ঢাকায় ইসিবির প্রতিনিধিদল
কাল সকালে ঢাকায় এসে ব্যস্ত দিনই কাটিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) তিন সদস্যের প্রতিনিধিদল। তিন দিনের সফরের প্রথম দিনেই প্রতিনিধিদলটি সাক্ষাৎ করেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ান দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর সামনে রেখেই নিরাপত্তা ও সফর-সংশ্লিষ্ট অন্যান্য বিষয় পর্যবেক্ষণ করতে এই সফর।
প্রতিনিধিদলে আছেন ইসিবির নিরাপত্তা পরামর্শক সাবেক পুলিশ কর্মকর্তা রেগ ডিকাসন, পেশাদার ক্রিকেটারদের সংগঠনের প্রধান নির্বাহী ডেভিড ল্যাথারডেল ও ইসিবির ক্রিকেট পরিচালনা পরিচালক জন কার। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা তাঁদের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও ফতুল্লা স্টেডিয়াম দেখে কাল তাঁরা যাবেন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও হোটেল দেখতে। প্রতিনিধিদল বাংলাদেশ ছাড়বে ২০ আগস্ট।
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজানের ঘটনার পর ইসিবির প্রতিনিধিদলের এই সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে। দেশে ফিরে ইসিবিকে তাঁরা প্রতিবেদন দেবেন। ইংল্যান্ড দলের বাংলাদেশে আসাটা অনেকাংশেই নির্ভর করছে তাঁদের মতামতের ওপর। সফরে ঢাকা ও চট্টগ্রামে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার কথা ইংলিশদের।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী অবশ্য ইসিবির প্রতিনিধিদলের সফরকে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকেই দেখছেন, ‘রুটিন ওয়ার্ক হিসেবে বাংলাদেশ সফরে এসেছে ইংল্যান্ডের পর্যবেক্ষক দল। ইংল্যান্ড দল যেখানে খেলবে, সেসব জায়গা তাঁরা পরিদর্শন করবেন। হোটেল ও অনুশীলন-সুবিধাগুলোও দেখবেন। এ ছাড়া আমাদের পক্ষ থেকে যে নিরাপত্তা ও মেডিকেল পরিকল্পনা দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন।’ প্রধান নির্বাহী জানিয়েছেন, দ্বিপাক্ষিক সিরিজে যে ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়, আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্যও সে রকমই পরিকল্পনা হয়েছে। ইসিবি বাড়তি কিছু চাইলে সেই দাবি পূরণেরও যথাসাধ্য চেষ্টা করবে বিসিবি।