ঢাকায় আসছেন প্রত্যয়ী আজহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বিপক্ষে জয় বলতে ওই একটি—১৯৯৯ বিশ্বকাপে নর্দাম্পটনে। এরপর টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি মিলিয়ে টানা ৪০ ম্যাচে হেরেছে বাংলাদেশ। তবে এবার দীর্ঘ জয়-খরা কাটিয়ে ওয়ানডে সিরিজ জয়ের একটা সম্ভাবনা জেগেছে বাংলাদেশের সামনে। এই চাওয়ার পালে হাওয়া দিচ্ছে মিসবাহ-উল-হক, ইউনিস খান, শহীদ আফ্রিদির মতো পরীক্ষিত সিনিয়রদের পাকিস্তান ওয়ানডে দলে না থাকাটা। তবে পাকিস্তানের নতুন অধিনায়ক আজহার আলীর বিশ্বাস, তাঁর দলই সিরিজ জিতবে। প্রয়োজন শুধু ইতিবাচক মানসিকতা, ‘বাংলাদেশকে হারাতে হলে ইতিবাচক মনোভাব নিয়ে খেলতে হবে আমাদের।’
২০১৫ বিশ্বকাপটা ভালো কেটেছে বাংলাদেশ দলের। ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারিয়ে খেলেছে কোয়ার্টার ফাইনালে। প্রতিপক্ষ দলের সাম্প্রতিক এই পারফরম্যান্সকে সমীহ করছেন আজহার। গতকাল লাহোরে সংবাদমাধ্যমের কাছে আসন্ন সফরে প্রতিপক্ষ বাংলাদেশ প্রসঙ্গে বললেন, ‘তারা অনেক উন্নতি করা একটা দল। নিজেদের কন্ডিশনে কঠিন প্রতিপক্ষ। কাজেই তাদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ দেখছি না।’
মিসবাহ-ইউনিস-আফ্রিদিদের অনুপস্থিতিতে দলে জায়গা পাওয়া তরুণদের ওপরও আস্থা রাখছেন আজহার। বলছেন, সময়ের সঙ্গে এগিয়ে যাবে তাঁর দলও, ‘দুই দলের লড়াইয়ে আমাদের ছেলেরা ভালো করবে বলেই আমার বিশ্বাস। জানি, ক্রিকেট এখন অনেক বদলে গেছে। ইতিবাচক খেলে আমাদের এগিয়ে যেতে হবে। রাতারাতি বড় পরিবর্তন সম্ভব নয়। ধীরে ধীরে পরিবর্তনটা আনতে হবে।’
তিন ওয়ানডে, ১টি টি-টোয়েন্টি এবং ২টি টেস্ট খেলার জন্য আগামীকাল ঢাকায় আসবে পাকিস্তান ক্রিকেট দল। ১৭ এপ্রিল শুরু ওয়ানডে সিরিজে দলের কাছে নিজের চাওয়াটাও পরিষ্কার পাকিস্তানের অধিনায়ক, ‘প্রত্যেকেরই দলে আলাদা একটা ভূমিকা আছে। তবে হ্যাঁ, বোলাররা বিশ্বকাপে ভালো করেছে। তাই তাদের ওপর নির্ভর করতে যাচ্ছি আমরা। তবে ব্যাটসম্যানদেরও দায়িত্ব নিতে হবে। দলে যারা এসেছে...ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে উঠে এসেছে। ফর্মেও আছে তারা। কাজেই আমার মনে হয় না কোনো সমস্যা হবে এবং আশা করি ব্যাটিংয়ে অনেক উন্নত দলকেই দেখা যাবে সিরিজে।’
মাত্র ১৪ ম্যাচের ক্যারিয়ার নিয়েই ওয়ানডে অধিনায়ক হয়েছেন আজহার। অধিনায়কত্ব তাঁর কাছে, ‘একটা চ্যালেঞ্জ।’ এখানে পূর্বসূরি মিসবাহ-ই প্রেরণা, ‘দলের একজন সদস্য হিসেবে মিসবাহর মধ্যে অনেক ভালো গুণ দেখেছি আমি। দেখেছি কীভাবে কঠিন পরিস্থিতি সামলেছেন। এটা অনেক কাজে আসবে আমার।’ ক্রিকইনফো, এএফপি।