তবুও অতৃপ্ত ব্রাফেট

একজন মানুষের পক্ষে যতটা নিচু স্বরে কথা বলা সম্ভব, তাঁর স্বর ততটাই নিচু। একজন ওয়েস্ট ইন্ডিয়ানের পক্ষে যতটা দুর্বোধ্য ইংরেজিতে কথা বলা সম্ভব, তিনি ততটাই বলছেন। তার ওপর পাশ থেকে একদল ছোকরা ‘ক্রিস গেইল’ ‘ক্রিস গেইল’ বলে চেঁচাচ্ছে। ক্রেইগ ব্রাফেটের ডাবল সেঞ্চুরির দুর্বোধ্য ও অস্পষ্ট প্রতিক্রিয়া ঢাকা পড়ে যাচ্ছিল সেই চিৎকারের আড়ালে।
তা কেমন লাগছিল ব্রাফেটের? ডাবল সেঞ্চুরি করলেন তিনি, আর আর্নস ভেলে সবাই গেইলের সঙ্গে ছবি তুলছে, বাচ্চারা ‘ক্রিস গেইল, ক্রিস গেইল’ বলে চেঁচাচ্ছে! একদিন নিশ্চয়ই তিনিও তাদের মুখে এভাবে নিজের নামটা শুনতে চাইবেন। স্মিথ হেসে ব্রাফেট অস্বীকার করলেন না, ‘হ্যাঁ...অবশ্যই, রান করতে অনেক পরিশ্রম করতে হয়।’
সেন্ট কিটস থেকে সেন্ট ভিনসেন্ট আসতে হয়েছে বারবাডোজ হয়ে। বারবাডোজ থেকে সেন্ট ভিনসেন্টের আধা ঘণ্টার ফ্লাইটে ক্রেইগ ব্রাফেটের পাশে বসে আসার সৌভাগ্য হয়েছিল আমার। সারাক্ষণই কানে হেডফোন লাগিয়ে গান শুনলেন। সতীর্থদের ডাকাডাকি, বোলিং পরামর্শক কার্টলি অ্যামব্রোসের দুষ্টুমি সবকিছুতেই মৃদু হাসি ছাড়া আর কোনো প্রতিক্রিয়া নেই। দু-একবার কথা বলতে চেয়েও ব্রাফেটের নির্লিপ্ততা দেখে আর বিরক্ত করতে ইচ্ছে হয়নি।
সেই ব্রাফেট যে তিন-চার দিনের মাথায় এমন কীর্তির জন্ম দেবেন, সেটা কে জানত! এক ডাবল সেঞ্চুরি দিয়েই ঠাঁই করে নিলেন ইতিহাসের পাতায়। বারবাডোজেরই জর্জ হেডলি ও স্যার গ্যারি সোবার্সের পর ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টেস্টে ডাবল সেঞ্চুরি করা তৃতীয় সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান ব্রাফেট। যদিও এ ব্যাপারে ব্রাফেটের প্রতিক্রিয়া খুবই সংক্ষিপ্ত, ‘ভালো লাগছে। খুবই ভালো লাগছে এটা করতে পেরে।’
ব্যক্তিজীবনে শান্ত স্বভাবের মানুষ। ওয়েস্ট ইন্ডিজ দলের মিডিয়া ম্যানেজার ফিলিপ স্পুনারের ভাষায়, ‘দলের সবচেয়ে নিরীহ ক্রিকেটার, সবচেয়ে চুপচাপ মানুষ।’ ডাকনামটাও অদ্ভুত—বোবো। কীভাবে এই নাম পেলেন জানতে চাইলে ব্রাফেটই বললেন, ‘ছোটবেলায় গলায় একটা চেইন পরতাম, তাতে লেখা ছিল বোবোশান্তি। সেই থেকে নামটা বোবো হয়ে গেছে।’
এটি ক্যারিয়ারের ১৩তম টেস্ট। প্রথম ফিফটির দেখা পেতে পঞ্চম ইনিংস পর্যন্ত অপেক্ষা করতে হলেও সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজ আর চলতি বাংলাদেশ সিরিজে ফর্মটা উত্তুঙ্গে। গত জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে ১২৯, ১৪*, ৬৮ ও ৬। পরশু যখন কথা হচ্ছে, তখন ২০৫ রান করে অপরাজিত। এ বছরের তিন টেস্টে তাঁর রানের গড় তখন ১৪০.৬৬। বৃষ্টিতে এক সেশনের বেশি খেয়ে নেওয়ার পরও তাঁর টানা দুই দিন ব্যাটিং করার কৃতিত্বটা খাটো হচ্ছে না ব্রাফেটের ৯ ঘণ্টারও বেশি ব্যাটিংয়ের ধরনের কারণে। ১১৩ রানে মুশফিকের হাতে একবার জীবন পেলেও ইনিংসটি অসীম ধৈর্যের পরিচায়ক। ১৯৯ থেকে ২০০-তে যেতেই বল খেললেন ১১টি! শেষ পর্যন্ত মাহমুদউল্লাহকে সুইপ শটে চার মেরে অতিক্রম করেন ২০০ রানের মাইলফলক। ওই সময়ের কথা বলতে গিয়ে ব্রাফেট জানালেন, ‘এটা ঠিক, আমি খুব স্নায়ুচাপে ভুগছিলাম, তবে এই উইকেটে রান করাটাও সহজ ছিল না। সেটা ভেবেই কোনো ঝুঁকি নিতে চাইনি।’
