তবু 'স্নায়ুচাপ' নিয়ে ফিরলেন তাসকিন

দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই পাওয়া যাবে চূড়ান্ত ফল। আর সেদিকেই তাকিয়ে আছেন তাসকিন আহমেদ ও আরাফাত সানি। এবং সুসংবাদ শোনার অপেক্ষায় তাঁরা দুজনই। কিন্তু মনের মধ্যে চিন্তার একটা চোরাস্রোত ঠিকই বইছে। সেটা অস্ট্রেলিয়ায় পরীক্ষা দেওয়ার আগে যেমন ছিল, পরীক্ষার পরেও একই রকম। মন থেকে চাপটা সরছে না কিছুতেই। তাই ব্রিসবেন ন্যাশনাল ক্রিকেট সেন্টারের গবেষণাগারে ৮ সেপ্টেম্বর পরীক্ষা দিয়ে গতরাতে দেশে ফিরেও তাসকিন জানালেন, পরীক্ষা ভালো হলেও স্নায়ুচাপে ভুগছেন। ফল না পাওয়া পর্যন্ত কিছুতেই যেন নিশ্চিন্ত হতে পারছেন না।
ঈদের এই আনন্দঘন সময়েও তাই তাসকিনের কণ্ঠে শোনা যায়, ‘আমি তো আমার কাজটা করে এসেছি। পরীক্ষা ভালো দিয়েছি। তবু টেনশন কমছে না।’ মুখে না বললেও বোঝা যাচ্ছে, ঈদের নির্মল আনন্দটা উপভোগ করতে পারছেন না,‘ ফল দেওয়ার আগ পর্যন্ত টেনশনটা কিন্তু থেকে যাবে। ওটা দূর হবে না। যদিও আমি আশা করছি পরীক্ষার ফল ভালো হবে।’
ভারতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে তাসকিন ও সানির বিরুদ্ধে। পরে ভারতের চেন্নাইয়ের পরীক্ষায় আম্পায়ারদের সন্দেহ সত্যি প্রমাণিত হলে তাঁরা দুজনই আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় পড়েন। এখন সেই নিষেধাজ্ঞা থেকেই মুক্ত হওয়ার লড়াই চালাচ্ছেন তাঁরা দুজন।