তবু মাথা উঁচু ম্যাঙ্গোঙ্গোর!
দলে তিনি কড়া হেডমাস্টার। পান থেকে চুন খসলে আর রক্ষে নেই। সংবাদমাধ্যমের সামনে নাটুকে চরিত্র। নাটকীয় উচ্চারণে নানা অঙ্গভঙ্গিতে কথা বলেন, যাতে থাকে শিরোনাম হওয়ার সব উপকরণ। সিরিজের আগেই বাংলাদেশকে প্রায় আকাশে তুলে দিয়ে, ‘বাঘের আস্তানায় এসে বাঘের সঙ্গে হেলাফেলা করলে মৃত্যু অনিবার্য’ ধরনের সংলাপ বলে একরকম অসহায় আত্মসমর্পণ করেছিলেন। তাই বলে দুই সিরিজ মিলিয়ে ৮-০-তে হেরেও মাথা উঁচু থাকবে তাঁর?
চরিত্র যখন স্টিভেন ম্যাঙ্গোঙ্গো, অবিশ্বাস্য নয় কিছুই। এই দলটিই কিছুদিন আগে অস্ট্রেলিয়াকে হারিয়ে, দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই করে ইঙ্গিত দিয়েছিল উন্নতির। এবার হোক বাংলাদেশের মাটিতে, সব ম্যাচ হেরে যাওয়া নিশ্চয়ই পেছন পানে হাঁটা? জিম্বাবুয়ে কোচ তা মানতে নারাজ, ‘আমার মনে হয় না আমরা পেছনে হাঁটলাম। বাংলাদেশের মাটিতে বাংলাদেশকে হারানো সব সময়ই কঠিন। বাংলাদেশে এসেই আমি বলেছিলাম বাঘকে তার জঙ্গলে পরাভূত করা কঠিন। বাংলাদেশের বোলিং আক্রমণ দুর্দান্ত, সিনিয়র ব্যাটসম্যানরাও দায়িত্ব নিয়ে খেলে। নিজেদের দিনে ওরা যেকোনো দলকে হারাতে পারে। আমরা তাই মাথা উঁচু করেই ফিরছি। বাংলাদেশ যোগ্য দল হিসেবেই জিতেছে।’
কোচ যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুন, বাস্তবতা ফুটে উঠছে পারফরম্যান্সেই। অ্যালিস্টার ক্যাম্পবেল, হিথ স্ট্রিকের মতো সাবেকেরা বারবার শঙ্কিত দলের দুরবস্থায়। এই সিরিজেই প্রথম আলোকে দেওয়া ক্যাম্পবেলের সাক্ষাৎকার তো নাড়িয়ে দিয়েছে জিম্বাবুয়ের ক্রিকেটাঙ্গন। বর্তমান দলের কোচিং স্টাফে এক ডগলাস হোন্ডো ছাড়া নেই কোনো সাবেক ক্রিকেটার। নেই এমনকি নির্বাচক প্যানেলেও। কোনো টেস্ট দল এভাবে চলতে পারে, সেটা অবিশ্বাস্য ঠেকেছে ক্যাম্পবেলের।
ম্যাঙ্গোঙ্গো যথারীতি নিজের ঢংয়েই উত্তর দিলেন এটির, ‘জিম্বাবুয়ে একটি গণতান্ত্রিক দেশ। ক্যাম্পবেল সাবেক অধিনায়ক, নিজের মতামত প্রকাশ করতে পারে অবশ্যই। তবে আমরা আগেও দেখেছি যখন ক্যাম্পবেল, স্ট্রিক, গ্রান্ট ফ্লাওয়ারের মতো সাবেকেরা ছিল, তখনো জিম্বাবুয়ের কী অবস্থা ছিল। আর অস্ট্রেলিয়ার মতো দলে কোচ ছিলেন জন বুকানন, যিনি ক্রিকেট খুব একটা খেলেননি, কিন্তু কোচ হিসেবে ছিলেন দারুণ সফল। আমি তাই বুঝতে পারছি না এসব কথা কীভাবে ওঠে।’
বুকাননের দলের মতো হেইডেন-ওয়ার্ন-পন্টিং-গিলক্রিস্টরা যে জিম্বাবুয়ে দলে নেই, এটা নিশ্চয়ই ম্যাঙ্গোঙ্গোও বোঝেন। বাস্তবতা তাই জিম্বাবুয়ের জন্য খুবই কঠিন, অন্ধকার ধেয়ে আসছে সামনে!