ঢাকায় এসে রোমাঞ্চিত টেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল টেরি
পল টেরি

ঢাকায় এসেছেন এক সপ্তাহের মতো হলো। তবে হাইপারফরম্যান্স ইউনিট বা পেস বোলিং মনিটরিং সেলের কাজ না শুরু হওয়ায় এখনো গোছগাছ করতে ব্যস্ত বিসিবি একাডেমির ডিরেক্টর অব কোচিং পল টেরি। বুঝে নিচ্ছেন নিজের দায়িত্ব।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও একাডেমির ক্রিকেটীয় সুযোগ-সুবিধায় বেশ খুশিই মনে হলো বাংলাদেশের ক্রিকেটের নতুন এই অতিথিকে। কাল একাডেমি ভবনে সাংবাদিকদের মুখোমুখি হওয়া ইংলিশ কোচ টেরির কথায়ও সেটি পরিষ্কার, ‘এখানকার সবকিছু অন্য যেকোনো জায়গার মতোই ভালো। নেট, জিমনেসিয়াম সবই প্রথম শ্রেণির। যারা এখানে আসে তাদের কারোই কোনো অভিযোগ থাকে না। এখানকার অবকাঠামো খুবই ভালো।’
হ্যাম্পশায়ারের সাবেক কোচ ৫৬ বছর বয়সী টেরির সঙ্গে বিসিবির চুক্তি আপাতত এক শ দিনের। একাডেমির দায়িত্ব পালনে সঙ্গী পাবেন বিসিবির ন্যাশনাল ম্যানেজার (ফিটনেস অ্যান্ড কন্ডিশনিং) স্টুয়ার্ট কার্পিনেনকে। মাঝে কিছুদিন কোচিং থেকে দূরে থাকলেও দুজনের পুরোনো সম্পর্কটা তাঁকে সাহায্য করবে বলেই বিশ্বাস টেরির, ‘পার্থে থাকার সময় থেকে স্টুয়ার্টকে চিনি। খুব ভালো কাজ করে। আমি অল্প কিছুদিন কোচিং থেকে দূরে ছিলাম। তবে এটা ফিরে আসার দারুণ একটা সুযোগ।’
হাইপারফরম্যান্স ইউনিটের জন্য শিগগিরই একজন প্রধান কোচ নিয়োগ দেবে বিসিবি। সঙ্গে স্থানীয় কোচরাও থাকবেন বিভিন্ন দায়িত্বে। ডিরেক্টর অব কোচিং হিসেবে টেরি মূলত কাজ করবেন তাঁদের সঙ্গে। তবে মূল উদ্দেশ্য সবারই এক। ‘ক্রিকেটারদের মানোন্নয়নের চেষ্টা করব আমরা, যাতে তারা পরবর্তী পর্যায়ের জন্য তৈরি হতে পারে। বাংলাদেশের হয়ে টেস্ট, ওয়ানডে খেলতে পারে এমন খেলোয়াড়ের সংখ্যাটা আমরা বাড়াতে চাই। প্রতিদ্বন্দ্বিতাও তখন অনেক বাড়বে’—বলছিলেন টেরি।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের সৌজন্যে বাংলাদেশে আসার আগেই টেরি জেনে গেছেন ক্রিকেট নিয়ে এখানকার মানুষের উন্মাদনার কথা। উপমহাদেশের এই দেশে এসে কাজ করাটাকে তাই বেশ রোমাঞ্চকরই মনে হচ্ছে জার্মানিতে জন্ম নেওয়া এই ইংলিশ কোচের কাছে। সেটা এতটাই যে, অস্ট্রেলিয়া-ইংল্যান্ডে কাজ করার অভিজ্ঞতা থাকলেও বাংলাদেশে সেখানকার চিন্তার প্রতিফলন না ঘটানোরই পক্ষে তিনি, ‘ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো করে কাজ করব বললে বোকামি হবে। আমার চিন্তাভাবনা এখানে কাজ নাও করতে পারে। বাংলাদেশ দলের প্রধান কোচ শ্রীলঙ্কান, বোলিং কোচ জিম্বাবুয়ের এবং ফিল্ডিং কোচ ইংল্যান্ডের। বিভিন্ন চিন্তার সম্মিলনে এখানকার ক্রিকেটের উন্নতি হবে বলেই আমার বিশ্বাস।’