ব্যাপারে কথা বলেন, এটিতে একমত নন বাংলাদেশ দলের এ সাবেক অধিনায়ক, ‘বলের আকৃতি বদলানো বা সিরিশ কাগজ ব্যবহার করে ঔজ্জ্বল্য নষ্ট করা—এগুলো আমি কখনই সমর্থন করি না।’ ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে কখনো বল বিকৃতির ঘটনা দেখেছেন কি না, এ প্রশ্নে হাবিবুল জানালেন, একবার ভেসলিন ব্যবহার করে বলের ঔজ্জ্বল্য বাড়াতে তিনি দেখেছেন। তবে আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়েরা কখনো এটা করেছেন কি না, সেটির উত্তরে হাবিবুল বললেন, ‘টেম্পারিং আসলে একটি শৈল্পিক অপরাধ। আমাদের ছেলেরা ওই পথে কখনো হাঁটেনি।’
আকরামের কণ্ঠেও একই কথার প্রতিধ্বনি, এ ‘শিল্পে’র কোনো শিল্পীকে তিনি বাংলাদেশ ক্রিকেটে দেখেননি, ‘বাজে কিছু করে ম্যাচ জেতার মনোভাব আমাদের খেলোয়াড়দের মধ্যে নেই। এটা থাকবে না বলেই আমার বিশ্বাস। ঘরোয়া ক্রিকেটে এখনো পর্যন্ত এ রকম কোনো বিষয় আসেনি।’