তবু সন্তুষ্ট হাথুরুসিংহে

বিকেল পেরিয়ে প্রায় সন্ধ্যা। অন্ধকার ক্রমেই ঘন হয়ে উঠছে। কোচ চন্ডিকা হাথুরুসিংহের তবু মাঠ থেকে ওঠার নাম নেই। শেরেবাংলা স্টেডিয়ামের উইকেটের পাশে দাঁড়িয়ে বোলিং কোচ হিথ স্ট্রিক, টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ও সহ-অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে কী নিয়ে যেন আলোচনা চলছে তো চলছেই।
হতে পারে আলোচনাটা বল নিয়ে। অনেক দিন ধরেই বাংলাদেশের মাটিতে টেস্ট ম্যাচ খেলা হচ্ছে কোকাবুরা বল দিয়ে। কিন্তু এবার জিম্বাবুয়ে সিরিজের তিনটি টেস্ট এসজি বল দিয়ে খেলার জন্য বোর্ডের কাছে প্রস্তাব দেন হাথুরুসিংহে। বোর্ড প্রস্তাবটা মেনে নিলেও আপত্তি উঠেছিল খেলোয়াড়দের মধ্য থেকে। দীর্ঘদিনের অভ্যস্ততা থেকে সরে এসে এসজি টেস্ট বল দিয়ে খেলতে রাজি হচ্ছিলেন না তাঁরা। অগত্যা কোচ সিদ্ধান্ত নিয়েছিলেন, তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংস কোকাবুরা এবং দ্বিতীয় ইনিংস এসজি টেস্ট বল দিয়ে খেলাবেন। এরপর যেটা ভালো মনে হবে, জিম্বাবুয়ে সিরিজে খেলা হবে সেই বল দিয়ে। ম্যাচ শেষে হাথুরুসিংহে কাল বোর্ডকে চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছেন, জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি টেস্ট হবে এসজি টেস্ট বল দিয়েই।
কাল শেষ হওয়া প্রস্তুতি ম্যাচের মূল উদ্দেশ্য অবশ্য বল নিয়ে গবেষণা ছিল না। উদ্দেশ্য ছিল সবাইকে একটু ম্যাচ অনুশীলন করানো, ব্যাট হাতে যাঁরা ফর্মে ছিলেন না কিছু রান করে তাঁদের আত্মবিশ্বাসী হয়ে ওঠার সুযোগ করে দেওয়া এবং বোলাররা যেন যথেষ্ট বল করতে পারেন, সেটা দেখা। ম্যাচ শেষে কোচের কণ্ঠে সন্তুষ্টি, সবগুলো উদ্দেশ্যই পূরণ হয়েছে ভালোভাবে। ‘প্রস্তুতিতে আমি খুবই সন্তুষ্ট। যারা টেস্ট ম্যাচে খেলার প্রতিদ্বন্দ্বিতায় আছে, তারা বোলিং-ব্যাটিং ভালো করেছে। এ ছাড়া অন্য কোচদের সঙ্গে ওরা যেসব কাজ করেছে বা ফিটনেস ট্রেনিং, সবকিছুতেই আমি সন্তুষ্ট’—সন্ধ্যার আলো-আঁধারির মধ্যে দাঁড়িয়ে বলছিলেন হাথুরুসিংহে।
কেউ সেঞ্চুরি না পেলেও প্রস্তুতি ম্যাচে ছিল ফিফটির ছড়াছড়ি। আগের দিন সবুজ দলের তামিম ৯২ করেছেন, মুমিনুল ৮৪। লাল দলের দ্বিতীয় ইনিংসে ফিফটি করেছেন মিঠুন (৫৩), মুশফিকুর (৫৯*) ও নাসির (৬৫)। ৮ উইকেটে ম্যাচজয়ী সবুজ দলের দ্বিতীয় ইনিংসেও আছে দুই ফিফটি। ওপেনার শামসুর ৭৭ রান করে অবসর নিয়েছেন, শুভাগতর ব্যাট থেকে এল ৬১। এতগুলো ফিফটি, অথচ এক শ পার করা ইনিংস নেই একটিও! বিষয়টা কোচের কপালেও ফেলছে চিন্তার ভাঁজ, ‘টেস্ট ম্যাচেও যদি এটা হয়, তাহলে তো অবশ্যই চিন্তার বিষয়।’ সঙ্গে অবশ্য এটাও বলে দিলেন, ‘এখানে মূল বিষয়টা ছিল মাঠের মাঝখানে বেশি বেশি সময় কাটানো। অনেককে অবসর নিতে বলা হয়েছে। আমি মনে করি স্কোরবোর্ডে কিছু রান পাওয়া গেছে, সেটাই সবচেয়ে ইতিবাচক দিক।’
বোলারদের পারফরম্যান্সও সন্তুষ্ট করতে পেরেছে কোচকে। বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর আবুল হাসানকে মাঠে কালই প্রথম দেখলেন হাথুরুসিংহে এবং এই পেসারের বোলিংকে ‘ভালো’র ছাড়পত্রও দিলেন। সন্তুষ্ট শাহাদাত হোসেনের বোলিংয়েও। তবে পুনশ্চর মতো যেটা যোগ করে দিলেন, শাহাদাতের জন্য সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, ‘তাকে (শাহাদাতকে) ফিটনেসে আরও উন্নতি আনতে হবে।’
বল হাতে স্পিনাররা খুব বেশি সাফল্য না পেলেও তাতে হতাশ নন হাথুরুসিংহে। উল্টো বললেন, কন্ডিশনটাই আসলে স্পিনারদের অনুকূলে ছিল না, ‘আমাদের ব্যাটসম্যানরা স্পিনের বিপক্ষে ভালো খেলে। তা ছাড়া স্পিনাররা উইকেট থেকে বলতে গেলে কিছুই পায়নি। আজ (গতকাল) তৃতীয় দিনের উইকেটে খেলা হলো। টেস্টে তো আমি টার্ন আশা করব চতুর্থ এবং পঞ্চম দিনে। স্পিনাররা যথেষ্ট বল করতে পেরেছে, এটাই বড় কথা।’
দেশের মাটিতে খেলা বলে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশকেই ফেবারিট বলে রায় দিয়ে দিচ্ছেন তিনি, ‘স্বাগতিক হিসেবে আমাদেরই ভালো করা উচিত। যেহেতু আমরাই বেশি সুবিধা পাব, সিরিজটা আমাদেরই জেতা উচিত।’ তবে ভুলে গেলেন না জিম্বাবুয়ের সাম্প্রতিক পারফরম্যান্সও, ‘তার পরও জিম্বাবুয়েকে আমরা হালকাভাবে নিতে পারি না। সম্প্রতি তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে। নিজেদের মাটিতে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে এসেছে।’