তবু লোয়ি আসতেই বলছেন ইংল্যান্ডকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তার কারণ দেখিয়ে গত বছর অক্টোবরে বাংলাদেশ সফর বাতিল করে অস্ট্রেলিয়া। তবে ঠিক কী ধরনের নিরাপত্তাশঙ্কা ছিল, সেটি তখন অস্ট্রেলিয়া সরকার বা ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে পরিষ্কার করা হয়নি। কিন্তু কাল ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল-এর এক প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশ সফরের সময় অস্ট্রেলিয়া দলের ওপরই হামলার আশঙ্কা ছিল!
ডেইলি মেইলকে এ তথ্য দিয়েছেন ওই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাইপারফরম্যান্স ইউনিটের প্রধান কোচ ম্যাল লোয়ি। সাবেক এই ইংলিশ ক্রিকেটারের দাবি, ওই হামলার আশঙ্কা থেকেই তিনি বিসিবির চাকরি ছেড়ে চলে গেছেন। তবে লোয়ি আবার একই সঙ্গে ইংল্যান্ড দলকেও উৎসাহিত করেছেন বাংলাদেশ সফরে আসতে।
ডেইলি মেইল-এর সঙ্গে এক সাক্ষাৎকারে লোয়ি বলেছেন, ‘যে সপ্তাহে আমি ফিরে এলাম, তখন অস্ট্রেলিয়া দল বাংলাদেশে আসেনি। কারণ সন্ত্রাসীরা সফরকারী দলের একটা সংবর্ধনা অনুষ্ঠানে হামলার পরিকল্পনা করেছিল।’
কী রকম পরিকল্পনা সেটিও নাকি জানতে পেরেছিলেন লোয়ি, ‘আমার বসের স্ত্রী অস্ট্রেলিয়ানদের সঙ্গে অনুষ্ঠানটা আয়োজন করছিলেন। অস্ট্রেলিয়া সরকার গোপন সূত্রের মাধ্যমে কী হতে যাচ্ছে, সেই পরিকল্পনাটা জেনেছিল। সন্ত্রাসীদের পরিকল্পনা সফল হয়নি, কারণ অস্ট্রেলিয়া দলই আসেনি বাংলাদেশে।’
তবে এসবের পরও লোয়ি মনে করেন, ইংল্যান্ডের বাংলাদেশ সফরে আসা উচিত। সাক্ষাৎকারেই বলেছেন, ‘আমি নিশ্চিত, ইংল্যান্ডের ছেলেরা যখন সেখানে যাবে, সবকিছু দেখেশুনেই ব্যবস্থা নেওয়া হবে। আমি তো একা একজন পশ্চিমা নাগরিক ছিলাম। কিন্তু ওখানে ওদের সবাইকে যেভাবে দেখাশোনা করা হবে, তাতে তাদের অবশ্যই যাওয়া উচিত।’ সূত্র: ডেইলি মেইল।