তখন ভিভ, এখন কোহলি
বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি—এ নিয়ে ক্রিকেট-বোদ্ধাদের মধ্যে প্রশ্ন এখন কমই উঠছে। বরং ভারতীয় ব্যাটসম্যানের তুলনা এখন হচ্ছে ক্রিকেটের বিভিন্ন যুগ রাঙিয়ে যাওয়া গ্রেটদের সঙ্গে। পাকিস্তানের বিশ্বজয়ী সাবেক অধিনায়ক ইমরান খান যেমন কোহলিকে তুলনা করলেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ভিভ রিচার্ডসের সঙ্গে।
হিন্দুস্তান টাইমসকে সাক্ষাৎকারে ইমরান বলেছেন, ‘ক্রিকেটে বিভিন্ন যুগ এসেছে। আশির দশক ছিল ভিভ রিচার্ডসের, এরপর বাকি সবার চেয়ে আলাদা হয়ে ছিলেন ব্রায়ান লারা ও শচীন টেন্ডুলকার। বিরাট কোহলিও আমার দেখা পূর্ণাঙ্গ খেলোয়াড়দের মধ্যে একজন।’
কোহলির প্রশংসা করতে গিয়ে এসেছে টেন্ডুলকার-কোহলির মধ্যে মিলের বিষয়টিও। ইমরানের মন্তব্য, ‘প্রতিভা ও টেকনিকের বাইরে ওর টেম্পারামেন্টও অনেক ভালো। ওর টেম্পারামেন্ট শচীনের চেয়েও ভালো। সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও কোহলি ভালো খেলে, যেটা শচীন মাঝে মাঝে পারত না।’ দ্য ডন।