তবু অতৃপ্ত সৌম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফর্মে ফেরার আভাস দিলেন সৌম্য। ছবি-এএফপি।
ফর্মে ফেরার আভাস দিলেন সৌম্য। ছবি-এএফপি।

টানা হারের মধ্যে একটাই ভালো খবর। সৌম্য সরকার রানে ফিরেছেন। মাত্র ৩৯ রানের একটা ইনিংস খেলার পরই এটা বলা অনেকেই বাড়াবাড়ি বলতে পারেন। তবে সৌম্যর জন্য এই ৩৯-ও হতে পারে অনেক বড় টনিক।

কাল নিউজিল্যান্ডের ১৯৫ রানের জবাবে বাংলাদেশ দল যে কিছুটা সময় ভালো কিছুর সম্ভাবনা দেখেছিল, সেটা সাব্বির রহমান আর সৌম্য সরকারের ৬৮ রানের চতুর্থ উইকেট জুটির সময়ই। সৌম্যর আউটে ভেঙেছে জুটি। তবে যতক্ষণ উইকেটে ছিলেন, মনেই হয়নি খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। প্রতিটি শটেই আত্মবিশ্বাস, ব্যাট হাতে যা করতে চাইছিলেন সবই হচ্ছিল। ইশ্‌, সোধি আর গ্র্যান্ডহোমকে মারা দুই ছক্কায় সৌম্য যেন বাজে সময়টাকেই পাঠাতে চাইলেন মাঠের বাইরে।

আজ সকালে বে ওভালের ঐচ্ছিক অনুশীলনে টেস্ট দলের খেলোয়াড়দের সঙ্গে টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটার এসেছিলেন চার-পাঁচজন। ছিলেন সৌম্যও। স্বাভাবিকভাবেই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হলেন তিনি। নেট প্র্যাকটিস শেষে ড্রেসিংরুমে ফেরার পথে তাঁর পিছু নিলেন দুই সাংবাদিক, একটু পর আরও। সবার ‌ জানার বিষয় একটাই—রানে ফিরে কেমন লাগছে? জবাবে সৌম্য অবশ্য অতৃপ্তির কথাই বললেন বেশি, ‘আমার আরও থাকা উচিত ছিল। আমি যদি ১৫-১৬ ওভার পর্যন্ত খেলে আসতে পারতাম, আমাদের সম্ভাবনা আরও বাড়ত। তখন দুজনে হিসাব করে করে খেলতে পারতাম।’

বিপিএলে ব্যাট হাতে বাজে সময় কাটানোর পর নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৪০ রান করেছিলেন। কিন্তু ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডেতেই আউট হলেন শূন্য রানে। পরের দুই ওয়ানডেতে তাঁকে দলেই রাখা হলো না। নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টি দিয়ে আবার ফিরলেও এবার প্রথম বলেই আউট। তার পরও সৌম্যর ওপর থেকে আস্থা হারাননি কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কাল সেটারই সামান্য প্রতিদান দিলেন তিনি, ‘উইকেটটা ভালো ছিল। বলও ভালোভাবে ব্যাটে আসছিল। অনেক দিন রান পাচ্ছিলাম না। সে হিসেবে ভালো লাগছে।’

উইকেট ব্যাটিং-বান্ধব হলেও এই সিরিজে কিউই বোলাররা বাংলাদেশের ব্যাটসম্যানদের একটা দুর্বল জায়গা বেছে নিয়েছেন। সুযোগ পেলেই ব্যাটসম্যানের পেছন দিকে কাঁধসমান উচ্চতায় বাউন্সার মারছেন। আর বাংলাদেশের ব্যাটসম্যানরা যে এই উইকেটে এ ধরনের বল খেলে অভ্যস্ত নন, সেটা প্রতি ম্যাচেই দেখা যাচ্ছে। ব্যাটসম্যানদের ভাষায়, এ রকম উচ্চতার বল খেলাও মুশকিল, আবার ছাড়াও কঠিন। গত ম্যাচে ট্রেন্ট বোল্টের সে রকমই এক শর্ট বলে হুক করতে গিয়ে সৌম্য ক্যাচ হয়েছেন ফাইন লেগে।

তার আগ পর্যন্ত বে ওভালে নিজের অজান্তে একটা পরীক্ষাই দিলেন জাতীয় দলের এই ব্যাটসম্যান। এই ম্যাচেও রান না পেলে হয়তো টেস্ট দলে থাকার সুযোগ হতো না তাঁর। অবশ্য টেস্টের প্রসঙ্গে কথা বলতে গেলেই সৌম্য থামিয়ে দিয়ে বললেন, ‌‘এখনো একটা টি-টোয়েন্টি ম্যাচ বাকি। আগে সেটা হোক। এই ম্যাচে ভালো খেলতে হবে।’

সৌম্যর নিজের জন্য তো বটেই, বাংলাদেশ দলের জন্যও ভীষণ জরুরি সেটা। সৌম্যর একটু ভালো ব্যাটিং মানেই যে জয়ের সম্ভাবনা তৈরি হওয়া, সেটা তো বে ওভালেই দেখা গেছে।