তদন্তের আওতায় আরেকটি ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় বিভাগ ক্রিকেটে এক্সিওম ক্রিকেটার্সের বিপক্ষে লালমাটিয়া ক্লাবের বোলার সুজন মাহমুদের দেওয়া ৪ বলে ৯২ রানের আলোচিত ঘটনার তদন্ত চলছে। বিসিবির তদন্ত কমিটির সদস্য আকরাম খান জানিয়েছেন, তদন্তের প্রতিবেদন তৈরি করতে আরও দু-তিন দিন সময় লাগবে। তদন্ত কমিটি খতিয়ে দেখবে, ১০ এপ্রিল ইন্দিরা রোড ক্রীড়াচক্রের বিপক্ষে ফিয়ার ফাইটার্সের বোলার তাসনিম হাসানের ৭ বলে ৬৯ রান দেওয়ার ঘটনাও।
পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের প্রতিবাদেই সুজন ওই অভিনব কাণ্ড ঘটিয়েছিলেন। তবে এভাবে প্রতিবাদ করতে গিয়ে দেশের ক্রিকেটের সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে মনে করেন আকরাম। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান কাল তদন্ত কমিটির দ্বিতীয় শুনানি শেষে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘নিচের দিকের খেলোয়াড়দের এ ধরনের কাজ করানো সহজ। কাজটা করার আগে সে (সুজন) হয়তো বোঝেনি ফলাফল কী হতে পারে। আমরা ধরে নিতে পারি, এটা তার দুর্ভাগ্য। ভবিষ্যতে আর কেউ যেন এ ধরনের ঘটনা না ঘটায়, আমরা সেভাবেই সিদ্ধান্ত নেব।’
আলোচনাটা এখন পর্যন্ত বোলার সুজনকে নিয়েই বেশি হলেও কমিটির আরেক সদস্য জালাল ইউনুস বলেছেন, ‘শুধু খেলোয়াড়ের একার পক্ষে এত বড় একটা ঘটনা ঘটানো সম্ভব নয়। আমরা মনে করি, এটা সম্মিলিতভাবে হয়েছে। ক্লাব, দল, আম্পায়ার, খেলোয়াড়, সিসিডিএম—কার কী কর্তব্য ছিল, আমরা সেসবও খতিয়ে দেখছি।’ বিসিবির সভাপতি নাজমুল হাসানের মতো কাল তিনিও স্বীকার করেছেন, ‘প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের আম্পায়ারিং অতি নিম্নমানের। সবাই এটা নিয়ে উদ্বিগ্ন।’