তবু জয় দেখছেন চিগুম্বুরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার চতুর্থ দিন থেকে চট্টগ্রামের তৃতীয় দিন। এর মাঝে সিরিজ হেরে বসে আছে জিম্বাবুয়ে। নিশ্চিত হয়েছে র্যাঙ্কিংয়ে অবনমন। চোখ রাঙাচ্ছে এখন ধবলধোলাই। কিন্তু বদলায়নি এলটন চিগুম্বুরার ভাবনা। খুলনায় চতুর্থ দিন শেষে যখন জিম্বাবুয়ের পরাজয়টাই ছিল সবচেয়ে সম্ভাব্য ফল, চিগুম্বুরা সংবাদ সম্মেলনে দিলেন জয়ের ঘোষণা। এই টেস্টেও এখন জিম্বাবুয়ে না হারলে সেটিই হবে বিস্ময়ের। কালও চিগুম্বুরার কণ্ঠে একই উচ্চারণ, ‘এখনো জিততে পারি আমরা।’
জিম্বাবুয়ের ওয়ানডে অধিনায়কের কথা শুনে অবাক হতে পারেন। তবে জয়ের ফর্মুলাটা শুনুন তাঁর কণ্ঠেই, ‘ওরা দেড় শ রানে এগিয়ে আছে। কাল আমরা চাইব যতটা সম্ভব কম রানে বেঁধে রাখতে। চাইব এমন রানে আটকে ফেলতে, যেটা আমরা তাড়া করতে পারি। আমাদের জন্য কালকের দিনটি হতে যাচ্ছে দারুণ গুরুত্বপূর্ণ।’
চিগুম্বুরার তত্ত্ব শুনে মুখ টিপে হাসতে পারেন। তবে যুক্তি শুনে নয়। হারার আগে হার মানতে চান না। নিজের ক্রিকেট-দর্শনটা এমন বলেই ক্ষান্তি দিতে চান না লড়াইয়ে, ‘ড্র করার জন্য খেলে কোনো লাভ নেই। মাঠে নামা মানে লক্ষ্য থাকতে হবে জয়। পাঁচ দিন খেলে ড্র করার কোনো মানে নেই। জয়ের জন্যই সব ম্যাচ খেলি আমরা। এখানেও চেষ্টা করে দেখব জিততে পারি কি না।’
দলের জন্য কালকের দিনটি ছিল চূড়ান্ত হতাশার। চিগুম্বুরার নিজের জন্য ছিল মিশ্র অনুভূতির। সিরিজে রানখরা কাটিয়ে খেলেছেন ক্যারিয়ার-সেরা ইনিংস। কিন্তু প্রথম টেস্ট সেঞ্চুরির সুবাস পেয়েও হারিয়ে ফেলেছেন আরেকবার। চিগুম্বুরার প্রতিক্রিয়াতেও উঠে এল সেই অম্ল-মধুর অনুভূতি, ‘মাইলফলক ছুঁতে চায় সবাই, তবে হতাশাও আসে প্রায়ই। এটাই ক্রিকেট। হয়তো বাজে একটা শট খেলেছি, আলসে শট। তবে রান পেয়েছি, এটাও স্বস্তির।’
দল যদি এমনই করতে থাকে, চিগুম্বুরার ব্যক্তিগত স্বস্তি তাহলে বাংলাদেশের জন্য খুব বেশি অস্বস্তির হবে না!