অনেকগুলো কারণ আছে বাংলাদেশের আত্মবিশ্বাসী হয়ে ওঠার। সর্বশেষ কারণটার কথাই বলা যাক আগে। সিরিজের আগে সেন্ট জর্জেসের প্রগ্রেসর পার্কের একমাত্র প্রস্তুতি ম্যাচটাতে বাংলাদেশ দল জিতেছে।
বলতে পারেন, প্রস্তুতি ম্যাচের জয়—এ আর এমন কী? এই দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আত্মবিশ্বাসী হওয়া যায় নাকি! কিন্তু ম্যাচটা যে বাংলাদেশ দল কেবল জেতেইনি, এই ম্যাচ থেকে খুঁজে নিয়েছে সবকিছু নতুন করে শুরু করার অনেক রসদও।
সেই শ্রীলঙ্কা সিরিজ থেকেই ধুঁকছে বাংলাদেশ। সেটা যে কী রকম, তা বোঝাতে পরিসংখ্যানের একটা লাইনই যথেষ্ট—এ বছর নয়টি ওয়ানডে ম্যাচ খেলে বাংলাদেশ জেতেনি একটিতেও। ওয়েস্ট ইন্ডিজ সফরকে তাই বলতে পারেন মুশফিকুর রহিমের দলের জন্য নতুন আলোয় ফেরার উপলক্ষ।
কাজটা খুবই কঠিন। তবে যুদ্ধে নামার আগ পর্যন্ত যুদ্ধ জয়ের আশা করতে দোষ কী? তা ছাড়া, কোচ চন্ডিকা হাথুরুসিংহেই তো চাইছেন খেলোয়াড়দের স্বপ্নের পরিধিটা বড় হোক। বেড়ে যাক প্রত্যাশার সীমা। নইলে পরশু রাতে গ্রেনাডিয়ান বাই রেক্স রিসোর্টে হওয়া টিম মিটিংয়ে কোচ কেন বলবেন ২০১৫ বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে!
প্রস্তুতি ম্যাচ থেকে বাংলাদেশ দল যা যা চেয়েছিল, সবই পাওয়া হয়ে গেছে ওই এক ম্যাচে। ঢাকার দুটি প্রস্তুতি ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দেওয়া তামিম ইকবালের ৯১ রানের ইনিংসটা যেন ঘোষণা দিচ্ছে তার পুরোনো রূপে ফেরার। এ নিয়ে টিম হোটেলে পরশু কথা বলতে গেলেই তামিম ‘না না’ করে উঠলেন, ‘আগে তো সিরিজটা শুরু হোক। এখনো অনেক কিছু করা বাকি...।’ শুভকামনা তামিমের জন্য।
তামিম তো তবু ঢাকায় থাকতেই জানান দিচ্ছিলেন, ঈশান কোণে হারানো ফর্মটা আবারও উঁকি দিচ্ছে। কিন্তু মাহমুদউল্লাহ! গত এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৩০ আর ভারতের বিপক্ষে ৪১ বাদ দিলে গত ছয় ম্যাচে তাঁর দুই অঙ্কের রানই নেই! ওয়ানডেতে ফিফটি করেছেন ১১ ম্যাচ আগে। বাজে ফর্মের কারণে সহ-অধিনায়কত্ব গেছে। দলে জায়গা পাওয়া নিয়েও আছে অনেক প্রশ্ন। এমনই দুঃসময়ে ওই প্রস্তুতি ম্যাচেই তো ৭৮ রানের ইনিংস দিয়ে আবার জ্বলে ওঠার ইঙ্গিত দিলেন মাহমুদউল্লাহ! ছয় নম্বরে ব্যাট করতে নেমে অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে ৬০ আর নাসিরের সঙ্গে ৯৯ রানের জুটি। ব্যাটিং অর্ডার নিয়ে কোচ চন্ডিকা হাথুরুসিংহের গবেষণা কিছুটা হলেও আশার আলো দেখছে মাহমুদউল্লাহর ওই ব্যাটিংয়ে।
