তবু মরগানরাই এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরফরাজ আহমেদের (বাঁয়ে) ছবিটা পুরোনো, তবে পরশু শ্রীলঙ্কার বিপক্ষে অধিনায়কের দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যেই চ্যাম্পিয়নস ট্রফিতে এখন নতুন আশা দেখছে পাকিস্তান। স্বাগতিক ইংল্যান্ড অবশ্য ভালো কিছুর আশা নিয়েই শুরু করেছে টুর্নামেন্ট। কাল অনুশীলনে নামার আগে অধিনায়ক এউইন মরগান (ডানে) হয়তো সে সংকল্পটার কথাই মনে করেলন l রয়টার্স
সরফরাজ আহমেদের (বাঁয়ে) ছবিটা পুরোনো, তবে পরশু শ্রীলঙ্কার বিপক্ষে অধিনায়কের দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যেই চ্যাম্পিয়নস ট্রফিতে এখন নতুন আশা দেখছে পাকিস্তান। স্বাগতিক ইংল্যান্ড অবশ্য ভালো কিছুর আশা নিয়েই শুরু করেছে টুর্নামেন্ট। কাল অনুশীলনে নামার আগে অধিনায়ক এউইন মরগান (ডানে) হয়তো সে সংকল্পটার কথাই মনে করেলন l রয়টার্স

একদিকে স্বাগতিক ইংল্যান্ড, চ্যাম্পিয়নস ট্রফিতে যারা এখনো কোনো ম্যাচ হারেনি। সর্বশেষ ১২ ওয়ানডেতে যাদের ১১ জয়! অন্যদিকে নড়বড়ে পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠে এলেও যাদের পারফরম্যান্স খুব আহামরি কিছু নয় এখন পর্যন্ত। সর্বশেষ ১২ ওয়ানডেতে ছয়টি জয়ের পাশাপাশি ছয়টি হার।
কী মনে হচ্ছে, কার্ডিফে আজ প্রথম সেমিফাইনালে ইংল্যান্ড একতরফা ফেবারিট? সাদা চোখে এটাই মনে হওয়ার কথা। বিশেষ করে, দুই দলের সর্বশেষ সিরিজটা যেখানে ইংল্যান্ড জিতেছে ৪-১ ব্যবধানে!
কিন্তু দলটা যে পাকিস্তান! ক্রিকেটের সহজ হিসাব-নিকাশ বেশির ভাগ সময় উল্টে দেওয়ায় যাদের জুড়ি নেই। নইলে চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে কজন ভেবেছিল, এই গ্রুপ থেকে পাকিস্তান শেষ চারে জায়গা করে নেবে! এক অর্থে তো টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দুটি দলের একটা ছিল তারা। কিন্তু সেই পাকিস্তানই ওয়ানডে র্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে সেমিফাইনাল খেলছে! এমন একটা দলকে কি আর ম্যাচের আগেই বাতিল করে দেওয়া যায়?
এত কিছুর পরেও সত্যিটা হচ্ছে, সব দিন তো আর ‘পাকিস্তানি অঘটন’ সম্ভব নয়। বেশির ভাগ দিন ক্রিকেটীয় হিসাব-নিকাশেরই জয় হবে। আর সেই ক্রিকেটীয় হিসাব-নিকাশে এই মুহূর্তে ইংল্যান্ড যোজন এগিয়ে। কতটা পিছিয়ে আছে পাকিস্তান, সেটি একটু স্পষ্ট করে দেওয়া যাক। এখন পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করা ১০ ব্যাটসম্যানের তালিকায় একজন পাকিস্তানিও নেই, ইংল্যান্ডের আছেন তিনজন। পাকিস্তানের কারও সেঞ্চুরি নেই, ফিফটিও মোটে তিনটা। সবচেয়ে বেশি রান আজহার আলীর (৯৩)। অন্যদিকে ইংল্যান্ডের সেঞ্চুরি আছে দুটি, চারটি হাফ সেঞ্চুরি। সবচেয়ে বেশি রান জো রুটের (২১২)। বোলিংয়ে অবশ্য ব্যবধানটা এত নয়। কমপক্ষে ছয়টি উইকেট পেয়েছেন, এমন বোলারদের তালিকায় ইংল্যান্ডের আছেন দুজন—লিয়াম প্লাঙ্কেট ও আদিল রশিদ, পাকিস্তানের শুধু হাসান আলী।
দলীয় শক্তির এই ব্যবধানটা জানেন বলেই পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ বলেছেন, ‘ইংল্যান্ড আসলে দুই বছর ধরেই অসাধারণ ক্রিকেট খেলছে। আপনি যখন এ রকম একটা বিশ্বমানের দলের বিপক্ষে খেলবেন, আপনাকে অনেক ইতিবাচক থাকতে হবে।’
দুর্দান্ত ক্রিকেট খেলছে বলেই ইংল্যান্ডের দুশ্চিন্তাও কম। ব্যাট হাতে জো রুট, বেন স্টোকস, এউইন মরগান আর অ্যালেক্স হেলসরা ফর্মে আছেন, বল হাতে প্লাঙ্কেট-রশিদ-মার্ক উডরা। মরগানের এই দলের ফিল্ডিং দুর্দান্ত। তবে ওপেনার জেসন রয় তিন ম্যাচের একটিতেও রান পাননি। আজ খেলালে তাঁর কাছে বড় রানই চাইবে দল। একই সঙ্গে সম্ভাবনা আছে তাঁর বদলে জনি বেয়ারস্টোর দলে ঢুকে যাওয়ারও।
আইসিসির ওয়ানডে টুর্নামেন্টগুলো বিবেচনায় নিলে, দুই দলের মুখোমুখি লড়াইয়ে সমতাই দেখা যাচ্ছে। ৯ ম্যাচে ইংল্যান্ড ও পাকিস্তান দুই দলেরই ৪টি করে জয়। একমাত্র পরিত্যক্ত ম্যাচটা ১৯৯২ বিশ্বকাপের প্রথম পর্বে। যে ম্যাচ থেকে পাওয়া ১ পয়েন্ট ওই বিশ্বকাপে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার পেছনে বড় ভূমিকা রেখেছিল। তারপর ফাইনালে সেই ইংল্যান্ডের বিপক্ষেই জিতে রূপকথা লিখেছিল পাকিস্তান।
ইংল্যান্ডের দুঃসহ সেই স্মৃতিতে কিছুটা হলেও প্রলেপ দিতে পারে আজ পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে জয়। পারবেন কি এউইন মরগানরা? এএফপি, রয়টার্স।