ঢাকাকে কাঁদালেন হাসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিয়ার-সেরা বোলিংয়ে ঢাকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছেন হাসান আলী। ছবি: প্রথম আলো
ক্যারিয়ার-সেরা বোলিংয়ে ঢাকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছেন হাসান আলী। ছবি: প্রথম আলো

সদ্যই ৫০ ওভারের খেলায় আইসিসি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেছেন তিনি। একজন ফাস্ট বোলারের জন্য এর চেয়ে ভালো ম্যাচ কী হতে পারত? চার ওভারের কোটা পূর্ণ করতে হয়নি। ১৩তম ওভারে ৩ উইকেটে ১০৪ রান তুলে ফেলা ঢাকা ডায়নামাইটসকে একাই ধসিয়ে দিয়েছেন হাসান আলী। ২০ রানে ৫ উইকেট নিয়েছেন এই পাকিস্তানি পেসার।

অথচ সুনীল নারাইন আর কুমার সাঙ্গাকারার ব্যাটে ম্যাচ থেকে প্রায় ছিটকে গিয়েছিল কুমিল্লা। সাঙ্গাকারা আউট হওয়ার পরও পোলার্ড, সাকিব, মোসাদ্দেকের মতো ব্যাটসম্যানরা তো ছিলেনই। কিন্তু স্টাম্প উপড়ে ফেলার নেশায় পেয়ে বসল হাসানকে। পাঁচ উইকেটের পাঁচটাই বোল্ড। একের পর এক স্টাম্প ভেঙেছেন, আর প্রতিবারই দুহাত উঁচিয়ে চিরাচরিত উদ্‌যাপন। শেষ উইকেট পাওয়ার পর মাঠেই সেজদা করলেন। টি-টোয়েন্টির ক্যারিয়ারের সেরা বোলিংয়ে কুমিল্লার হাতের মুঠোয় ম্যাচ পৌঁছে দিয়েছেন।

শোয়েব মালিকের হাফ সেঞ্চুরিতে কুমিল্লার রান তাড়াটা খুব একটা কঠিন হয়নি। কিন্তু জয়ের ভিত্তি তো গড়ে দিয়েছেন হাসানই। তাই ম্যাচ শেষে সেরা খেলোয়াড় বাছতে ভাবতে হয়নি নির্বাচকদের।