তবু এটা সাকিবেরই দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব আল হাসান
সাকিব আল হাসান

‘৫ উইকেট পাওয়ার জন্য অভিনন্দন। এই অর্জন নিয়ে কোনো প্রতিক্রিয়া...?’

কাল সন্ধ্যায় মুঠোফোনে খুদে বার্তাটি পাঠানো হলো সাকিব আল হাসানকে। পাল্টা বার্তায় যেন আনন্দের ‘বন্যা’ বইয়ে দিলেন সাকিব! তবে কিছু লিখে নয়। পাশাপাশি চারটি হাসি মুখের ‘ইমো’ পাঠিয়ে।

টেস্ট ক্রিকেটে ১৫তম বারের মতো ইনিংসে ৫ উইকেট পেয়েছেন। সাকিবের জন্য এটি ডালভাত হলেও টেস্টে যেদিন কেউ ৫ উইকেট পান, সেদিন সংবাদ সম্মেলনে তিনিই হয়ে যান সবচেয়ে কাঙ্ক্ষিত মানুষ। কালও সাংবাদিকেরা আশায় ছিলেন, দিন শেষের সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসবেন সাকিব। কিন্তু মিডিয়া ম্যানেজার রাবীদ ইমামের সঙ্গে হেলতে-দুলতে এলেন কিনা পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ!

আসলে বল হাতে শেষ পর্যন্ত ৫ উইকেট পেলেও সেটা দিন শেষের সাফল্য। তার আগে দিনের শুরুটা সাকিবের কেটেছে প্রচণ্ড মানসিক যন্ত্রণায়। ব্যাটিংয়ে নেমে দিনের দ্বিতীয় বলেই আউট হয়ে গেলেন চরম বাজে এক শট খেলার মাশুল দিয়ে। মঈন আলীর অফ স্টাম্পের বাইরে পড়া বলে ডাউন দ্য উইকেটে গিয়ে লাইন মিস করলেন। উইকেটকিপার জনি বেয়ারস্টো স্টাম্প ভেঙে দিলেন আরামে।

সাকিবের ওই আউট জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আলোচনার বিষয় হয়ে থাকল প্রায় সারা দিনই। কেন সকাল সকালই ও রকম একটা শট খেলতে হবে? দল যেখানে অন্তত ৫০-৬০ রানের লিড চাচ্ছে সেখানে অমন অলক্ষুনে শট না খেলে উইকেটে থাকার চেষ্টা করলেই তো হতো! সাকিবের কি উচিত ছিল না শেষ পর্যন্ত খেলে আসা? তাঁর আউটের পরিণতিতেই তো কাল মাত্র ১২ ওভারে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস—এ রকম আরও কত কী?

সংবাদ সম্মেলনে কোর্টনি ওয়ালশের কাছেও জানতে চাওয়া হলো সাকিবের ওই শট নিয়ে। পেস বোলিং কোচ অবশ্য তাঁর প্রতি সহমর্মিতাই দেখালেন, ‘অনেক প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছিল ও। সাকিবও জানত, তাকেই মূল কাজটা করতে হবে। আগের দিন ভালো ব্যাটিংও করেছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রথম ওভারেই আউট হয়ে গেল। সেটা অন্য ব্যাটসম্যানদেরও চাপে ফেলে দেয়। আশা করছি, দ্বিতীয় ইনিংসে সে ভালো ব্যাট করবে।’ একটু পর ইংল্যান্ডের বেন স্টোকসও সাকিবের ওই শটে বিস্ময় প্রকাশ করলেন, ‘দিনের দ্বিতীয় বলেই ও রকম শট খেলাটা ছিল বিস্ময়কর। হয়তো সে শুরুতেই আমাদের স্পিনারদের চাপে ফেলতে চেয়েছিল।’

কিন্তু এই যে সবার এত বিস্ময়, ক্ষোভ আর হতাশা—এসব কিছুর চেয়েও কি সাকিবের জ্বালাটাই কি বেশি নয়! ৫ উইকেট পাওয়ার আনন্দে হাসিমুখের ‘ইমো’ দিয়ে প্রতিক্রিয়া জানালেও আউট হওয়ার পর ড্রেসিংরুমে তাঁর মানসিক অবস্থা সহজেই অনুমান করা যাচ্ছিল। বাংলাদেশ ইনিংসের বাকিটা সময় নাকি বিমর্ষ হয়েই বসেছিলেন সাকিব। নিজেকে ক্ষমা করতে না-পারার বেদনা ফুটে উঠছিল চেহারায়। বাংলাদেশ যে লিড নেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করল, তার পুরো দায় নিজের ওপর নিয়ে ডুবে ছিলেন আত্মগ্লানিতে।

একটা প্রতিজ্ঞাও কি করেছিলেন তখন? ব্যাটিংয়ের ‘অবিমৃশ্যকারিতা’ বল হাতে পুষিয়ে দেওয়ার প্রতিজ্ঞা!

