ঢাকায় চোখ আমলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল সংবাদ সম্মেলনে হাশিম  আমলা l প্রথম আলো
কাল সংবাদ সম্মেলনে হাশিম আমলা l প্রথম আলো

বাংলাদেশে এসে এখনো ঠিকভাবে হাসতে পারল না দক্ষিণ আফ্রিকা দল। টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে ঠিকই, কিন্তু তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ এ হার। এরপর চট্টগ্রামে এসেও বৃষ্টির দাপটে প্রথম টেস্টটা ড্র করতে হলো। কিন্তু দেশে ফেরার বিমানে ওঠার সময় বলার মতো কিছু সাফল্য তো সঙ্গে নিতে হবে! প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলার চোখ তাই এখন ঢাকা টেস্টে।
তবে সেই দৃষ্টিও ক্রমেই ঝাপসা হয়ে উঠতে পারে। আবহাওয়ার এখনকার পূর্বাভাস অনুযায়ী ৩০ জুলাই থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু সিরিজের দ্বিতীয় টেস্টের দিনগুলোতেও বৃষ্টির প্রবল সম্ভাবনা। আমলা তাই ওই টেস্টের চিন্তাভাবনায়ও এগোতে চান ধীরেসুস্থে। দলে কয়জন স্পিনার থাকবে, বাঁহাতি স্পিনার অ্যারন ফাঙ্গিসো একাদশে আসবেন কি না, সব চিন্তা তুলে রাখছেন ঢাকার কন্ডিশন দেখা পর্যন্ত। তবে ঢাকা টেস্ট নিয়ে একটা আশাবাদের কথা জানিয়ে রাখলেন কাল চট্টগ্রাম টেস্টের অকাল সমাপ্তি ঘোষণার পরই। ‘ব্যাটসম্যানদের কয়েকজন ভালো ব্যাট করেছে। আশা করছি পরের টেস্টে তারা আরও ভালো করবে’—কাল সংবাদ সম্মেলনে বলেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।
মাত্র তিন দিন খেলা হলেও প্রথম টেস্টে কিছু প্রাপ্তি দেখছেন আমলা। অন্যতম দুই ওপেনারের ব্যাটিং। ওপেনারদের কেউ বড় ইনিংস খেলতে পারেনি, খুব বড় জুটিও হয়নি ডিন এলগার আর স্টিয়ান ফন জিলের মধ্যে। তারপরও অধিনায়কের প্রশংসা তাঁরা পাচ্ছেন। আমলা বিশেষ করে বললেন মাত্রই চতুর্থ টেস্ট খেলা স্টিয়ান ফন জিলের কথা, ‘ওপেনাররা খুবই ভালো ব্যাট করেছে। স্টিয়ানকে খুব আত্মবিশ্বাসী মনে হয়েছে। ও যে কতটা ভালো খেলোয়াড় এটা সে নিজেও জানে। সে জন্যই তার ভালো খেলাটা আমাদের কাছে বিস্ময় হয়ে আসেনি।’
বাংলাদেশের ব্যাটিংয়ের সময়টাকে প্রথম তিন দিনে ব্যাটিংয়ের সেরা সময় বলে মনে হয়েছে আমলার কাছে। তবু বাংলাদেশের স্কোর চার শ না হওয়ার কৃতিত্ব তিনি দিচ্ছেন দলের বোলারদের, ‘পেসাররা খুবই ভালো বল করেছে। তাদের কৃতিত্ব দিতেই হবে। ৩ উইকেট নিয়ে হারমারও দলের হয়ে ভালো ভূমিকা রেখেছে।’
বৃষ্টি শেষ দুই দিন খেয়ে নিলেও টেস্টের তৃতীয় দিন শেষে কারা এগিয়ে ছিল, এ নিয়ে রীতিমতো দড়ি টানাটানি চলছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যে। বাংলাদেশ বলছে এগিয়ে থাকা দলটি তারাই। একই দাবি আমলারও, ‘আমার মনে হয় চতুর্থ দিনের আগ পর্যন্ত আমরাই কিছুটা এগিয়ে ছিলাম। কারণ বাংলাদেশকে শেষ দিনে ব্যাট করতে হতো। আমরা ২৫০ রান করতে পারলেও সেটা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হতো।’
ম্যাচের প্রথম দুই সেশনের ভালো ব্যাটিং, দ্বিতীয় ইনিংসে দুই ওপেনারের অবিচ্ছিন্ন ৬০ রানের জুটিতে তৃতীয় দিন পার করে দেওয়া—এ রকম টুকরো টুকরো আরও অনেক কিছুই আমলা টুকে রাখছেন প্রাপ্তির খাতায়। তবে এসব ভেবে অবশ্য আফসোস বাড়াতে রাজি নন তিনি। টেস্ট ‘নিষ্পত্তি’তে মেনে নিচ্ছেন আবহাওয়ার নিয়ন্ত্রণ, ‘এটা বলার প্রয়োজন নেই যে দক্ষিণ আফ্রিকা থেকে আমরা এখানে খেলতেই এসেছি। তবে এ ধরনের পরিস্থিতি তো আপনি চাইলেই নিয়ন্ত্রণ করতে পারবেন না। কাজেই এ নিয়ে হতাশ হয়ে তো লাভ নেই।’
হাশিম আমলা তাই এখন আছেন ঢাকা টেস্টের অপেক্ষায়। চট্টগ্রামে পাওয়া ছোটখাটো প্রাপ্তিগুলোর সঙ্গে সেখানে যোগ হবে এই বিশ্বাসও—বৃষ্টিতে খেলা আটকে যাওয়ার আগ পর্যন্ত প্রথম টেস্টে আধিপত্য ছিল তাঁর দলেরই। যদিও এই একই বিশ্বাস নিয়ে আজ ঢাকার উদ্দেশে উড়াল দেবে মুশফিকুর রহিমের দলও।