ঢাকায় আরও পাঁচ প্রোটিয়া

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়ে যাচ্ছে আজই। আগামী শুক্রবার থেকে শুরু বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় পর্বের—আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেটা সামনে রেখেই গতকাল ঢাকায় পৌঁছালেন দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে থাকা ৫ খেলোয়াড়—হাশিম আমলা, ফারহান বেহারডিন, মরনে মরকেল, ইমরান তাহির ও রায়ান ম্যাকলারেন।
কাল বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই সরাসরি হোটেল সোনারগাঁওয়ে চলে যান পাঁচ প্রোটিয়া খেলোয়াড়। টি-টোয়েন্টি দলের অংশ হিসেবে আগেই ঢাকায় চলে এসেছিলেন ওয়ানডে দলের অধিকাংশ খেলোয়াড়। কাল এলেন বাকি পাঁচজন। দক্ষিণ আফ্রিকার এই ওয়ানডে দলটিকে প্রায় সর্বশেষ বিশ্বকাপের দলই বলা চলে। শুধু এই ওয়ানডে সিরিজে খেলছেন না ডেল স্টেইন ও ভারনন ফিল্যান্ডার। টি-টোয়েন্টি সিরিজ শেষে আজ রাতেই দক্ষিণ আফ্রিকায় ফিরে যাওয়ার কথা ডেভিড ভিসে, এডি লেই, বিউরান হেনড্রিকসের।
১০ ও ১২ জুলাই ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ১৫ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।