তবু আশায় মুশফিক

বোশেজো স্টেডিয়ামে হঠাৎই হইচই। বোলিং মেশিন থেকে ইলিয়াস সানি একটা করে বল ছুড়ছেন। উইকেটকিপার সেজে নাসির আহমেদ প্রতিটি ক্যাচই ধরছেন আর আনন্দে লাফাচ্ছেন। হাততালি, চিৎকারে ফেটে পড়ছে দলের খেলোয়াড়-কোচ-কর্মকর্তা সবাই।
বাজিটা ছিল এ রকম, বাংলাদেশ দলের কম্পিউটার বিশ্লেষক নাসির আহমেদ যদি ১০টি ক্যাচের মধ্যে অন্তত পাঁচটি ধরতে পারেন, তামিম ইকবাল তাঁকে লাঞ্চ করাবেন। তা এমন বাজির সামনে নাসির আহমেদের পুরোনো উইকেটকিপার সত্তাটা যেন নতুন করে জেগে উঠল! প্রথম পাঁচটি ক্যাচের পাঁচটিই লুফে নিয়ে শূন্যে লাফ দিয়ে ছুটলেন তামিমের দিকে। যেন বাজির লাঞ্চটা তখনই খাওয়াতে হবে। পরাজয় স্বীকার করে তামিম তাড়াতাড়ি বললেন, ‘খাওয়াব...খাওয়াব।’
৫০০তম টেস্টের আগেএক মাসের ওয়েস্ট ইন্ডিজ সফরটা প্রায় শেষের দিকে। অথচ এই সফর থেকে এখনো আনন্দের উপলক্ষ খুঁজে পায়নি বাংলাদেশ দল। তার পরও পরশু নিজেদের মধ্যে কপট এই প্রতিদ্বন্দ্বিতায় খেলোয়াড়-কর্মকর্তাদের উল্লাসে মেতে উঠতে দেখে খারাপ লাগেনি। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা দলটা কিছু সময়ের জন্য হলেও তো ভুলে থাকল সব হতাশা! সুদূর সেন্ট লুসিয়ার বোশেজো স্টেডিয়ামটাকে তখন মনে হচ্ছিল বাড়ির উঠোনের মতো।
এক দিক দিয়ে অবশ্য এটা বাংলাদেশ দলের বাড়ির উঠোনই। এখন পর্যন্ত এই মাঠে দুই দল একবারই মুখোমুখি হয়েছে। ২০০৪ সালের সেই টেস্টে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ড্র করেছিল প্রবল প্রতাপে। ক্যারিবীয় ক্রিকেট পণ্ডিতদের কাছে যে ড্রটা হারেরই সমতুল্য ছিল। তো এমন মাঠ বাংলাদেশ দলকে স্বস্তির নিঃশ্বাস ফেলার জায়গা করে দেবে, তাই তো স্বাভাবিক।
হারতে হারতে পিঠ যতই দেয়ালে ঠেকে যাক না কেন, বোশেজোতে এসে মুশফিকও যেন নতুন করে খুঁজে পাচ্ছেন অনুপ্রেরণা, ‘এই মাঠে আমাদের একটি টেস্ট ড্র আছে। সুমন (হাবিবুল বাশার) ভাই সেই দলের অধিনায়ক ছিলেন। আমাদের অনুপ্রেরণা হলো অন্তত এ মাঠের নিজেদের শেষ ম্যাচটা আমরা ড্র করেছিলাম। তা ছাড়া যত দূর জানি, এ মাঠের সর্বশেষ তিনটি টেস্টও ড্র-ই হয়েছে।’
মুশফিকের সেঞ্চুরিতে ইনিংস পরাজয় থেকে রক্ষাসমস্যা হলো, শেষ টেস্টের আগে মুশফিকের দল আছে নানা সংকটে। ত্বকে বিচিত্র এক রোগ হওয়ায় টেস্টটা খেলতে পারবেন না ইমরুল কায়েস। বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় টেস্ট সিরিজ শুরুর আগেই দেশে ফিরে গেছেন অফ স্পিনার সোহাগ গাজী। প্রথম টেস্টে সন্দেহের তিরে বিদ্ধ আল