তবু নিশ্চিত নয় সাইফদের সেমিফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫০ ওভারে করতে হবে ৭১ রান। নেহাতই ছোট লক্ষ্য, প্রতিপক্ষ আবার সিঙ্গাপুর। শুরু থেকে ধুমসে পেটাতে শুরু করেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যানরা। ২ ওভারেই তাঁরা তুলে ফেলেন ৩৯ রান! এর মধ্যে অধিনায়ক সাইফ হাসানের রান ১১ বলে ৩৩। গলে কাল যুব এশিয়া কাপে ছোট লক্ষ্য ৭ উইকেট হাতে রেখে বাংলাদেশ পেরিয়েছে মাত্র ৫ ওভারেই।
টসে জিতে সিঙ্গাপুরকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। পেসার আবদুল হালিমের অসাধারণ বোলিংয়ে ভেঙে পড়ে সিঙ্গাপুরের টপ অর্ডার। ১৩.৩ ওভারে তাদের ৩৮ রানে যে ৪ উইকেট পড়েছে, তার ৩টিই হালিমের। ধাক্কাটা আর কাটিয়ে উঠতে পারেনি সিঙ্গাপুর। ২৫.৫ ওভারে ৭০ রানে অলআউট হওয়া দলটির ওপেনার রোহান রঙ্গরাজনই শুধু দুই অঙ্ক (২৩) ছুঁতে পেরেছেন। ম্যাচসেরা হয়েছেন হালিম।
দলের ম্যানেজার এহসানুল হক জানিয়েছেন, রানরেট বাড়িয়ে নিতে বাংলাদেশ গতকাল শুরু থেকেই চড়াও হয়েছে। এই জয়ে একটি বোনাস পয়েন্ট পেয়েছেন তাঁরা।
তবে ২ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে শীর্ষ দল হয়েও বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়নি। একই দিনে মাতারায় পাকিস্তানকে আফগানিস্তান ২১ রানে হারিয়ে দেওয়ায় হিসাব একটু কঠিন হয়ে গেছে। ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে পাকিস্তান আর ৪ পয়েন্ট নিয়ে আফগানিস্তান তিনে। গলে আগামীকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে পাকিস্তানের সঙ্গে। হারলে সাইফদের পড়তে হবে গাণিতিক হিসাবের মারপ্যাঁচে।
সংক্ষিপ্ত স্কোর
সিঙ্গাপুর অনূর্ধ্ব-১৯: ২৫.৫ ওভারে ৭০ (রোহান ২৩, হানশুল ৯, অংশ ৬; নাঈম ৩/১৬, হালিম ৩/২১, শাখাওয়াত ২/১৮)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৫ ওভারে ৭১/৩ (সাইফ ৩৩, রকিব ১৩*, সজীব ৭*; অংশ ২/৩৪, রোহান ১/৭)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ৭ উইকেটে জয়ী।