ঢাকা স্টেডিয়াম ছেড়ে ইন্টেল-আইবিএম-স্যানডিস্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নজরুল কাদের ক্রিকেটেই গড়তে পারতেন ক্যারিয়ার। কিন্তু মনোযোগ দিয়েছিলেন পড়াশোনায়। ছবি: সংগৃহীত
নজরুল কাদের ক্রিকেটেই গড়তে পারতেন ক্যারিয়ার। কিন্তু মনোযোগ দিয়েছিলেন পড়াশোনায়। ছবি: সংগৃহীত
>বেশি দিন খেলেননি নজরুল কাদের লিন্টু। কিন্তু তাতেই পরিচিত দেশের ইতিহাসের অন্যতম সেরা স্পিনার হিসেবে। ‘চায়নাম্যান’ এই বোলার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যার মেধাবী ছাত্র। ১৯৭৯ সালে পড়তে চলে যান বিদেশে। ইতি ঘটে তাঁর ক্রিকেট জীবনের

ক্রিকেট কোচ ও লিখিয়ে জালাল আহমেদ চৌধুরী একবার দেশের ক্রিকেটের সর্বকালের একটা সেরা একাদশ বানিয়েছিলেন। সেখানে একটি নাম দেখে চমকে উঠেছিলেন সবাই—নজরুল কাদের লিন্টু। সত্তরের দশকে খুব অল্প সময়ের জন্য খেলেছিলেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে। বাঁ হাতি চায়নাম্যান বোলার। ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিষয়ের মেধাবী ছাত্র। মাত্র ২১ বছর বয়সে উচ্চ শিক্ষার জন্য চলে যান যুক্তরাষ্ট্রে। ক্রিকেটের সঙ্গে সম্পর্ক সেখানেই শেষ। এরপরেও দেশের ক্রিকেটের সর্বকালের সেরা একাদশে তাঁকে কী ভেবে রেখেছিলেন জালাল আহমেদ চৌধুরী!


চশমা পরে খেলতেন তিনি। সত্তরের দশকের মাঝামাঝি সময়ে শুরু ইয়াং পেগাসাসের হয়ে। তাঁর বোলিং-কারিশমা অল্প দিনের মধ্যেই তাঁকে স্থান করে দেয় জাতীয় দলে। দেশের ক্রিকেটের তখন হাঁটি হাঁটি পা পা অবস্থা। খেলেছেন এমসিসি, শ্রীলঙ্কা জাতীয় দল আর ভারতের ডেকান ব্লুজ দলের বিপক্ষে। ১৯৭৯ সালে প্রথমবারের মতো আইসিসি ট্রফি খেলতে ইংল্যান্ড গেল জাতীয় দল, কিন্তু যোগ্য পারফরমার হয়েও নজরুল কাদের সে দলে সুযোগ পেলেন না। এরপরই ক্রিকেট জীবনের ইতি।

চলে গেলেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত এমআইটি (ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি)তে। সারা বিশ্বের সেরা সব ছাত্রদের প্রতিষ্ঠান। সেখানে দুই বিষয়ে মেজর—নিজের পদার্থবিদ্যা তো ছিলই, পাশাপাশি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটাও পড়ে ফেলেন। এরপর পিএইচডি। দেশের ক্রিকেট ইতিহাসে এখনো পর্যন্ত একমাত্র ‘চায়নাম্যান’ বোলার এখন পুরোদস্তুর পেশাদার। কিন্তু ক্রিকেট ছাড়ার ৪১ বছর পরেও দেশের ক্রিকেট তাঁকে ভুলতে পারেনি। বাংলাদেশ আজ পৃথিবীর অন্যতম টেস্ট খেলুড়ে দেশ। দেশের ক্রিকেটে তারার ছড়াছড়ি, আছে অর্থ ও গ্ল্যামার। এখনো দেশের ক্রিকেটের সর্বকালের সেরা একাদশে অনায়াসেই চলে আসে চশমা পড়া নজরুল কাদের লিন্টুর নাম। এ এক অবাক করা ঘটনাই।

