তবু তাসকিনকে কাঠগড়ায় তুলতে চান না রনকি

বিপিএলে একই দলের বিপক্ষে দুই রকম অভিজ্ঞতা হয়েছে তাসকিন আহমেদের। সিলেটে রংপুর রাইডার্সের বিপক্ষে অন্য রকম ‘হ্যাটট্রিক’ করে নায়ক হয়েছেন। আবার পরশু চট্টগ্রামে একই দলের বিপক্ষে শেষ বলে ছক্কা খেয়ে ‘খলনায়ক’!
আজ শেষ ওভারেও যেতে হয়নি, তাসকিনের করা ১৯তম ওভারে তিন চার মেরে খেলা শেষ করে দিয়েছে ঢাকা ডায়নামাইটসের দুই অপরাজিত ব্যাটসম্যান সাকিব আল হাসান-ক্যামেরন ডেলপোর্ট। এই হারে চিটাগং ভাইকিংস চলে গেছে খাদের কিনারায়। এমনই অবস্থা—ধাক্কাটাক্কা নয়, একটু টোকা খেলেই টুর্নামেন্ট থেকে তারা বিদায়। এবার বিপিএলে চিটাগংয়ের এই ত্রাহি মধুসূদন অবস্থার পেছনে বোলারদের ব্যর্থতাই দায়ী।
তবে এই কাঠগড়ায় অন্তত তাসকিনকে তুলতে চান না চিটাগং অধিনায়ক লুক রনকি। ১২ উইকেট নিয়ে দলের বোলারদের মধ্যে সবার ওপরেই আছেন বাংলাদেশ দলের পেসার। যদিও ৯.৭০ ইকোনমি এবং ২২.৫০ গড় বলে দিচ্ছে একটি উইকেটের জন্য কতটা মুক্তহস্তে রান বিলাতে হয়েছে তাসকিনকে!
দলের বোলিং আক্রমণের নেতৃত্বটা যেহেতু তাসকিনের কাঁধেই ছিল, প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছেন তিনি? রনকি অবশ্য আগলেই রাখছেন তাসকিনকে, ‘সে আমাদের জন্য অনেক চেষ্টা করেছে। আমাদের অনেক বড় বোলার। আজও ভালো বোলিং করেছে। শেষ দিকে বলের তুলনায় রান বেশি দরকার ছিল না। ইনিংসের শুরুতে ভালো বোলিং করেছে। আগের দিনও সে দুর্দান্ত করেছে। তাসকিন আমাদের উইকেট এনে দিয়েছে, যেটা গুরুত্বপূর্ণ। ফাস্ট বোলারের কাছ থেকে আপনি উইকেট চাইবেন। সেটা সে এনে দিয়েছে। এটা ছাড়া আমাদের খেলা অসম্ভব হয়ে যেত।’