ঢেলে সাজানো হচ্ছে ওয়ানডে ক্রিকেট

টি-টোয়েন্টির যুগে আকর্ষণ হারিয়ে ফেলা একদিনের ক্রিকেটের(ওডিআই) আকর্ষণ ফেরাতে এটিকে নতুন মোড়কে বাজারে ছাড়ার উদ্যোগ নিচ্ছে আইসিসি।
নতুন এই উদ্যোগের অংশ হিসেবে ১৩টি দেশকে নিয়ে চালু হচ্ছে নতুন ওডিআই লিগ। এতে দশটি টেস্ট খেলুড়ে দেশের বাইরে থাকছে আফগানিস্তান, আয়ারল্যান্ড ও অন্য একটি সহযোগী সদস্য দেশ। ১৩তম দেশটি নেপাল বা হল্যান্ডের যেকোনো একটি হতে পারে বলে আইসিসিতে আলোচনা আছে।
আইসিসি এই ওডিআই লিগ চালু করতে চায় ২০১৯ সাল থেকে। এতে ১৩টি দেশই হোম ও অ্যাওয়ে ভিত্তিতে প্রত্যেকের সঙ্গে খেলার সুযোগ পাবে। তিন বছর পর র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই দল দুটি প্লে-অফ সিরিজ খেলে শীর্ষস্থানটির নিষ্পত্তি করবে।
নতুন এই ছকে একটি দল তিন বছরে হোম অথবা অ্যাওয়ে ভিত্তিতে অন্য প্রতিটি দলের সঙ্গে একটি করে তিন ম্যাচের সিরিজ খেলবে। যাতে প্রতিটি দলেরই তিন বছর সময়কালে ৩৬টি ওয়ানডে ম্যাচ খেলা হয়। চতুর্থ বছরটি সংরক্ষিত থাকবে দলগুলোর বিশ্বকাপ প্রস্তুতির জন্য।
ওয়ানডে ক্রিকেটকে আকর্ষণীয় করাই এই নতুন ওডিআই লিগের উদ্দেশ্য। এতে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজগুলো বিশ্বকাপের মতোই গুরুত্ব পাবে বলে আশা করছেন সকলে। এই পদ্ধতিতে কোনো সিরিজকেই আর ‘অপ্রযোজনীয়’ কিংবা ‘অহেতুক’ হিসেবে দেখার সুযোগ থাকবে না বলে মনে করে আইসিসি। নতুন এই উদ্যোগে তুলনামূলক ছোট ও দুর্বল দেশগুলো সুবিধা পাবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: ইএসপিএন-ক্রিকইনফো।