ঢাকার ওই সেশনই তাড়িয়ে বেড়াচ্ছে ইংল্যান্ডকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বিপক্ষে ভালো কিছু করতে পারবে ইংল্যান্ড দল? ছবি: প্রথম আলো।
ভারতের বিপক্ষে ভালো কিছু করতে পারবে ইংল্যান্ড দল? ছবি: প্রথম আলো।

ইংল্যান্ডকে তাড়িয়ে বেড়াচ্ছে ঢাকা টেস্টের ওই সেশনটিই। বাংলাদেশের বেঁধে দেওয়া ২৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বেশ দ্রুতই বিনা উইকেটে ১০০ তুলে ফেলার পর হঠাৎই পথ হারানো। চা বিরতি থেকে ফেরার পর ৬৪ রানেই নেই ১০ উইকেট! ভাবা যায়! চট্টগ্রামের প্রথম টেস্ট কোনোক্রমে জিতলেও ঢাকায় দ্বিতীয় টেস্টে বাংলাদেশের কাছে হেরেই গেল পরাক্রমশালী ইংল্যান্ড দল। ভারতের বিপক্ষে কাল থেকে টেস্ট সিরিজ শুরুর আগে ৬৪ রানে ১০ উইকেট হারানোর সেশনটিই সবচেয়ে বেশি ভাবাচ্ছে অ্যালিস্টার কুকের দলকে।
অভাবনীয় এই বিপর্যয়কে খুবই বাজে এক অভিজ্ঞতা বলছেন ইংলিশ ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড। চট্টগ্রাম টেস্টে নিজের ৯৯তম টেস্ট ম্যাচটি খেলে ঢাকায় শততম টেস্ট খেলা হয়নি তাঁর। বিশ্রামে রেখেছিল তাঁকে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। ড্রেসিংরুমে বসে দলের বিধ্বস্ত হওয়ার সাক্ষী হয়েছেন তিনি। ঢাকার ওই সেশনটা কিছুতেই ভুলতে পারছেন না তিনি, ‘খুব কঠিন অভিজ্ঞতা ছিল ওটা আমাদের। এক সেশনে ১০ উইকেট হারানোর ওই অভিজ্ঞতা। এরপর ভারতে এসে যখন জানলাম আমরা কোনো প্রস্তুতি ম্যাচ খেলছি না, তখন আত্মবিশ্বাসে কিছুটা হলেও ধাক্কা লেগেছিল। ভারতে টেস্ট সিরিজের আগে অনুশীলন সেশন পুরোটাই নেট অনুশীলন নির্ভর। এটি এক দিক দিয়ে ভালোই। ব্যাটসম্যানরা অনেক বেশি সময় ধরে কোচের কাছাকাছি থেকে নিজেদের ভুল-ত্রুটিগুলো শুধরে নিতে পারছে। স্পিন কোচ সাকলায়েন মুশতাকের সঙ্গেও স্পিন বোলিং খেলার কায়দা নিয়ে তারা বেশি সময় ধরে কথা বলতে পারছে।’
ভারতের মাটিতে খেলাটা সব সময়ই কঠিন হিসেবে মানেন ব্রড, তবে তিনি রোমাঞ্চিত নিজের শততম টেস্ট নিয়ে, ‘ভারতে খেলা সব সময়ই কঠিন। তবে এটা বলতে পারি শততম টেস্ট খেলার জন্য এর চেয়ে ভালো মঞ্চ আর হতে পারে না। বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে ৫ টেস্টের সিরিজ অনেক গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের হয়ে আমার আগে যাঁরা এক শ টেস্ট খেলেছেন, সকলের জন্য আমার গর্ব হয়। আরও গর্ব হয় এই বিশেষ দলটিতে নাম লেখাতে পেরে।’
ভারতকে শেষ তিনটি টেস্টে হারালেও নিজেদের ‘আন্ডারডগ’ ভাবতে আপত্তি নেই ব্রডের। একটু এগিয়ে থেকেই বরং ব্রড নিজেদের গায়ে ‘ম্যাসিভ আন্ডারডগে’র তকমা এঁটে নিচ্ছেন, ‘কোনো সন্দেহ নেই এই সিরিজে আমরা “ম্যাসিভ আন্ডারডগ।” এই সিরিজে আমাদের কী প্রত্যাশা হওয়া উচিত এটি নিয়েও আমি ঠিক নিশ্চিত নই।’ সূত্র: এনডিটিভি।