আমিনের অ্যাকশনও। এ অবস্থায় আরেকটা টেস্ট খেলতে নামার আগে মনে কতটা জোর রাখা যায়? না, সময় যতই খরস্রোতা হোক না কেন, হারার আগে হেরে যেতে চান না মুশফিক। সমস্যাগুলোকে মাথায় রেখেই তাকাতে চান সামনে, ‘আমাদের কিছু বোলারের অ্যাকশন নিয়ে ঝামেলা হলো। একজন বোলারের মনের ভেতর কিন্তু এটা থেকেই যায়। আন্তর্জাতিক ম্যাচ মানেই ওর (আল আমিন) ওপর চোখ থাকবে। এটা নিয়ে একটু অস্বস্তি থাকাই স্বাভাবিক। ইমরুলের অবস্থাও খুব একটা ভালো না। আসলে কিছুই আমাদের পক্ষে যাচ্ছে না। তার পরও একটা টেস্ট আছে। আশা করছি, এসব সামলে আমরা ভালো করব।’
ওয়েস্ট ইন্ডিজ সফরই শুধু নয়, বাংলাদেশ দলের জন্য ভালো যাচ্ছে না আসলে ২০১৪ সালটাই। এ বছর এখন পর্যন্ত তিন টেস্ট খেলে তিনটিতেই হার। ১৩ ওয়ানডের মধ্যে ভারতের বিপক্ষে বৃষ্টিতে ভেসে যাওয়া একটা ম্যাচ বাদ দিলে হার ১২টিতেই। আর ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে দুটি মাত্র জয় আফগানিস্তান ও নেপালের মতো খুদে দলের সঙ্গে। এই পরিস্থিতিতে বাংলাদেশ দল যখন আরেকটা পরীক্ষার সামনে, কী আশায় বুক বাঁধছেন মুশফিক? ভেতরে আশা বা আশঙ্কা যা-ই থাকুক না কেন, অধিনায়ককে সব সময় ইতিবাচক কথা বলতে হয়। মুশফিকও ইতিবাচক, ‘চেষ্টা করে যাওয়া ছাড়া আমাদের আর করার কিছু নেই। আমরা চেষ্টা করে যাচ্ছি। শেষ টেস্টে যদি ভালো খেলতে পারি, তাহলে হয়তো এখান থেকে একটা ভালো কিছুর শুরু হতেও পারে।’
সেই ভালো শুরুর জন্য অনেক বড় মঞ্চই পাচ্ছে বাংলাদেশ দল। আজ থেকে শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সেন্ট লুসিয়া টেস্টটা ওয়েস্ট ইন্ডিজের ৫০০তম টেস্ট। উপলক্ষকে স্মরণীয় করে রাখতে আয়োজনের কমতি নেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের। সাবেক-বর্তমান ক্যারিবীয় ক্রিকেটারদের মিলনমেলা হয়ে উঠতে পারে বোশেজোর এই টেস্ট। তা বাংলাদেশ দল যদি প্রতিপক্ষের এমন উৎসবে পানি ঢেলে দিতে পারে, তার চেয়ে আনন্দের আর কী হবে! আর এমন তো নয় যে বাংলাদেশ দল এ রকম কাণ্ড আগে ঘটায়নি! শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরির উৎসবটা তো বাংলাদেশই মাটি করে দিয়েছিল ভারতকে হারিয়ে। এই টেস্টেও ও রকম কিছু করে দেখানোর আশায় থাকছেন অধিনায়ক, ‘এটা শেষ সুযোগ। যদি অন্তত আমরা ড্রও করতে পারি, তাহলে ওদের পার্টিটা করা হবে না। ৫০০তম টেস্ট উদ্যাপন করা হবে না। লক্ষ্য থাকবে সে রকমই কিছু করার।’
মুশফিকরা কি সত্যিই পারবেন ওয়েস্ট ইন্ডিজের উৎসব-মঞ্চের আলোটা নিভিয়ে দিতে?