ঢাকাকে হারিয়ে উজ্জ্বল রংপুর
লিগ পর্বের শেষ ধাপে এসে পা হড়কালেই সর্বনাশ! অঙ্কের হিসাবে সব দলেরই সামনে যে শেষ চারে যাওয়ার হাতছানি। পয়েন্ট টেবিলে এই যখন অবস্থা, কাল রংপুর রাইডার্সের বিপক্ষে ৬ উইকেটে হেরে নিজেদের সমীকরণটা বেশ কঠিন করে ফেলল ঢাকা ডায়নামাইটস।
ঢাকার এই হারের ময়নাতদন্তে বেরিয়ে আসবে তিনটি কারণ—বাজে ফিল্ডিং, অতিরিক্ত রান আর তিনটি রানআউট। মিস ফিল্ডিংয়ে সোহেল খান একাই উপহার দিলেন দুটি চার! বাউন্ডারি হলো মুস্তাফিজুর রহমানের হাত গলে। রংপুর অতিরিক্ত পেল ২৩ রান। ঢাকার বোলাররা ওয়াইড দিলেন ৮টি, লেগ বাই থেকে হলো ১৫।
তবে রংপুরের জয়ে বেশ উজ্জ্বল জহুরুল ইসলামের নাম। দলীয় ৭৪ রানে সাকিব আল হাসান ফিরে যাওয়ার পর খানিক চাপেই পড়েছিল রংপুর। চাপটা আলগা করে দিলেন জহুরুল। খেললেন ২৬ বলে ৩৫ রানের দারুণ এক ইনিংস। ১৩৬ তাড়া করতে গিয়ে ভালো শুরু এনে দিয়েছিলেন সৌম্য সরকার-লেন্ডল সিমন্স। উদ্বোধনী জুটিতে আসে ৩৮। তবে রংপুরের জয়ে বড় ভূমিকা জহুরুল-ড্যারেন স্যামির ৪৫ রানের চতুর্থ উইকেট জুটির।
ঢাকার ‘রানআউট পর্ব’ শুরু ওপেনার সাদমান ইসলামকে দিয়ে। এ পর্বে যোগ দেন ঢাকা অধিনায়ক সাঙ্গাকারাও। তবে মোসাদ্দেক হোসেনের রানআউটটি আসলে শিশুতোষ ভুলের কারণে। বল ছিল ওয়াইড। উইকেটরক্ষকের হাতে বল থাকার পরও দৌড় শুরু করে রানআউট!
৩৯ রানে ৩ উইকেট হারিয়েও নাসিরকে নিয়ে চতুর্থ উইকেটে যেভাবে এগোচ্ছিলেন সাঙ্গা, ২০ ওভার শেষে সংগ্রহটা বড়ই হতে পারত। সাকিব আল হাসানের সরাসরি থ্রোতে ২৯ রানেই থামতে হয় লঙ্কান কিংবদন্তিকে। সাঙ্গাকারা-নাসিরের চতুর্থ উইকেটে ৪৫ রানই ঢাকার উল্লেখযোগ্য দিক। সাঙ্গার বিদায়ের খানিক পরে ড্রেসিংরুমে ফেরেন নাসিরও। ঢাকার স্থানীয় ‘আইকন’ দলের পক্ষে করেছেন সর্বোচ্চ ৩০ রান।
নাসিরের রানআউট হাতছাড়া করায় অধিনায়ক সাকিবের বকুনি খেয়েছেন শর্টফাইন লেগে ফিল্ডিং করা আরাফাত সানি। অবশ্য ২৯ রানে ২ উইকেট নিয়ে কাল রংপুরের বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল সানিই। ১৬ রানে ১ উইকেটে ঢাকাকে চাপে রেখেছিলেন সাকিবও।
এ জয়ে রংপুরের (১০ পয়েন্ট) শেষ চারের সম্ভাবনা আরেকটু উজ্জ্বল হলো, যদিও ঢাকার (৬) সম্ভাবনাও একেবারে মলিন নয়। হাতে আছে ৩ ম্যাচ। তবে ঢাকার ওপর চাপটা আরও বাড়ল।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১৩৫/৭ (নাসির ৩০, সাঙ্গাকারা ২৯, সৈকত ১৮; আরাফাত ২/২৯, সাকিব ১/১৬, স্যামি ১/১৮)। রংপুর রাইডার্স: ১৮.২ ওভারে ১৩৬/৪ (জহুরুল ৩৫*, স্যামি ২৩, সৌম্য ২১, সিমন্স ১৮; হাসান ২/২৫, মুস্তাফিজ ১/৫, ইরফান ১/২২)।
ফল: রংপুর ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: জহুরুল ইসলাম।