নতুন চিন্তা থেকে প্রস্তুতি ম্যাচে চার ওপেনারকেই খেলালেন হাথুরুসিংহে। না, দুজনের বদলে চারজনই ওপেন করতে নেমে যাননি। তামিম-এনামুল ওপেন করেছেন, তিনে আর চারে খেলেছেন ইমরুল কায়েস ও শামসুর রহমান। ইমরুল প্রথম পরীক্ষায় ব্যর্থ হলেও শামসুর জানালেন, আস্থার প্রতীক হতে পারেন চার নম্বরেও। প্রস্তুতি ম্যাচে খেলেননি মুমিনুল। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে আজ ম্যাচের ব্যাটিং অর্ডার কী হবে, সেটা নিয়ে হয়তো আরেকটু গবেষণা করতে চাইবেন কোচ। কাল দুপুরে অনুশীলনে যাওয়ার আগ পর্যন্তও তাই একাদশ সম্পর্কে তেমন কোনো আভাস মেলেনি।
তবে একাদশ যাই হোক, প্রস্তুতি ম্যাচ থেকে পাওয়া টুকরো টুকরো আত্মবিশ্বাসগুলো জোড়া লাগালে বড় কিছুর স্বপ্ন দেখাই যায়। বাংলাদেশ দল আরও আশাবাদী হয়ে উঠতে পারে ওটিস গিবসনের ওয়েস্ট ইন্ডিজ দলের কোচের পদ থেকে সরে যাওয়ার গুঞ্জনের কারণে। বলতে পারেন, গিবসন থাকলেই কী, না থাকলেই কী? কোচ তো আর খেলে দেবেন না! তা ঠিক। তবে কোচ নিয়ে ক্যারিবীয় শিবিরের টানাপোড়েন বাংলাদেশকে আশাবাদী করছে অন্যভাবে।
একটু পেছনে ফিরে যান। ২০০৯ সালে বাংলাদেশ দল যখন এখানে সর্বশেষ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এসেছিল, তখনো ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে রাজ্যের ঝামেলা। খেলোয়াড়দের বিদ্রোহের কারণে তো শেষ পর্যন্ত আসল দলটাই মাঠে নামাতে পারল না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড! শুনতে যতই খারাপ লাগুক, সেবার বাংলাদেশ দল যে টেস্ট ও ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের শ্বেতধোলাই করল, তার বড় একটা কারণ ছিল ওটাই।
এবার খেলোয়াড়েরা ঠিক আছেন। সমস্যা কোচকে নিয়ে। তবে ঝামেলা তো ঠিকই লেগেছে! গত পরশু দলের অনুশীলনে আসেননি কোচ গিবসন। অনুশীলন করিয়েছেন সহকারী কোচ স্টুয়ার্ট উইলিয়ামস। শুধু তাই নয়, ধারণা করা হচ্ছে যে আজ থেকে গ্রেনাডার ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিনিই হবেন স্বাগতিক দলের অন্তর্বর্তীকালীন কোচ। তার মানে, ওয়েস্ট ইন্ডিজ দলে আপাতত ওটিস গিবসন অধ্যায় শেষ। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি ডেভ ক্যামেরন অবশ্য অতটা না গিয়ে শুধু বললেন, ‘তিনি (গিবসন) গ্রেনাডায় নেই, আপাতত শুধু এটুকুই বলতে পারি। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলার নেই। আমরা আলোচনা করছি।’
ক্রিকেট এমন একটা খেলা, যেখানে কোচটোচ নিয়ে ঝামেলার প্রভাব মাঠের ক্রিকেটে না পড়ারই কথা। বরং কাঁধের চোট কাটিয়ে অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ফেরা ডোয়াইন ব্রাভোর এবারের দলটা বেশ শক্তিশালী। ব্রাভোর সঙ্গে যে ফিরেছেন ক্রিস গেইল, কাইরন পোলার্ড আর কেমার রোচও।
তার পরও আশার পতাকা উড়ছে বাংলাদেশ শিবিরে। সেটা ওড়াচ্ছেন ক্রিকেটাররাই।