তবু স্লেজিংয়ের পক্ষে ওয়ার্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড ওয়ার্নার
ডেভিড ওয়ার্নার

ক্রিকেট ব্যাটটাকে ‘থরের হাতুড়ির’ মতো ব্যবহারে ওস্তাদ তিনি। বিশ্বজুড়ে তাঁর এই আক্রমণাত্মক ব্যাটিংয়ের অজস্র ভক্ত। সমস্যা একটাই, ব্যাটের মতো মুখের ব্যবহারেও যথেষ্ট ‘সাবলীল’ এই মারকুটে বাঁহাতি। বলা হচ্ছে ডেভিড ওয়ার্নারের কথা।
আইসিসি খেলাটিকে পরিচ্ছন্ন করার ঘোষণা দেওয়ার পর থেকে সবচেয়ে বেশি অস্বস্তিতে আছেন বোধ হয় এই অস্ট্রেলিয়ানই। গত আঠারো মাসেই দুবার মাঠে ও মাঠের বাইরে অশোভন মন্তব্যের দায়ে জরিমানা গুনতে হয়েছে ওয়ার্নারকে—প্রথমে দক্ষিণ আফ্রিকায় ‘বল টেম্পারিং’-এর ঘটনায় ও পরে ভারতের সঙ্গে সিরিজে রোহিত শর্মার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে। নিয়মের এই কড়াকড়ি খুব একটা পছন্দ করছেন না অস্ট্রেলিয়ান ওপেনার, ‘আমাকে আইসিসি থেকে শেষবারের মতো সতর্ক করে দেওয়া হয়েছে। নিয়মকানুনগুলো অনেক বেশি কঠোর হয়ে যাচ্ছে। তারা যেন একেবারে শাণ দিয়ে আছে , উইকেট-উদ্যাপনে বাড়াবাড়ি কিংবা মাঠে কাউকে সামান্য উত্ত্যক্ত করতে গেলেই হলো। প্রতিপক্ষ খেলোয়াড়ের দিকে হেঁটে গেলেও আম্পায়ার আপনাকে জরিমানা করবেন, যা করছেন সেটি আপনাকে বুঝেশুনে করতে হবে।’
স্লেজিংয়ের ওপর কড়াকড়ি খেলাটির রোমাঞ্চই নষ্ট করে দেবে বলে মনে করেন ২৮ বছর বয়সী ওপেনার। দর্শক-বিনোদনের স্বার্থেই স্লেজিং থাকা উচিত বলে ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মত দিয়েছেন,‘কিন্তু...আপনি মাঠে এই খুনসুটিগুলো দেখতে চাইবেন। “প্লে-অ্যান্ড-মিস”-এর পর ব্যাটসম্যানের দিকে হেঁটে গিয়ে বোলারের খুনে দৃষ্টিতে তাকানো—এগুলো উপভোগ করেন দর্শকেরা। মাঝেমধ্যে আমার মনে হয়, দর্শকদের এগুলো থেকে বঞ্চিত করা হচ্ছে।’
ওয়ার্নারের দাবি, সংবাদমাধ্যমে খেলোয়াড়দের মধ্যে স্লেজিংয়ের ধরনগুলোর ভুল ব্যাখ্যা করা হচ্ছে, ‘যাঁরা টিভিতে খেলা দেখছেন তাঁদের বুঝতে হবে...(স্লেজিং) গুরুতর নয়। হুমকি বা এ ধরনের কিছু থাকে না এতে...যাঁরা ঘরে বসে খেলা দেখছেন তাঁদের বিনোদনের জন্যই করা হয় এগুলো।’
অ্যাশেজের ঠিক আগে স্লেজিংয়ের অধিকার চেয়ে ওয়ার্নারের আকুতি, বোঝাই যাচ্ছে, আইসিসির চোখরাঙানি সত্ত্বেও আসন্ন অ্যাশেজে এসব একটু-আধটু হবেই! আইএএনএস।