তবু হাসি উধাও ইংলিশদের মুখে

ইংল্যান্ডের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল আগের ম্যাচেই। টুর্নামেন্টের দৌড়ে নেই আফগানিস্তানও। আজকের খেলাটি তাই এই দুদলের জন্য ছিল শুধুই নিয়ম রক্ষা। একাধিকবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ইংলিশরা জিতে নিয়েছে ৯ উইকেট হাতে রেখেই। শেষটা জয় দিয়ে করা গেল অন্তত, হোক না প্রতিপক্ষ আফগানিস্তান। কিন্তু বাংলাদেশ-লজ্জায় ইংলিশরা বোধ হয় এখনো এমন ডুবে আছে, হাসি ফেরেনি তাদের মুখে।
টসে জিতে আফগানদের প্রথমে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান। ৮ দশমিক ৫ ওভারের খেলা মাঠে গড়ানোর পরই ঝমঝমিয়ে বৃষ্টি নামে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। পুনরায় খেলা শুরু হলেও ৩৭তম ওভারে ফের বৃষ্টির আঘাত। ৩৬ দশমিক ২ ওভারে তখন আফগানদের স্কোরকার্ডে সংগ্রহ ৭ উইকেটে ১১১। আফগানদের ইনিংসের সমাপ্তি ঘটে সেখানেই। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ইংল্যান্ডের সামনে তখন লক্ষ্য ২৫ ওভারে ১০১ রান। আফগানদের হয়ে সর্বোচ্চ ৩০ রানের ইনিংসটি খেলেন শফিকুল্লাহ। ক্রিস জর্ডান ও রবি বোপারা তুলে নেন দুটি করে উইকেট। স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন এবং জেমস ট্রেডওয়েলের প্রত্যেকেই উইকেট পেয়েছেন ১টি করে।
আফগানদের বেঁধে দেয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮ দশমিক ১ ওভারেই জয়ের দোরগোড়ায় পৌঁছে যান ইংলিশরা। প্রথম উইকেট জুটিতে ইয়ান বেল এবং অ্যালেক্স হেলস তুলে আনেন ৮৩ রান। হেলস আউট হয়ে যান ব্যক্তিগত ৩৭ রানে। আরেক ওপেনার ইয়ান বেল শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫২ রানে। দ্বিতীয় উইকেটে খেলতে নামা জেমস টেলরের সংগ্রহ অপরাজিত ৮ রান। আফগানদের পক্ষে একমাত্র উইকেটটি নেন আফসার জাজাই।
চলতি বিশ্বকাপে এ ছাড়া আর মাত্র একটি জয়ের রেকর্ড আছে ইংলিশদের। সেটাও আবার স্কটল্যান্ডের বিপক্ষে। স্কটল্যান্ড আর আফগানিস্তান-দুই পুঁচকের বিপক্ষে সান্ত্বনার জয় নিয়ে দেশে ফিরছে ইংল্যান্ড।