ঢাকায় ডি সিলভার ভাতিজা

ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে প্রাইম ব্যাংকের সঙ্গে ততক্ষণে ম্যাচ জিতে গেছে ভিক্টোরিয়া। ড্রেসিংরুমের সামনে চতুরাঙ্গা ডি সিলভা গভীর মনোযোগে মুঠোফোনে কী যেন দেখছেন। ‘কেউ কি আপনাকে টপকে গেল?’ প্রশ্নটা শুনেই চট করে মুঠোফোনে তালিকা দেখে চতুরাঙ্গার মুখে হাসি, ‘নাহ্, আমি একেই আছি।’ ভিক্টোরিয়ার লঙ্কান স্পিনার ৬ ম্যাচে ১৫ উইকেট নিয়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে বোলারদের তালিকায় এ মুহূর্তে সবার ওপরে। পরশু বিকেএসপিতে প্রাইম ব্যাংকের ম্যাচের আগেও ছিলেন ১ নম্বরে।
বাঁহাতি অলরাউন্ডার চতুরাঙ্গার আরও একটি পরিচয় তিনি লঙ্কান কিংবদন্তি অরবিন্দ ডি সিলভার ভাতিজা। তথ্যটা কদিন আগে এই প্রতিবেদককে জানিয়েছিলেন ভিক্টোরিয়ার পেসার কামরুল ইসলাম রাব্বী। কেমন ভাতিজা, জানতেই পরশু বিকেএসপির ট্রেনিং হোস্টেলে কথা হয় তাঁর সঙ্গে। বর্ষণমুখর সন্ধ্যায় চতুরাঙ্গাকে পাওয়া গেল আড্ডার মেজাজে, ‘তিনি (অরবিন্দ) আমার বাবার চাচাতো ভাই। আমার আন্তর্জাতিক অভিষেকের পর হয়তো জেনেছেন আমি তাঁর ভাতিজা। আসলে সপরিবারে অনেক আগ থেকেই তিনি থাকেন কলম্বোয়। গলে আমাদের সঙ্গে তাঁর খুব একটা যোগাযোগ নেই।’
ডি সিলভার সঙ্গে তাঁর আত্মীয়তার সম্পর্ক, এটি জানাতে খুব একটা স্বস্তি বোধ করেন না সদা হাস্যোজ্জ্বল চতুরাঙ্গা। কেন? শোনা গেল তাঁর আত্মগর্বী দৃঢ়স্বর, ‘অনেকে হয়তো বলতে পারে চাচার জন্য খেলার সুযোগ পাচ্ছি। তবে জাতীয় দল কিংবা আমাদের ঘরোয়া ক্রিকেটের অনেকেই জানে সম্পর্কের কথা।’
ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে আসার আগেও ডি সিলভার সঙ্গে দেখা করেছেন চতুরাঙ্গা। তখন অনেক বিষয়েই কথা হয়েছে চাচার সঙ্গে, ‘এসএলসিতে অনাপত্তিপত্র (এনওসি) নিতে গিয়ে অন্য নির্বাচকদের পাশাপাশি ওনার সঙ্গেও দেখা হয়েছিল। কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেমন—কীভাবে খেলব, ফিটনেস নিয়ে কী কাজ করব ইত্যাদি বিষয়ে পরামর্শ দিয়েছেন।’
ডি সিলভা জ্ঞাতি চাচা হতে পারেন, তবে চতুরাঙ্গার আদর্শ কিন্তু তিনি নন। শৈশবে তাঁর আদর্শ ছিলেন সনাৎ জয়াসুরিয়া। বড় হয়ে সেটি বদলে হয়েছে কুমার সাঙ্গাকারা। ভালো লাগার এই তালিকায় কেন ডি সিলভা নেই? তাঁর যুক্তি, ‘মূল কারণ তাঁরা (জয়াসুরিয়া ও সাঙ্গাকারা) বাঁহাতি। আমি নিজেও বাঁহাতি।’
৬টি ওয়ানডে খেলা চতুরাঙ্গার কিছু মধুর স্মৃতি রয়েছে বাংলাদেশে। এখানেই তাঁর আন্তর্জাতিক অভিষেক, ২০১৪ এশিয়া কাপে। সেবার জিতেছিলেন শিরোপাও। ম্যাচ না খেললেও ছিলেন শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী স্কোয়াডেও। ফতুল্লা তাঁর অন্যতম প্রিয় মাঠ। এই মাঠে খেলেছিলেন প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ‘প্রিয়’ বলেই কিনা এবারের প্রিমিয়ার লিগে ফতুল্লায় খেলা দুটি ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন, নিয়েছেন ১১ উইকেট।
কদিন আগে উপুল থারাঙ্গা বলেছিলেন, ‘এ মুহূর্তে শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশ এগিয়ে।’ মোহামেডানের হয়ে খেলা স্বদেশি ব্যাটসম্যানের সঙ্গে একমত চতুরাঙ্গাও, ‘বাংলাদেশ অনেক উন্নতি করছে। মাহেলা-সাঙ্গাকারার চলে যাওয়ার পর আমরা একটু পিছিয়ে গেছি। আশা করি, ২০১৯ বিশ্বকাপের আগেই ছন্দ ফিরে পাবে শ্রীলঙ্কা।’
প্রথমবারের মতো বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট খেলতে আসা চতুরাঙ্গার এখানে ভালো লাগছে সবই। তবে সবচেয়ে বেশি ভালো লাগছে ক্রিকেটের প্রতি এখানকার মানুষের ভালোবাসা। দারুণ মানিয়ে নিয়েছেন সতীর্থদের সঙ্গে। দু-একটা বাংলাও শিখেছেন তাঁদের কাছ থেকে। সেগুলো অবশ্য ছাপার অযোগ্য! একটি বলেই ফেটে পড়লেন অট্টহাসিতে।