ঢাকার উইকেট তো এমনই

থিলান সামারাবীরার দিকে ছুটে গেল প্রশ্নটা—টেস্টের প্রথম দিন শেষে কারা এগিয়ে? বাংলাদেশ না শ্রীলঙ্কা। লঙ্কান ব্যাটিং কোচের উত্তরটা অবশ্য সাদামাটাই হলো। খেলোয়াড়ি জীবনে বোলারকে যেভাবে দেখেশুনে খেলতেন—অনেকটা তেমন উত্তর। জানালেন, এই টেস্টে কে এগিয়ে আছে, কে পিছিয়ে আছে, এটা বলার সময় এখনো আসেনি।
প্রথম দিনে ২২২ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশের শুরুটা হয়েছে যাচ্ছেতাই। ৪ উইকেটে ৫৬ রান নিয়ে দিন শেষ করে এখনো ১৬৬ রানে পিছিয়ে তারা। হাতে ৬ উইকেট নিয়ে কালকের কঠিন দিনটির কথা মনে করে বাংলাদেশকে কিছুটা ব্যাকফুটেই মনে হচ্ছে। সামারাবীরা অবশ্য অন্যভাবেই দেখছেন পুরো পরিস্থিতিকে, ‘আমি মনে করি, খেলাটা এখনো সমান-সমান অবস্থায় আছে। আমাদের এখনো আরও ৬ উইকেট নিতে হবে। আরও একটা ইনিংস আমাদের ব্যাটিং করতে হবে। বাংলাদেশকে আরও একবার অলআউট করতে হবে। আমি মনে করি, আমরা ৩০ রান কম করেছি। সাধারণত ঢাকার উইকেটে ২৪০, ২৫০ ভালো স্কোর। তবে দিনের শেষে আমরা ৪ উইকেট তুলে নিয়েছি। চারজনই টপ অর্ডারের ব্যাটসম্যান। খেলা এখনো সমান-সমান অবস্থায় আছে।’
উইকেট কি ব্যাটিংয়ের জন্য খুব কঠিন ছিল? সামারাবীরার মতে, ‘ঢাকার উইকেট এমনই। অস্ট্রেলিয়া এই উইকেটেই খেলেছিল। আমরাও সেই উইকেটেই খেলছি। এটাকে খুব কঠিন উইকেট বা খেলার অনুপযোগী উইকেট বলা যাবে না। চট্টগ্রামের সঙ্গে তুলনা করলে দুই জায়গার মধ্যে চরম বৈপরীত্য আছে। তবে টেস্ট ক্রিকেট যেভাবে জনপ্রিয়তা হারাচ্ছে, তাতে এটিকে আকর্ষণীয় করতে ফল-নির্ভর উইকেট তৈরি করতে হবে। আমি চট্টগ্রামের উইকেটের চেয়ে ঢাকার উইকেট নিয়ে বেশি খুশি।’