তবু সাফল্যের ঔজ্জ্বল্যই বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬৮ রানের ইনিংসের পথে আরও একটি পুল মুমিনুলের। কাল মিরপুরে  l প্রথম আলো
৬৮ রানের ইনিংসের পথে আরও একটি পুল মুমিনুলের। কাল মিরপুরে l প্রথম আলো

৩২৮ রানের হার। লজ্জা, অপমান, হতাশা—কত প্রতিশব্দেই না প্রকাশ করা যায় এমন পরাজয়ের অন্তর্জ্বালা! কিন্তু লিখতে বসে এগুলোর কোনোটাই আসছে না কলমের আগায়। আসলে ঢাকা টেস্টে এক দিন বাকি থাকতে এই হার সাফল্যমণ্ডিত একটা সিরিজের গায়ে মলিন চাদরই জড়িয়ে দিতে পেরেছে কেবল। ঢাকতে পারেনি সাফল্যের ঔজ্জ্বল্য।
পাকিস্তান সিরিজের আগের কথা ভাবুন। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলে আসা বাংলাদেশ দলের জন্য যেন অপেক্ষা করছিল কঠিন এক পরীক্ষা। বিশ্বকাপে ভালো খেলে আসার ভাবমূর্তি ধরে রাখতে হবে। অন্তত একটা ওয়ানডে ম্যাচ তো জিততেই হবে, লড়াই করতে হবে টেস্টেও। যেন কেউ বলতে না পারে বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স ছিল ঝড়ে বক মারার মতো ব্যাপার। মোটকথা, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড থেকে যে লড়িয়ে বাংলাদেশের চেহারাটা নিয়ে আসা গেছে, পাকিস্তান সিরিজে সেটা যেন খসে না পড়ে, এই ছিল চ্যালেঞ্জ। কিন্তু তা যে ওয়ানডেতে পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ করেও ধরে রাখা সম্ভব কিংবা একমাত্র টি-টোয়েন্টি জিতে বা খুলনায় প্রতাপশালী এক ড্রতেও বাস্তব হতে পারে, তা কে ভেবেছিল?
একটার পর একটা ম্যাচ হতে লাগল আর সেই ভাবনার অতীত ব্যাপারটাই ধরা দিতে লাগল বাস্তব হয়ে। প্রতি ম্যাচেই নতুন আত্মবিশ্বাস, নতুন শক্তির আবির্ভাব। ওয়ানডেতে তিনে তিন, টি-টোয়েন্টিতে একে এক। তাতে জয় ব্যাপারটা এমন আটপৌরে হয়ে গেল যে খেলোয়াড়েরা উৎসব করাও ছেড়ে দিলেন। যেন পাকিস্তানের বিপক্ষে জয়টাই প্রাপ্য, অন্য কোনো ফলাফলই অনাকাঙ্ক্ষিত! মাঠ ছাড়ার সময় সবার নির্বিকার ভাব ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে নিয়মিত প্রশ্ন তুলেছে—‘আপনারা জয় উদ্যাপন করছেন না কেন? ’
সীমিত ওভারের ম্যাচে অপরাজিত থাকার সাফল্য টেস্টে প্রত্যাশার সীমা দিল বাড়িয়ে। খুলনায় প্রথম ইনিংসে ৩৩২ রান করে নড়বড়ে শুরু হলেও দ্বিতীয় ইনিংসের জাদুকরি অঙ্ক ‘৫৫৫’ দৃশ্যপটে নিয়ে এল নতুন রং। তামিম ইকবালের ডাবল সেঞ্চুরি আর ইমরুল কায়েসের দেড় শ রানের ধাক্কায় জেতা টেস্ট ড্র করে ঢাকায় ফিরল পাকিস্তান। ওয়ানডে আর টি-টোয়েন্টির অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কাছ থেকে সাফল্যের ব্যাটন হাতে পাওয়া মুশফিকুর রহিমের দল তখন উত্তুঙ্গ আত্মবিশ্বাসী। ঢাকায় ডানা মেলল আরও বড় কিছু ঘটিয়ে আরও বড় কিছুর স্বপ্ন।
সেই স্বপ্ন শেষ পর্যন্ত সত্যি হয়নি। তবে তাতে মিছে হয়ে যায়নি আগের সাফল্যগুলো। বিশ্বকাপ নয়, বাংলাদেশ দলের এমন বদলে যাওয়ার ‘শুরু’ আসলে গত জিম্বাবুয়ে সিরিজ থেকেই। কাল ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে মুশফিকও মনে করিয়ে দিলেন, ‘জিম্বাবুয়ে সিরিজ থেকেই বাংলাদেশ খুব ভালো খেলছে। সাত মাস ধরে আমরা যে রকম ক্রিকেট খেলেছি, এমন ধারাবাহিক ক্রিকেট বাংলাদেশ দল খুব কমই খেলেছে। ব্যক্তিগতভাবে অনেকে হয়তো অনেক ভালো খেলেছি, কিন্তু দল হিসেবে খুব কমই এমন খেলেছি।’ এমন সাফল্যকে তিনি বলছেন ‘ইতিহাস’, ‘আমার মনে হয়, ইতিহাসে এই প্রথম এমন একটা সিরিজ গেল, যেখানে আমরা এত ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলেছি।’

.
.