যে খেলোয়াড়টির আজ এত বছর পরেও দেশের ক্রিকেটের সর্বকালের সেরা একাদশে সহজেই সুযোগ মিলে যায়, তিনিই কেন খেলতে পারলেন না আইসিসি ট্রফিতে! ব্যাপারটি নজরুল কাদের নিজেই ব্যাখ্যা করেছেন সম্প্রতি দেশের এক শীর্ষ দৈনিকে প্রকাশিত সাক্ষাৎকারে, ‘সেবার (১৯৭৯ সালে) আইসিসি ট্রফির ক্যাম্প হয় নেভাল হেড কোয়ার্টারে। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানে পড়ি। সেমিস্টার সিস্টেমে পড়াশোনার ভীষণ চাপ। অবস্থা এমন যে ঢাকার বাইরে খেলতে গেলে বইপত্র সঙ্গে নিয়ে যাই। রাতে পড়াশোনা করে ক্লাসের ঘাটতি পুষিয়ে দেওয়া আর কি! আইসিসি ট্রফির প্রস্তুতি ক্যাম্পে নেভাল হেডকোয়ার্টারে দুই মাস থাকতে হলে পড়াশোনায় অনেক পিছিয়ে যাব। আমি যে ক্যাম্পে থাকতে পারব না, সেটা বোর্ডকে আগেই বলে রেখেছিলাম। অনুমতিও পেয়েছিলাম।, তবে প্রস্তুতি ম্যাচগুলো আমি খেলেছি। ভালো বোলিংও করেছি। তবুও আইসিসি ট্রফির স্কোয়াডে আমাকে রাখা হয়নি।’

তাঁর বাদ পড়া যে সুবিচার প্রসূত ছিল না নজরুল সেটিও বলেছেন সেই সাক্ষাৎকারে, ‘সবাই ক্যাম্প করেছে, লিন্টু করেনি, আমাকে এই দৃষ্টিকোণ থেকে না নেওয়াটা ছিল ফেয়ার। তাতে আমার আপত্তি ছিল না। কিন্তু আমি বাদ পড়েছি অন্য কারণে। বোর্ডের কিছু কর্মকর্তা, কিছু নির্বাচক, দলের কিছু খেলোয়াড়ের পলিটিকসের কারণেই আমি বাদ পড়েছিলাম। সেটি কিছুতেই ফেয়ার ছিল না।’

আইসিসি ট্রফি থেকে বাদ পড়ার কারণেই যে নজরুল দেশ ছেড়েছিলেন ব্যাপারটা এমন নয়। পড়াশোনার প্রতি তীব্র আকর্ষণ সব সময়ই ছিল। ক্যারিয়ারের লক্ষ্যও ছিল পড়াশোনা-কেন্দ্রিকই। উচ্চ শিক্ষায় শিক্ষিত হবেন। গবেষণা বা এ জাতীয় বড় কোনো কাজে নিজেকে নিয়োজিত করবেন—ইচ্ছাটা ছিল এমনই। সে কারণেই এমআইটির মতো প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগটা আগেই করে রেখেছিলেন। সেখান থেকে ভর্তির চিঠি চলে আসার পর আর অপেক্ষা করেননি। চলে যান নিজের স্বপ্ন পূরণে।

পেশাগত জীবনে কাজ করেছেন ইন্টেল করপোরেশনে। এরপর পিএইচডি করেন। ১৯৯৩ সালে তা শেষ করে কাজ শুরু করেন আইবিএম-এ। ১৯৯৫ সাল পর্যন্ত বিখ্যাত এ কোম্পানিতে কাজ করে যোগ দেন স্যানডিস্কে। ফ্ল্যাশ মেমোরি কার্ডের উদ্ভাবক এই স্যানডিস্ক। সেখানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন নজরুল কাদের। ১৮ বছর স্যানডিস্কে কাজ করে যোগ দেন এক কোরিয়ান কোম্পানিতে। ২০১৪ সাল থেকে একজন স্বাধীন কনসালট্যান্ট হিসেবে কাজ করে যাচ্ছেন। দেশের ক্রিকেটের খবর রাখেন নিয়মিতই। গর্ববোধ করেন ক্রিকেটটা যেখানে রেখে এসেছিলেন, তার থেকে অনেকটা পথ এগিয়ে গেছে বলে।