দল নিয়ে কিছু অসন্তুষ্টি আছে। নাথান লায়ন না থাকায় অস্ট্রেলিয়ান স্পিন আক্রমণকে এবার তত শক্তিশালী মনে করেন না সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক ইয়ান চ্যাপেল। একমত নন নীতিগত অনেক সিদ্ধান্তেও। মাইকেল ক্লার্কের অনুপস্থিতিতে জর্জ বেইলিকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্তও সঠিক মনে করেন না। কিন্তু তার পরও অস্ট্রেলিয়াকে এবারের বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার বলতে আপত্তি নেই চ্যাপেলের। তাঁর মতে, বর্তমান চ্যাম্পিয়ন ভারত, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড হতে পারে শিরোপা লড়াইয়ে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম অধিনায়ক টেলিগ্রাফ-এ তাঁর কলামে লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসবে দক্ষিণ আফ্রিকা আর ভারতের দিকে থেকে। ব্রেন্ডন ম্যাককালামের আক্রমণাত্মক নেতৃত্বে নিউজিল্যান্ড হতে পারে ডার্ক হর্স।’ অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক যুক্তিও দিয়েছেন নিজের কথার পক্ষে, ‘ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ ছাড়া অন্যসব দলের চেয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং ভালো। বোলিংটাও দক্ষিণ আফ্রিকার পেসত্রয়ীর সঙ্গে পাল্লা দেওয়ার মতো, অন্য দলগুলোর চেয়ে ভালো। বড় মাঠে ফিল্ডিং খুব গুরুত্বপূর্ণ হবে, অস্ট্রেলিয়ার সে রকম কিছু ফিল্ডারও আছে।’ পিটিআই।