ঢাকা লিগে ভারতীয় ব্যাটসম্যানদের দিন

>
- ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের প্রথম দিনে জয় পেয়েছে আবাহনী, প্রাইম দোলেশ্বর ও শেখ জামাল ধানমন্ডি।
- তিন ম্যাচের দুটিতেই ম্যাচসেরা হয়েছেন দুই ভারতীয় ব্যাটসম্যান।
প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে নেমেছেন হানুমা বিহারি। নেমেই বাজিমাত! মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিহারির সেঞ্চুরিতে ৭৩ রানের জয় দিয়ে সুপার লিগ শুরু করেছে মাশরাফি বিন মুর্তজার আবাহনী। আরেক ভারতীয় ব্যাটসম্যান উন্মুক্ত চাঁদের সেঞ্চুরিতে বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৭ উইকেটে হারিয়েছে শেখ জামাল। ফতুল্লাতেও দেখা গেছে ভারতীয় ব্যাটসম্যানদের দাপট। ঢাকা প্রিমিয়ার লিগে আজকের দিনটা যেন ভারতীয় ব্যাটসম্যানদের।
মিরপুরে টস জিতে আবাহনীকে ব্যাটিং করতে পাঠায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। ২৫.৫ ওভারে ৯১ রানে ৪ উইকেট হারিয়ে বেশ বিপাকেই পড়ে আবাহনী। কিন্তু বোলিংয়ের এই ছন্দটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি গাজী গ্রুপ। বিহারি-মোহাম্মদ মিঠুনের পঞ্চম উইকেটে ১৩৬ রানের জুটি আবাহনীকে পথ দেখায়। মেহেদী হাসানের ফিরতি ক্যাচ হওয়ার আগে বিহারি পেয়ে যান সেঞ্চুরির দেখা। মিঠুন অপরাজিত ছিলেন ৭২ রানে।
বিহারি-মিঠুনের দ্যুতিময় ব্যাটিং আবাহনীকে বড় স্কোরের আশা দিলেও সেটি সম্ভব হয়েছে শেষ দিকে মোসাদ্দেক হোসেনের ঝোড়ো ব্যাটিংয়ে। নাঈম হাসানের করা ৫০তম ওভারের শেষ চার বলেই ২২ রান তুলেছেন মোসাদ্দেক।
আবাহনীর দেওয়া ২৭৯ রান তাড়া করতে নেমে ২৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে গাজী গ্রুপ। বর্তমান চ্যাম্পিয়নদের বড় ভরসা মুমিনুল হকের ব্যাট থেকে অনেক দিন হলো বড় ইনিংস দেখা যাচ্ছে না। আজ জ্বলে ওঠার ইঙ্গিত দিয়েও হয়নি, ফিরেছেন ৪৬ রানে। গাজী গ্রুপের ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যান অনুস্তাপ মজুমদারের ৬৪ রান শুধু হারের ব্যবধানই কমিয়েছে। ৪৮ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারিয়ে ৪৩ ওভারে গাজী অলআউট ২০৫ রানে।
ফতুল্লায় সুপার লিগের আরেক ম্যাচে প্রাইম দোলেশ্বরকে ২৫৯ রানের লক্ষ্য দেয় খেলাঘর সমাজকল্যাণ সমিতি। দুর্দান্ত ছন্দে থাকা খেলাঘরের ভারতীয় ব্যাটসম্যান অশোক মেনারিয়া ফিফটির দেখা পেয়েছেন আজও। এ নিয়ে টানা চার ফিফটি হলো তাঁর। লিগে ১২ ম্যাচে ৭ ফিফটি ও ১ সেঞ্চুরিতে ৬২৪ রান করে আছেন সবার ওপরে। দোলেশ্বরের আরাফাত সানি ৪৫ রানে পেয়েছেন ৫ উইকেট। ১০৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেললেও ফরহাদ রেজার অপরাজিত ৬৮ রানের সৌজন্যে ম্যাচটা ৩ উইকেটে জিতে যায় দোলেশ্বর।
বিকেএসপিতে সুপার লিগের অন্য ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের দেওয়া ২৬১ রানের লক্ষ্য শেখ জামাল ধানমন্ডি ক্লাব অনায়াসে টপকেছে আরেক ভারতীয় ব্যাটসম্যান উন্মুক্ত চাঁদের সেঞ্চুরিতে। পারভেজ রসুলের বলে আউট হওয়ার আগে উন্মুক্ত করেন ১২৭ রান। তানভীর হায়দার অপরাজিত ছিলেন ৬৬ রানে।