তদন্ত চান শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রীও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় একজন সমর্থক পেয়ে গেলেন অর্জুনা রানাতুঙ্গা। ২০১১ বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কা ইচ্ছে করে ভারতের কাছে হেরেছে, গুরুতর এই অভিযোগ তুলে ম্যাচটির তদন্ত দাবি করেছেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক। কাল শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়াসেকেরাও রানাতুঙ্গার সঙ্গে সুর মিলিয়ে বললেন, ম্যাচটির তদন্ত হওয়া উচিত। জয়াসেকেরা অবশ্য চাইছেন তদন্ত শুরুর আগে কেউ কাগজে-কলমে অভিযোগ করুক, ‘অভিযোগটা তদন্ত করার মতো। লিখিত অভিযোগ পাওয়ামাত্রই আমি তদন্ত শুরু করব।’

২০১১ সালে মুম্বাইয়ের ফাইনালে ৬ উইকেটে হেরেছিল শ্রীলঙ্কা। ম্যাচের পর পদত্যাগ করেন দলটির অধিনায়ক কুমার সাঙ্গাকারা। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৭৪ রান করেছিল লঙ্কানরা। ১৮ রানেই শচীন টেন্ডুলকারকে আউট করে বোলিংয়েও ভালো শুরু করে সাঙ্গাকারার দল। এরপর শ্রীলঙ্কার বাজে বোলিং ও ফিল্ডিং ম্যাচে ফেরায় ভারতকে।

সেই সময়ের লঙ্কান ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দ আলুথগামাগেও নতুন করে সন্দেহ প্রকাশ করেছেন ওই ম্যাচ নিয়ে। দলের সিনিয়র এক খেলোয়াড়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন আলুথগামাগে, ‘ওই ম্যাচে সন্দেহ করার মতো অনেক কিছুই আছে। ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ না করেই শেষ মুহূর্তে দলে চারটি পরিবর্তন আনা হয়। খুব সিনিয়র এক খেলোয়াড়ের আচরণ ছিল প্রশ্নবিদ্ধ।’ ওই সিনিয়র খেলোয়াড়ের নাম অবশ্য বলেননি সাবেক মন্ত্রী। আলুথগামাগের দাবি, তিনি ওই সময়েই তদন্ত শুরু করেছিলেন, তবে তা শেষ করতে পারেননি। এএফপি।