তবু স্পিনই মূল অস্ত্র
১৮ আর ১২-এর মধ্যে স্পষ্টতই অনেক ব্যবধান। চট্টগ্রাম টেস্টে ইংল্যান্ডের ১৮ উইকেট নিয়েছেন বাংলাদেশের স্পিনাররা, ইংল্যান্ডের স্পিনাররা সেখানে ১২টি। কন্ডিশন বিবেচনায় সংখ্যার দিক দিয়ে স্বাভাবিকভাবেই ইংলিশ স্পিনাররা পিছিয়ে থাকবেন। তবে সাকিবদের মতো মঈনরাও উইকেট যেভাবে কাজে লাগিয়েছেন, তাতে বাংলাদেশ-ইংল্যান্ডের মোড়কে সিরিজটা হয়ে উঠেছে স্পিনারদের লড়াই।
দুই দলের তিন বিশেষজ্ঞ স্পিনারের পরিসংখ্যান বিশ্লেষণ করলে অবশ্য এগিয়ে থাকে বাংলাদেশই। সাকিব আল হাসান, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের ৫৪ টেস্টে মিলিত উইকেটসংখ্যা ২০১। মঈন, আদিল ও ব্যাটি সেখানে ৪৩ টেস্টে নিয়েছেন ১০৮ উইকেট।
নিজেদের স্পিনারদেরই এগিয়ে রাখছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম, ‘বোলিংয়ে আমাদের মূল শক্তিই স্পিন। আমাদের স্পিনাররা অন্তত তিন কন্ডিশনে বোলিং করতে পারে। পুরোনো হোক বা নতুন বলে, আক্রমণাত্মক বা রক্ষণাত্মক, তারা বোলিং করতে পারে। এখানে ওয়ানডেতেও আমাদের স্পিনাররা নতুন বলে বোলিং করে অভ্যস্ত। সেদিক থেকে আমাদের স্পিনাররা এগিয়ে।’
মুশফিকের সঙ্গে সহমত অ্যালিস্টার কুকও। তবে তাঁদের স্পিনাররাও যে ঘূর্ণিবিষে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের নীল করতে পারেন, সেটিও জানিয়ে রাখলেন ইংলিশ অধিনায়ক, ‘এটা ঠিক, আমাদের স্পিনারদের চেয়ে তারা অনেক অভিজ্ঞ। তবে আমাদের স্পিনাররা কিছু বল এমন দুর্দান্ত করেছে, বিশেষ করে মঈনের প্রথম দুটি উইকেট, দুই দলের খুব বেশি বোলার নেই এমন বোলিং করতে পারে। এই কন্ডিশনে বাংলাদেশের বোলাররা স্বচ্ছন্দেই বোলিং করেছে। কারণ, এখানেই তারা বেড়ে উঠেছে। আপনি যখন ইংল্যান্ডে যাবেন বল সুইং করবে। সেখানে আমাদের পেসাররা ভালো করে। এটা পরিবেশের ব্যাপার। তবে আমরা আরও ভালো করতে উন্মুখ।’
ঢাকা টেস্টে স্পিনারদেরই জয়গান হবে, যদি উইকেটটা হয় চট্টগ্রামের মতোই স্পিন-সহায়ক। কিন্তু সেটি হবে কি না, এ নিয়ে নানা আলোচনা। উইকেট যেমনই হোক, মুশফিক অবশ্য চান সেটি শতভাগ কাজে লাগাতে, ‘ভালো জায়গায় বোলিং না করলে বা বল বুঝে না খেললে ভালো করা কঠিন। এখানে উইকেট যদি চট্টগ্রামের মতো না-ও হয় কিংবা আরও ভালো হয়; যেটাই হোক, দুই দলের জন্য সেটা একই রকম হবে।’
উইকেট নিয়ে মুশফিকের উত্তরটা কৌশলী, তবে কুক অকপট, ‘অতীত বলছে চট্টগ্রামের তুলনায় ঢাকার উইকেটে বল কম ঘোরে। তবে আমার মনে হচ্ছে, এই টেস্টে সেটা হয়তো হবে না। চট্টগ্রামের মতো এখানেও বাংলাদেশ স্পিনকেই নিজেদের মূল অস্ত্র মানছে ঘরের মাঠের সুবিধা নিতে। এই উইকেটেও টার্ন থাকবে।’
উইকেটের কথা ভেবেই বাংলাদেশ দলে একজন বাড়তি স্পিনার যোগ হওয়ার সম্ভাবনা আছে। ইংল্যান্ড দল থেকে অবশ্য বাদ পড়ছেন গ্যারেথ ব্যাটি। তাঁর জায়গায় খেলবেন অভিষেকের অপেক্ষায় থাকা জাফর আনসারি।
সবাই যখন আরেকটি স্পিন-লড়াই দেখার অপেক্ষায়, স্পিনাররা তাকিয়ে আকাশের দিকে। আকাশটা ঝকঝকে না হলে যে সাকিব-মঈনদের সাফল্যের সম্ভাবনাও কমে যায়!