তবুও অপেক্ষায় রুমানারা
কলম্বোর পি সারা ওভালে কাল বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। ম্যাচটা জিততে পারলে সুপার সিক্সে ওঠা নিশ্চিত হয়ে যেত রুমানাদের। কিন্তু প্রোটিয়াদের কাছে এই হার একটু অপেক্ষায় রাখছে বাংলাদেশকে।
যদিও গ্রুপ পর্বে চার ম্যাচে দুই জয় থাকায় সুপার সিক্স পর্ব অনেকটাই নিশ্চিত। কিন্তু গ্রুপের আরও দুটি ম্যাচ বাকি থাকায় আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে রুমানা-খাদিজাদের। বাংলাদেশের গ্রুপ থেকে সবার আগে সুপার সিক্স নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকার। বাকি দুটি দলের নিশ্চিত হবে আগামীকাল।
বাছাইপর্বে ওয়ানডে মর্যাদা না থাকা স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনির সঙ্গে দারুণ খেলেছে বাংলাদেশ। কিন্তু ওয়ানডে মর্যাদা পাওয়া দলগুলোর বিপক্ষে খেই হারিয়ে ফেলেছে তারা। কাল প্রোটিয়া বোলারদের অসাধারণ বোলিংয়ে বাংলাদেশ ৪৬.৫ ওভারে গুটিয়ে গেছে ১০০ রানে। ৩৭ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশকে কিছুটা আশা দেখায় ষষ্ঠ উইকেটে সালমা-রুমানার ৫১ রানের জুটি। রানআউটে কাটা পড়ার আগে রুমানা করেছেন ৩৯ রান। দুই অঙ্ক ছুঁতেই পেরেছেন বাংলাদেশের তিন ব্যাটার। ছোট এই লক্ষ্যটা ২৫.২ ওভারে ৬ উইকেট হাতে রেখে পেরিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৪৬.৫ ওভারে ১০০ (রুমানা ৩৯, সালমা ১৬, সানজিদা ১৩, নিগার ৮, শায়লা ৬, জাহানারা ২, খাদিজা ২*; ইসমাইল ৩/১৪, লুস ৩/১৭, ফন নিকর্ক ২/২২)। দক্ষিণ আফ্রিকা: ২৫.২ ওভারে ১০১/৪ (লি ৩৪, ভলভার্ট ৩০, চেটি ১৪; সালমা ১/১৪, সুরাইয়া ১/১৮, রুমানা ১/১৮, জাহানারা ১/২৩)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা)