তদন্ত করবে শৃঙ্খলা কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপিএলের দ্বিতীয় দিনেই ঘটল অপ্রীতিকর এক ঘটনা। চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে লেগে গেল সিলেটের মালিক আজিজুল ইসলামের। ঘটনার পর দুই পক্ষই অভিযোগ করেছে বিসিবির কাছে। বিসিবির পরিচালক ও শৃঙ্খলা কমিটির প্রধান শেখ সোহেল কাল জানিয়েছেন, সুষ্ঠু তদন্তের পর দোষী ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে তামিমের সঙ্গে অসদাচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। বিপিএল গভর্নিং কাউন্সিলকে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
শৃঙ্খলা কমিটির প্রধান শেখ সোহেল দোষী ব্যক্তিদের বিরুদ্ধে বিসিবির কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেছেন, ‘তদন্তের পরই বোঝা যাবে আসলে কী হয়েছে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে এক ইঞ্চিও ছাড় দেওয়া হবে না।’ শেখ সোহেল আশাবাদী, খুব দ্রুতই এ তদন্ত শেষ হবে।