তবু স্পিনকেই ভয়!
পরিকল্পনার বড় অংশজুড়ে থাকার কথা ছিল দক্ষিণ আফ্রিকান পেস বোলিং। দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ যে সব সময়ই দুর্দান্ত। স্পিন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা যেমন খুব ভালো খেলেন না, নিজেদের বোলিংয়েও সেটি বড় শক্তির জায়গা ছিল না কখনোই। অথচ সেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজটা শুরুর আগে প্রতিপক্ষের স্পিনই কিনা বাংলাদেশের দুশ্চিন্তার কারণ! টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকান স্পিনারদের পারফরম্যান্স উপহার দিয়েছে যে দুশ্চিন্তা।
ভারতের বিপক্ষে সিরিজটা ব্যতিক্রম। চার পেসারের বাংলাদেশ আর মুস্তাফিজের আবির্ভাব এ দেশের ক্রিকেটেই তো বড় চমক। কিন্তু সেটা বাদ দিলে ঐতিহ্যগতভাবেই বাংলাদেশের বোলিং স্পিননির্ভর। খুব বেশি দূর যেতে হবে না, ভারতের আগে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেই বাংলাদেশের সেরা দুই বোলার দুই স্পিনার আরাফাত সানি ও সাকিব আল হাসান। তার আগে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজেও একই ছবি, সবচেয়ে বেশি উইকেট সাকিব আর সানির। ঘরোয়া ক্রিকেটেও এ দেশের ব্যাটসম্যানরা স্পিনারদেরই বেশি খেলেন। সেই বাংলাদেশই কিনা দক্ষিণ আফ্রিকার কাছে দুটি টি-টোয়েন্টি ম্যাচে স্পিনে কাবু! বাঁহাতি স্পিনার অ্যারন ফাঙ্গিসো দুই ম্যাচেই ভুগিয়েছেন। দ্বিতীয় ম্যাচে ১৬ রানে ৩ উইকেট নিয়ে তো ম্যাচসেরাই হয়ে গেছেন অভিষিক্ত লেগ স্পিনার এডি লেই। ওয়ানডেতে আবার যোগ হচ্ছেন ইমরান তাহির।
বাংলাদেশের বিপক্ষে এর আগে একটাই ওয়ানডে খেলেছেন তাহির, ২০১১ বিশ্বকাপে এই মিরপুরেই। যে ম্যাচে বাংলাদেশ অলআউট হয়ে গিয়েছিল ৭৮ রানে। ৫ ওভারের বেশি করার সুযোগ পাননি তাহির। তাতে ২০ রানে ১ উইকেট। সেই তাহির আর এই তাহির মোটেই এক নন। এখন তিনি ওয়ানডে র্যাঙ্কিংয়ের দুই নম্বর বোলার, নামের পাশে ৩৮ ওয়ানডেতে ৭০ উইকেট। গত বিশ্বকাপে দারুণ করেছেন (৮ ম্যাচে ১৫ উইকেট)। ওই ফর্মটা বাংলাদেশের বিপক্ষেও যদি টেনে নিয়ে আসেন, দুশ্চিন্তার কারণ আছে বৈকি!
সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকান স্পিনারদের নিয়ে যে একটা বাড়তি পরিকল্পনা করতে হচ্ছে, সেটা বললেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মুর্তজা, ‘আমরা ওদের বিপক্ষে সর্বশেষ দুটি ম্যাচে স্পিনে ভুগেছি। আসলে বড় দলের বিপক্ষে খেললে দু-একজন বিশ্বমানের বোলারের মুখোমুখি হতে হবেই। ওদের সামলেই খেলতে হবে। আর ইমরান তাহির তো অনেক দিন ধরেই খুব ভালো বোলিং করছে।’
ওদিকে পারফরম্যান্স দিয়ে আলোচনায় চলে আসা দক্ষিণ আফ্রিকান স্পিন, এদিকে বাংলাদেশের স্পিন ঐতিহ্য। ওয়ানডে সিরিজে কি তাহলে স্পিনের লড়াই হতে যাচ্ছে? দক্ষিণ আফ্রিকান অধিনায়ক হাশিম আমলা ঠিক নিশ্চিত নন। তবে তা হলে তাঁর কোনো আপত্তি নেই, ‘যদি টি-টোয়েন্টি ম্যাচের উইকেটের মতো হয়, তাহলে স্পিনের লড়াই হতেও পারে। বেশ কয়েক বছর ধরেই আমাদের স্পিনাররা উপমহাদেশে ভালো বোলিং করছে। আর ওরা দিন দিন উন্নতিও করছে।’
টি-টোয়েন্টি সিরিজের পারফরম্যান্সের কারণেই হোক কিংবা সাম্প্রতিক ফর্ম, দক্ষিণ আফ্রিকান স্পিনারদের কৃতিত্ব দিচ্ছেন মাশরাফিও। তবে তুলনা করে দিন শেষে নিজেদের স্পিনারদেরই এগিয়ে রাখছেন, ‘আমাদের সাকিব আছে, রেকর্ডের কারণেই ওকে সবার ওপরে রাখতে হবে। আবার সাম্প্রতিক ফর্ম দেখলে তাহির এগিয়ে। তবে নিজেদের কন্ডিশন বলেই আমাদের স্পিনারদের এক ধাপ ওপরে রাখব।’
মাঠে এখন সেটি প্রমাণের দায়।