ক্রিস গেইলের ওপেনিং সঙ্গী হিসেবে গত কিছুদিন অনেককেই চেষ্টা করা হয়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এবার হয়তো যোগ্য সঙ্গী খুঁজে পেলেন গেইল। যদিও ব্রাফেট নিজে সেটির নিশ্চয়তা দিচ্ছেন না, ‘আমি অবশ্যই চেষ্টা করব, যত বেশি সম্ভব রান করতে। তার মানে এই নয় যে, আমি সব সময় রান পাব।’
দূর থেকে ব্রাফেটের সামনে বাংলাদেশের বোলিং আক্রমণকে যতই নখদন্তবিহীন মনে হোক না কেন, ব্রাফেট নিজে কিন্তু পাস নম্বরই দিচ্ছেন, ‘উইকেট অনেক ফ্ল্যাট। এখানে রান করতে সমস্যা হলেও সেটা খুব বড় সমস্যা নয়। বোলিং ভালোই হয়েছে।’ শুধু তা-ই নয়, বাংলাদেশের স্পিন খেলাটাকেও নাকি বড় একটা চ্যালেঞ্জ মনে হয় তাঁর কাছে। সেটা ঠিকঠাকমতো খেলতে পেরে আত্মবিশ্বাসটা এখন বেড়েছে। তাঁর ব্যাটিংয়ে সবচেয়ে বড় শক্তির কথা জানতে চাইলে বলেছেন, ‘এ মুহূর্তে আমি সব মনোযোগই ঢেলে দিচ্ছি স্পিন খেলার দিকে। ভালোই খেলছি, তবে আরও উন্নতির দরকার আছে।’
‘বোবো’র সঙ্গে এখানেই বোধ হয় পার্থক্য বাংলাদেশের ব্যাটসম্যানদের। ২০৫ রানে অপরাজিত থেকেও দেখেন আরও উন্নতির সুযোগ।
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস
রান বল ৪ ৬
গেইল এলবিডব্লু ব শুভাগত ৬৪ ১০৫ ১০ ১
ব্রাফেট ক মুমিনুল ব তাইজুল ২১২ ৪৪৭ ১৪ ০
এডওয়ার্ডস ক মুমিনুল ব তাইজুল ১০ ১৪ ১ ১
ব্রাভো ক মাহমুদউল্লাহ ব তাইজুল ৬২ ১২৬ ৬ ১
চন্দরপল অপরাজিত ৮৫ ২২৬ ৬ ০
ব্ল্যাকউড এলবিডব্লু ব রুবেল ১০ ২৩ ১ ০
রামদিন ক রুবেল ব তাইজুল ৫ ৯ ০ ০
টেলর ক শুভাগত ব তাইজুল ১০ ৭ ১ ১
রোচ অপরাজিত ২ ৪ ০ ০
অতিরিক্ত (বা ৫, লেবা ১৮, নো ১) ২৪
মোট (১৬০ ওভারে, ৭ উইকেটে ডি.) ৪৮৪
উইকেট পতন: ১-১১৬ (গেইল, ৩৯.১ ওভার), ২-১৩৩ (এডওয়াডর্স, ৪২.২), ৩-২৬১ (ব্রাভো, ৮৪.৩), ৪-৪২২ (ব্রাফেট, ১৪৬.২), ৫-৪৫১ (ব্ল্যাকউড, ১৫৩.৪), ৬-৪৬৬ (রামদিন, ১৫৬.৪), ৭-৪৭৯ (টেলর, ১৫৮.৬)।
বোলিং: আল আমিন ২২-১২-৪৩-০, রুবেল ৩০-১-১১০-১ (নো ১), মাহমুদউল্লাহ ১৯-০-৬৪-০, শুভাগত ৩৭-৬-১০৪-১, তাইজুল ৪৭-৯-১৩৫-৫, নাসির ৪-১-৪-০, মুমিনুল ১-০-১-০।
বাংলাদেশ ১ম ইনিংস
তামিম ক ব্রাভো ব রোচ ১ ১১ ০ ০
শামসুর ক ব্রাভো ব বেন ৩৫ ৯৫ ৫ ০
ইমরুল ক ব্রাভো ব টেলর ৯ ১২ ১ ০
মুমিনুল ক রামদিন ব গ্যাব্রিয়েল ৫১ ১১২ ৭ ০
মাহমুদউল্লাহ ব্যাটিং ৬ ১৭ ১ ০
অতিরিক্ত (বা ২, নো ১) ৩
মোট (৪১ ওভারে, ৪ উইকেটে) ১০৫
উইকেট পতন: ১-১ (তামিম), ২-১৮ (ইমরুল), ৩-৮০ (শামসুর), ৪-১০৫ (মুমিনুল)।
বোলিং: টেলর ১২-৪-৩৬-১, রোচ ১১-৩-২৯-১, গ্যাব্রিয়েল ৭-১-২০-১, বেন ১১-৩-১৮-১ (নো ১)।
(তৃতীয় দিনের চা–বিরতি পর্যন্ত)