ঢাকায় স্বস্তিতে স্ট্রাউসরা

চাইলে কালই অনুশীলনে নেমে পড়তে পারত ইংল্যান্ড দল। বিসিবি মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন সূচিও রেখেছিল তাদের জন্য। কিন্তু ইংল্যান্ডের ক্রিকেটাররা অনুশীলনের চেয়ে খেলাতেই বেশি আগ্রহী হলেন। না, ক্রিকেট নয়। ঢাকায় এসে প্রথম দিনটা তাঁরা কাটালেন কুর্মিটোলায় গলফ খেলে।
খেলোয়াড়-কর্মকর্তা মিলে গলফ খেলতে গিয়েছিলেন আটজন। বাকিরা হোটেলেই সময় কাটিয়েছেন। আজ সকালে তাঁদের মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করার কথা। অবশ্য ভিসা-জটিলতায় পরশু দলের সঙ্গে ঢাকায় আসতে পারেননি কোচ ট্রেভর বেলিস। কাল-পরশুর মধ্যে তাঁর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।
পরশু রাতে ঢাকায় পৌঁছানোর পর কড়া নিরাপত্তার মধ্যে বিমানবন্দর ত্যাগ করে ইংল্যান্ড দল। ঢাকায় তাদের ঠিকানা র্যাডিসন হোটেল। কোনো রাষ্ট্রপ্রধান যেমন নিরাপত্তা পান, সে রকমই কঠোর নিরাপত্তা সেখানেও। হোটেলে পৌঁছে ইংল্যান্ড দলের টিম ডিরেক্টর অ্যান্ড্রু স্ট্রাউস স্বস্তি প্রকাশ করেছেন, ‘এখানে আসতে পেরে আমরা আসলেই খুব খুশি। এটা ঠিক যে নিরাপত্তা নিয়ে খেলোয়াড়দের মনে সংশয় ছিল। তবে সেই ভয় দূর করার কাজটা রেগ ডিকাসন (ইসিবির নিরাপত্তা উপদেষ্টা) দারুণভাবেই করেছেন। যে নিরাপত্তা আমাদের দেওয়া হয়েছে তাতে আমরা খুবই সন্তুষ্ট।’
ক্রিকেটের জন্য নিরাপদ এমন সব জায়গাতেই ইংল্যান্ড যেতে প্রস্তুত বলে জানিয়েছেন স্ট্রাউস। তবে বাংলাদেশের কথাটা বলেছেন একটু আলাদা করে, ‘পারফরম্যান্সের দিক দিয়ে বাংলাদেশ অনেক এগিয়েছে। আমাদেরও তারা কয়েকবার হারিয়েছে, এমনকি আমি যখন অধিনায়ক ছিলাম তখনো। আমাদের জন্য সে অভিজ্ঞতাটা ভালো ছিল না। এটা প্রমাণ করে তারা প্রতিবছর এবং প্রতিটি সিরিজেই আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হয়ে উঠছে। তাদের হোম কন্ডিশনে আমাদের কাজটা খুব কঠিন হবে।’
ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার আগে বিমানবন্দরেই সফরের ব্যাপারে খেলোয়াড়দের সবাইকে খুব ইতিবাচক মনে হয়েছে স্ট্রাউসের কাছে। তাঁরা সবাই এখন শুধু ক্রিকেট নিয়েই চিন্তা করছে বলে তাঁর বিশ্বাস, ‘যখন আপনি একটি সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, তখন সবকিছুই সহজ মনে হবে। সামনে যে কঠিন ক্রিকেটটা খেলতে হবে, ছেলেরা এখন সেটা নিয়েই ভাবছে।’
গত ১ জুলাই হলি আর্টিজানে জঙ্গি হামলার পর ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর নিয়ে সংশয় সৃষ্টি হয়েছিল। তবে পরে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিরাপত্তা দলের বাংলাদেশ সফর সেটি দূর করে দেয়। বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেওয়া হয় ইংল্যান্ড দলকে। তারপরও সফর থেকে সরে দাঁড়িয়েছেন এউইন মরগান ও অ্যালেক্স হেলস।
মরগানের পরিবর্তে ৭ অক্টোবর থেকে শুরু তিন ওয়ানডের সিরিজে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন জস বাটলার। দুই টেস্টের সিরিজে অধিনায়ক থাকবেন অ্যালিস্টার কুক।
ওদিকে কাল সিরিজের শেষ ওয়ানডে খেলে আজই ঢাকা ত্যাগ করার কথা আফগানিস্তান ক্রিকেট দলের।