ঢাকার ঘটনায় উদ্বিগ্ন ইংলিশ অধিনায়ক

ঢাকার রেস্তোরাঁয় নৃশংস ও ঘৃণ্য সন্ত্রাসী হামলার পর থেকেই অক্টোবরে ইংল্যান্ডের বাংলাদেশ সফরের পাশে বসে গেছে প্রশ্নচিহ্ন। দুই দিন আগেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) এক মুখপাত্র এ ঘটনায় নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন। এবার উদ্বেগ প্রকাশ করলেন ইংল্যান্ড দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক এউইন মরগানও।
গত শুক্রবার ঢাকায় সন্ত্রাসী হামলার পর ইসিবির এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, নিরাপত্তাব্যবস্থার নিবিড় পর্যবেক্ষণ সাপেক্ষেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মরগানও বিষয়টি ইসিবির ওপর ছেড়ে দিচ্ছেন, ‘এ মুহূর্তে এটা বিরাট চিন্তার বিষয়। বড় সিদ্ধান্ত আমরা সব সময় ইসিবির ওপর ছেড়ে দিই। তারা প্রতিবেদন লেখে, পর্যবেক্ষণ করতে মানুষ পাঠায়। যদি নিরাপদ হয়, তবে সেখানে যেতে ইচ্ছুক নাকি অনিচ্ছুক, জানতে চাওয়া হয় খেলোয়াড়দের কাছে। তবে অবশ্যই এই মুহূর্তে এটা চিন্তার বিষয়।’
নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক না হলে সিরিজটি যদি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হয় খেলবে ইংল্যান্ড? মরগানের কূটনৈতিক উত্তর, ‘যদি পরিস্থিতি সে রকম হয়, তাহলে হতে পারে।’ সূত্র : ইএসপিএনক্রিকইনফো।