শেষ টেস্টে বড় হারের জ্বালা ক্রিকেটারদের সবার মনেই আছে। কিন্তু একটা সময়ে যে রকম সিরিজ শেষে পুরো সিরিজেরই ব্যর্থতার ফিরিস্তি দিতে হতো, এবারের ব্যাপারটা তা থেকে ভিন্ন। শেষ টেস্টের কথা বলতে বলতে ক্রিকেটাররা ফিরে যাচ্ছেন পেছনে, যেখানে উড়ছে শুধুই সাফল্যের রেণু। কাল মুঠোফোনে মুমিনুল হক যেমন বলছিলেন, ‘বিশ্বকাপে আমরা ভালো খেলে এসেছি। সে কারণেই মনে হচ্ছিল ওয়ানডে সিরিজটা জিততে পারি। আর সিরিজ জিতলে হোয়াইটওয়াশ কেন নয়? আমার আগেই মনে হয়েছিল এ রকম একটা কিছু হতে পারে।’ মুমিনুলের আশা, পাকিস্তান সিরিজের সাফল্য সামনের সিরিজগুলোতে আত্মবিশ্বাসের বড় জ্বালানি হবে, ‘বিশেষ করে ব্যাটিংয়ে এটা বিরাট উপকার করবে। পাকিস্তানের বোলিং আক্রমণের বিপক্ষে খেললে এমনিতেই ব্যাটিংয়ে উন্নতি আসে। এই সিরিজে যারা ভালো রান করেছে, তাদের কাজটা সামনের সিরিজগুলোতে সহজ হয়ে যাবে।’
সাকিব আল হাসান অবশ্য ওয়ানডে, টি-টোয়েন্টিতেও মুমিনুলের মতো অতটা আশাবাদী ছিলেন না। ওয়ানডেতে একটা জয় আসতে পারে—এই ছিল তাঁর সর্বোচ্চ আশা। ‘বাংলাওয়াশ’ আর একমাত্র টি-টোয়েন্টির জয় তাই সাকিবের চোখে বড় সাফল্য হিসেবেই ধরা দিচ্ছে। তবে তার চেয়েও বড় করে তিনি দেখছেন খুলনা টেস্টের ড্রটাকে, ‘খুলনা টেস্টের ড্রকেই আমি সবচেয়ে বড় সাফল্য বলব। ওটা ছিল অকল্পনীয়।’ তামিম ইকবাল আলাদা করে কোনো ম্যাচের কথা বললেন না। তাঁর দৃষ্টিতে পুরো সিরিজটাই বাংলাদেশের ক্রিকেটের জন্য এক সোনালি স্মারক, ‘প্রতিটা ম্যাচেই আমরা ভালো খেলেছি। ভালো দল হিসেবে জিতেছি। আমার মনে হয় না এত ধারাবাহিক কখনো ছিল বাংলাদেশ দল।’
এখন চ্যালেঞ্জ একটাই—সাফল্যের এই ধারাবাহিকতাকে যত দূর সম্ভব টেনে নিয়ে যাওয়া। আগামী মাসে আসবে ভারতীয় দল। এরপর দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া। ধারাবাহিকতার রেলগাড়ি যেন কোনো স্টেশনেই না থামে...।
টেস্ট সিরিজের বাংলাদেশ
ব্যাটিং
ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০
তামিম ইকবাল ২ ৪ ২৭৭ ২০৬ ৬৯.২৫ ১/০
ইমরুল কায়েস ২ ৪ ২৪৯ ১৫০ ৬২.২৫ ১/১
সাকিব আল হাসান ২ ৪ ২০৩ ৮৯* ১০১.৫০ ০/২
মুমিনুল হক ২ ৪ ১৮২ ৮০ ৪৫.৫০ ০/২
মাহমুদউল্লাহ ২ ৪ ১১৯ ৪৯ ২৯.৭৫ ০/০
শুভাগত হোম ২ ৪ ৭১ ৩৯ ৩৫.৫০ ০/০
সৌম্য সরকার ২ ৪ ৭০ ৩৩ ১৭.৫০ ০/০
মুশফিকুর রহিম ২ ৪ ৪৪ ৩২ ১১.০০ ০/০
তাইজুল ইসলাম, মোহাম্মদ শহীদ, রুবেল করেছেন ২৬, ২৫ ও ২ রান।
বোলিং
ওভার রান উইকেট সেরা গড় ৫/১০
তাইজুল ইসলাম ১০৭.৪ ৩৯৮ ১০ ৬/১৬৩ ৩৯.৮০ ১/০
মোহাম্মদ শহীদ ৬০.০ ১৫৪ ৫ ২/২৩ ৩০.৮০ ০/০
শুভাগত হোম ৫২.০ ২১৪ ৫ ২/৭৬ ৪২.৮০ ০/০
সাকিব আল হাসান ৭৫.০ ৩২৫ ২ ১/১৩৬ ১৬২.৫০ ০/০
মাহমুদউল্লাহ ৮.১ ৫০ ১ ১/৮ ৫০.০০ ০/০
সৌম্য সরকার ২৭.৪ ১০৪ ১ ১/৪৫ ১০৪.০০ ০/০
এছাড়াও বোলিং করেছেন রুবেল, শাহাদাত, মুমিনুল ও ইমরুল তবে কেউই উইকেট পাননি।