ঢাকায় ফিরছে বিপিএল
চট্টগ্রাম, ময়মনসিংহ, গোপালগঞ্জের পর আবারও ঢাকায় ফিরল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবল। প্রায় এক মাস পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ আবারও শুরু হবে বিপিএলের ম্যাচ। প্রথম দিনে বিকেল সাড়ে তিনটায় মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। সন্ধ্যা সোয়া ছয়টায় পরের ম্যাচে আবাহনীর প্রতিপক্ষ শেখ রাসেল। এই ম্যাচ দিয়েই ঘরোয়া ফুটবল থেকে অবসর নিচ্ছেন শেখ রাসেলের ডিফেন্ডার আমিনুল ইসলাম।
১৮ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লিগে সবার ওপরে রয়েছে ঢাকা আবাহনী। নিজেদের পঞ্চম শিরোপার দিকে একটু একটু করে এগিয়ে চলেছে আকাশি-নীল দলটি। ১২ জয় ও ৬ ড্র, এখন পর্যন্ত লিগের একমাত্র অপরাজিত দলও তারা। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছোট আবাহনী, মানে চট্টগ্রাম আবাহনী। তারা ১১টি জয়ের পাশে ৪ ম্যাচ ড্র করেছে, হার ৩টি। পয়েন্ট তালিকার তিনে থাকা শেখ জামালের সংগ্রহ ২৯ পয়েন্ট। ১৮ ম্যাচে ৮ জয় তাদের, ড্র ও হার সমান ৫টি করে। ১৯টি গোল করে ঢাকা আবাহনীর সানডে সিজোবা লিগের সর্বোচ্চ গোলদাতা।