তবু ইতিবাচক মাশরাফি
কাল বর্ষবরণ উৎসবটা দুর্দান্ত হওয়ার কথা নিউজিল্যান্ড দলের। বাংলাদেশকে ওয়ানডে সিরিজে ধবলধোলাই করে কিউই ব্যাটসম্যান জিমি নিশাম টুইট করেছেন, ম্যাচের শেষ মুহূর্তে অধিনায়ক কেন উইলিয়ামসনের নাকি উৎসবের জন্য তর সইছিল না! নেলসনে বাংলাদেশ দলও নিশ্চয়ই উৎসবের অংশ হয়েছে। তবে সেটি উপভোগ্য হওয়ার কথা নয় তাঁদের কাছে। আড়াই বছর পর ওয়ানডেতে ধবলধোলাই হওয়ার পর কার মন আর ভালো থাকে!
গত দুই বছরে দেশের মাঠে বাংলাদেশ ধারাবাহিক সাফল্য পেয়েছে, বিশেষ করে ওয়ানডেতে। অনেকেই তাই আশায় ছিল, মাশরাফি-সাকিবরা নিউজিল্যান্ডেও ভালো করবেন। জয়ের স্বাদ অন্তত পাবেন। কিন্তু ওয়ানডে সিরিজে বাংলাদেশ হারল টানা তিন ম্যাচেই। তবে এই তিন ম্যাচের হারেই দুই বছরে বাংলাদেশের উজ্জ্বল সাফল্য ব্যর্থ হয়ে যায় না। নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাইয়ে হতাশ হলেও তাই মনোবল হারাচ্ছেন না অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, ‘তিন ম্যাচ দিয়েই আমাদের বিচার করা ঠিক না। যদি বিচারই করতে হয়, অনেক ইতিবাচক বিষয় তুলে আনা যাবে। উপমহাদেশের দল এখানে সুযোগই তৈরি করতে পারে না। আমরা সেটা করতে পেরেছি। সুযোগগুলো কাজে লাগাতে পারলে মানসিকভাবে এগিয়ে থাকতাম। পাঁচ বছর পর এখানে খেলতে এসে সবকিছু আমাদের পক্ষে থাকবে, আশা করা ঠিক না।’
ক্রাইস্টচার্চে প্রথম ম্যাচে হয়নি, তবে নেলসনে শেষ দুটি ম্যাচে বাংলাদেশের সুযোগ ছিল ফল নিজেদের পক্ষে আনার। এটিকে বড় প্রাপ্তি মনে করছেন মাশরাফি। বাংলাদেশ অধিনায়কের কথা প্রতিধ্বনিত হলো যেন কিউই অধিনায়ক উইলিয়ামসের কণ্ঠেও, ‘এই কন্ডিশনে পুরোপুরি অভ্যস্ত না হয়েও তারা যেভাবে লড়েছে সে জন্য বাংলাদেশকে কৃতিত্ব দিতে হবে।’
কন্ডিশন ওয়ানডে সিরিজে খুব বড় বাধা হয়ে দাঁড়ায়নি। ক্রাইস্টচার্চের পর নেলসনেও উইকেট ছিল সহজ, ব্যাটিংবান্ধব। মাশরাফিও এটিকে অজুহাত হিসেবে দেখছেন না, ‘গত বিশ্বকাপের চেয়ে উইকেট খুব একটা ভিন্ন ছিল না। এখানে আমরা আগেও খেলেছি। বাংলাদেশের উইকেটে সমান বাউন্স থাকে না, কিন্তু এখানে ছিল।’
উইকেট যদি ভীতি-জাগানিয়া না-ই হয়, তবে নিজেদের ‘প্রিয় সংস্করণে’ বাংলাদেশ কেন এমনভাবে হারল? দায়টা ব্যাটসম্যানদেরই বেশি। মূল ব্যাটসম্যানদের কারও ব্যাট থেকেই দায়িত্বশীল বড় ইনিংস আসেনি। তাহলে কি স্কিলেই ঘাটতি তাঁদের? মাশরাফি তা মনে করেন না, ‘দুই দলের স্কিল যদি তুলনা করেন, তাদের সমানই ছিলাম। আমরা আসলে মানসিকভাবে পিছিয়ে পড়েছি। আরেকটু ইতিবাচক থাকলে ভালো হতো।’
এই ব্যর্থতায় মাশরাফি ভেঙে পড়ছেন না। নতুন বছরটা নতুনভাবে শুরুর আশা বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়কের।