অধিনায়কত্ব অ্যাঞ্জেলো ম্যাথুসকে যেমন পরিণত করেছে, তেমনি তাঁর ব্যাটটাকেও করে তুলেছে চওড়া। ক্যারিয়ারের ছয়টি টেস্ট সেঞ্চুরির পাঁচটিই করলেন অধিনায়কত্ব পাওয়ার পর! ম্যাথুসের সেঞ্চুরির পরও শেষ ৭ উইকেট মাত্র ৬৫ রানে হারিয়ে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে অলআউট ৩০৬ রানে। সুযোগটাও লুফে নিতে দেরি করেনি ভারত। দিন শেষে প্রথম ইনিংসের ৮৭ রানের লিডটাকে সফরকারীরা নিয়ে গেছে ১৫৭ রানে।
১৪০ রানে ৩ উইকেট নিয়ে দিন শুরু করে শ্রীলঙ্কা এগোচ্ছিল দৃঢ়তার সঙ্গেই, প্রথম সেশনে হারায়নি ১ উইকেটও। লাহিরু থিরিমান্নে ও অ্যাঞ্জেলো ম্যাথুস চতুর্থ উইকেটে গড়েন ১২৭ রানের জুটি। পি সারা ওভালে চতুর্থ উইকেটে এটি তাদের তৃতীয় সর্বোচ্চ। এতে ভর করে বড় রানেরই স্বপ্ন দেখছিল শ্রীলঙ্কা। তবে জুটিটি ভাঙেন ইশান্ত শর্মা, ঋদ্ধিমান সাহাকে ক্যাচ দিয়ে থিরিমান্নে ফিরে যান ৬২ রান করে। তারপরই অবশ্য ম্যাথুসের সেঞ্চুরি পূর্ণ হয়। ২০১৩ সালে অধিনায়কত্ব পাওয়ার পর ১৪তম পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেললেন এই অলরাউন্ডার। দিনেশ চান্ডিমালের সঙ্গে ১৮ ও জিহান মুবারকের সঙ্গে ২৫ রানের জুটি গড়ে তোলার পর স্টুয়ার্ট বিনির প্রথম টেস্ট উইকেটে পরিণত হন ম্যাথুস। স্বাগতিকদের গুটিয়ে দেন পরে রবিচন্দ্রন অশ্বিন ও অমিত মিশ্র। লেগ স্পিনে ৪৩ রানে ৪ উইকেট নিয়েছেন মিশ্র।
ভারতের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই লোকেশ রাহুলের স্টাম্প উপড়ে দারুণ শুরুর ইঙ্গিতই দিয়েছিলেন শ্রীলঙ্কান পেসার ধাম্মিকা প্রসাদ। স্কোরবোর্ডে রান তখন ৩। কিন্তু দিন শেষে ৬৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বিপদ বাড়তে দেননি মুরালি বিজয় ও অজিঙ্কা রাহানে। বিজয় ৩৯ ও রাহানে ২৮ রানে থেকে আজ শুরু করবেন চতুর্থ দিনের ব্যাটিং। সনি সিক্স, ক্রিকইনফো।