টেস্টে এর আগে তাঁর সর্বশেষ ৫ উইকেট ২০১৪-এর নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনায়। মাঝে ৯ ইনিংসের বিরতি দিয়ে বাঁহাতি স্পিনার সাকিব কাল আবার দেখালেন তাঁর আসল চেহারাটা। ৫ উইকেট তো নিয়েছেনই, ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ যে ৭৬ ওভার বল করল, তাতে সাকিব একাই করেছেন ৩১ ওভার। এর ২০টিই আবার প্রথম স্পেলে! ২০-৫-৪০-৩, এই ছিল সাকিবের প্রথম স্পেলের বোলিং বিশ্লেষণ। অবশ্য এক স্পেলে এর চেয়ে বেশি ওভার এর আগে তিনি নিজেই একবার করেছেন। ২০১০ সালে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষেই সেদিনের স্পেলটা ছিল ২৩ ওভারের।

ব্যাটিংয়ের হতাশার পর টানা বোলিংয়ের ক্লান্তি মিলিয়েই সংবাদ সম্মেলনে আসার মতো অবস্থায় ছিলেন না সাকিব। তাঁর কাছে অতিমানবীয় কিছুর আশা সব সময়ই থাকে, থাকবে এই টেস্টের বাকি সময়েও। কিন্তু দিন শেষে সাকিবও তো মানুষ! বোলিংয়ের সাফল্যের দিনে ব্যাটিংয়ের অবিমৃশ্যকারিতাকে না হয় সে দৃষ্টিকোণ থেকেই দেখা হোক।

উইকেট      বিপক্ষ             ম্যাচ

২৯       ও. ইন্ডিজ        ৬

২৬       জিম্বাবুয়ে        ৬

২৪       ইংল্যান্ড          ৫

২০       শ্রীলঙ্কা          ৫

২০       নিউজিল্যান্ড     ৬

১৩       ভারত           ৫

১৩       দ. আফ্রিকা      ৬

৯          পাকিস্তান        ৪

১থেকে১৫০

উইকেট ম্যাচ ইনিংস   বল    ব্যাটসম্যান      দল           ভেন্যু        সাল              

১        ৪     ৪    ৩০৭   ক্রেগ কামিং    নিউজিল্যান্ড           ওয়েলিংটন     ২০০৮     

৫০    ১৫    ২২   ২৯৯৪  ভিভিএস লক্ষ্মণ            ভারত     চট্টগ্রাম         ২০১০     

১০০   ২৮   ৪৬  ৬৯৪৪  ড্যারেন স্যামি  ও. ইন্ডিজ  খুলনা     ২০১২

১৫০  ৪৩   ৭০   ৯৯২২  জো রুট       ইংল্যান্ড    চট্টগ্রাম    ২০১৬

সংখ্যায় সংখ্যায়

বাংলাদেশ–ইংল্যান্ড

১ম টেস্ট ৩য় দিন

১ম

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে ১৫০ উইকেট হলো সাকিব

আল হাসানের

৩৮

ক্যারিয়ারে ১৫তম বারের ইনিংসে ৫ উইকেট পেয়েছেন সাকিব। ৩৮তম বোলার হিসেবে এ কীর্তি গড়লেন সাকিব।

১০

টেস্টে ১৫০ উইকেট পাওয়া দশম বাঁহাতি স্পিনার সাকিব।

দুইস্পিনার

দ্বিতীয়বারের মতো দুই প্রান্তে স্পিনার দিয়ে বোলিং উদ্বোধন করল বাংলাদেশ। এর আগে ২০১৪ সালে খুলনা টেস্টের দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলাম ও সাকিব আল হাসানের হাতে নতুন বল তুলে দিয়েছিলেন মুশফিকুর রহিম।

৭

টানা ৭টি ইনিংসে ইংল্যান্ডের ষষ্ঠ উইকেট জুটি পঞ্চাশ পেরিয়েছে।

৬৫–তে৫২

টেস্টে মোট ৬৫ জন বল করেছেন বাংলাদেশের হয়ে। কাল বেয়ারস্টোকে আউট করে ৫২তম বোলার হিসেবে কামরুল ইসলাম পেয়েছেন উইকেটের দেখা।

মাত্র৫

০, ৩, ১, ১—চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় ও তৃতীয় উইকেট জুটিতে ইংল্যান্ডের রান। ইতিহাসেই এই দুই জুটিতে কোনো ম্যাচে এত কম রান করেনি ইংল্যান্ড।