দুবাইয়ে শেষ হওয়া আইসিসির বোর্ড সভা থেকে শুধু খারাপ খবর নিয়েই দেশে ফিরেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতিনিধিরা। আইসিসিতে কাউকে পাশে পায়নি ভারতীয় প্রতিনিধিদল, দেশে ফিরেও পড়েছে সমালোচনার মুখে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আইসিসির সভায় প্রতিনিধিদের ‘একগুঁয়ে’ অবস্থান পছন্দ হয়নি বিসিসিআইয়ের অনেক সদস্যের। এসবের মধ্যে বিসিসিআইয়ের জন্য ভালো খবর একটাই, ভোটাভুটির আগে দেওয়া সমঝোতা প্রস্তাবটা গ্রহণ করার সুযোগ ভারতের জন্য খোলা রেখেছে আইসিসি। সে ক্ষেত্রে ভারতের ভাগে পড়বে আরও ১০ কোটি ডলার।
মঙ্গলবার বিসিসিআইকে ৪০ কোটি ডলারে সমঝোতা করার প্রস্তাব দিয়েছিল আইসিসি। বিসিসিআই সচিব অমিতাভ চৌধুরী তখন বলেছিলেন, যেহেতু ফেব্রুয়ারিতেই নতুন প্রস্তাব পাস হয়েছে, তাই এই সমঝোতা গ্রহণ করবে না ভারত।
ভারত আশা করেছিল, আগের দাবিমতো ৫৭ কোটি না হলেও বিসিসিআই প্রশাসক কমিটির প্রস্তাবিত ৪৪ কোটি ৫০ লাখ ডলারের প্রস্তাবে রাজি হবে আইসিসি। সেটা তো হয়ইনি, উল্টো ভারতের দীর্ঘদিনের তিন মিত্র বাংলাদেশ, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজও ভোট দিয়েছে বিসিসিআইয়ের বিরুদ্ধে।
আইসিসির বিভিন্ন সূত্র জানিয়েছে, দেনা শোধ করার জন্য জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ডকে ১ কোটি ৯০ লাখ ডলার দেবে আইসিসি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডও ৪ কোটি ডলার অনুদানের অপেক্ষায় আছে। ভারতের কূটনৈতিক চাল ব্যর্থ হওয়ার পেছনে এ ঘটনাগুলোও হয়তো প্রভাব ফেলেছে।
তবে সভা শেষে বাড়তি ১০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব করে ভারতকে ক্ষতিটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছে আইসিসি। বিসিসিআই প্রস্তাবটা গ্রহণ করবে কি না, সেটা নিয়ে দুটি মত আছে। এক পক্ষ প্রস্তাবটা গ্রহণ করার পক্ষে, কারণ মনোহর যে এর চেয়ে বেশি দিতে রাজি নন, সেটা বুঝিয়ে দিয়েছেন। অন্য পক্ষের দাবি, ক্রিকেট-বাণিজ্যে ভারতের অবস্থান ব্যবহার করে আইসিসিকে একটা ধাক্কা দেওয়া হোক। জুনের চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল ঘোষণা না করে এরই মধ্যে সে পথে ভারত খানিকটা হেঁটেছেও।
তবে বিসিসিআইয়ের কেউ কেউ চাইছেন যত শিগগির সম্ভব চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করতে। বিসিসিআইয়ের জ্যেষ্ঠ এক সদস্য হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ‘আমরা এসজিএম করব (বিশেষ সভা)। তবে সদস্যরা মনে করেন প্রথমেই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করা উচিত। টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের পক্ষেও আছেন অনেকে। তবে বেশির ভাগই ঝামেলা চুকিয়ে ফেলার পক্ষে। নাম প্রত্যাহার করার ধাক্কা আমরা সামলাতে পারব না। কারণটা সরল, বড় অঙ্কের জরিমানা করা হতে পারে আমাদের। আর যদি বোর্ডকে নিষিদ্ধ করা হয়, তখন কী হবে? বিদেশিরা আইপিএল থেকে খেলোয়াড় প্রত্যাহারের হুমকি দিতে পারে। ক্ষতি যা হওয়ার বিসিসিআইয়েরই হবে।’
বিসিসিআইয়ের আরেক কর্মকর্তা বলেছেন, ‘প্রতিনিধিদের সমঝোতার পথে হাঁটার নির্দেশনা দেওয়া ছিল। সেটা তাঁরা শোনেননি। ফলে আমরা অপদস্থ হলাম।’
বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি সিকে খান্না চাইছেন ভেবেচিন্তে পরবর্তী পদক্ষেপ নিতে, ‘এটা স্পর্শকাতর বিষয়। সব দিক বিবেচনা করেই পরবর্তী পদক্ষেপ নিতে হবে। সবার মতামতই নেওয়া হবে, এসজিএমও হবে।’ ক্রিকইনফো, হিন্দুস্তান টাইমস।