তবুও আহামরি নন রাবাদা!

মিরপুরের দর্শকেরা এমন স্বপ্নের মতো এক অভিষেকের সাক্ষী হয়েছিল সপ্তাহ তিনেক আগেই। মুস্তাফিজুর রহমানের সেই কীর্তি দেখেছিল গোটা ক্রিকেট-বিশ্বও, দেখে বিস্মিতও হয়েছিল। সেই একই মাঠ, আরও একটা বিস্ময়কর অভিষেক। এবার কাগিসো রাবাদা। পার্থক্য হচ্ছে, মুস্তাফিজের কীর্তি উচ্ছ্বাসে ভাসিয়েছিল বাংলাদেশকে। আর রাবাদা ডুবিয়ে দিলেন হতাশায়।
পার্থক্য আরও আছে। মুস্তাফিজের অস্ত্র ভয়ংকর কাটার আর দুর্বোধ্য স্লোয়ার। রাবাদার বিশেষত্ব কী? কিছুই না! অন্তত বাংলাদেশের খেলোয়াড়েরা তা-ই মনে করেন। প্রথম ওয়ানডেতে হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিয়ে যে বোলার বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দিলেন, তাঁকে নিয়ে বাংলাদেশের অলরাউন্ডার নাসির হোসেনের মূল্যায়ন, ‘আমি মনে করি না, রাবাদা এমন আহামরি কোনো বোলার, যাকে আমরা সামলাতে পারব না। ৬ উইকেটের কয়েকটা আমাদের ব্যাটসম্যানরা দিয়ে এসেছে।’
এই ভাবনাটা কিন্তু শুধু নাসিরের নয়, পুরো বাংলাদেশ দলেরই। সিরিজ শুরুর আগে প্রতিপক্ষের বোলারদের ফুটেজ নিয়ে যে কাটাছেঁড়া করা হয়েছে, তাতে রাবাদা তেমন কোনো মনোযোগই পাননি। সেটি না হয় না পেলেন, কিন্তু গত পরশুর পারফরম্যান্সের পর তো রাবাদাকে নিয়ে আলাদা করে ভাবতেই হবে। মজাটা হলো, কাল সকালে আগের দিনের ম্যাচে রাবাদার বোলিংয়ের ভিডিও ফুটেজ দেখেছে বাংলাদেশ দল। সেখানেও নাকি তাঁকে ‘আহামরি’ কিছু মনে হয়নি, খুঁজে পাওয়া যায়নি বিশেষ কোনো অস্ত্র! বাংলাদেশের বেশির ভাগ ব্যাটসম্যানই মনে করছেন, তাঁরা রাবাদাকে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। ভিডিও দেখে বরং উল্টো মনে হয়েছে, দক্ষিণ আফ্রিকান এই পেসার প্রতি ওভারেই দু-তিনিট বাজে বল করেন! আজ দ্বিতীয় ওয়ানডের আগে তাই তাঁকে নিয়ে বাড়তি কোনো দুশ্চিন্তাই নেই বাংলাদেশের ড্রেসিংরুমে!
এমন অসাধারণ শুরুর পরও বাংলাদেশ যাঁকে এত ‘সাধারণ বোলার’ মনে করছে, দক্ষিণ আফ্রিকা কিন্তু ২০ বছর বয়সী সেই রাবাদার ঝলমলে ভবিষ্যৎ দেখছিল আগে থেকেই। গত বছর ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৫ রানে ৬ উইকেট নিয়ে প্রথম আলোয় আসেন। ওই টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট (১৪টি) ছিল তাঁর, দক্ষিণ আফ্রিকার সেরা বোলারও ছিলেন তিনি। সেই পারফরম্যান্স দিয়েই দক্ষিণ আফ্রিকার প্রাদেশিক দল গওটেংয়ে সুযোগ পান রাবাদা, ক্লাবের হয়ে প্রথম দুটি ম্যাচে নেন ১৮৬ রানে ৭ উইকেট। খুব আহামরি পারফরম্যান্স নয়, কিন্তু সম্ভাবনার আভাস হয়তো ওই দুটি ম্যাচেও ছিল। সে কারণেই কিছুদিনের মধ্যেই ডাক পেয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার প্রথম শ্রেণির টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজি দল হাইভেল্ড লায়ন্সে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়ে গেল অবশ্য তারও আগেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে গত বছর নভেম্বরে ওই সিরিজে ৩ ম্যাচ খেলে একটাই উইকেট রাবাদার। আহামরি নন এখানেও। কিন্তু তাঁর মধ্যে সম্ভাবনা ঠিকই দেখেছিলেন দক্ষিণ আফ্রিকার তখনকার বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও। ওই সিরিজের পরই বলেও ছিলেন, ‘এই ছেলেটার সময় আসবে।’ ডোনাল্ডের কথা কিছুটা সত্য প্রমাণ করলেন এ বছরের ফেব্রুয়ারিতে। প্রথম শ্রেণির ম্যাচে ডলফিন্সের বিপক্ষে একটা ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১০৫ রানে ১৪ উইকেট (৫/৭২ ও ৯/৩৩) নিলেন রাবাদা। ভেঙে দিলেন ফ্র্যাঞ্চাইজি যুগে দক্ষিণ আফ্রিকার প্রথম শ্রেণির ম্যাচে ডেল স্টেইনের গড়া সেরা বোলিংয়ের (১৪/১১০) রেকর্ড। ওই পারফরম্যান্সের পুরস্কারই এবার বাংলাদেশ সফরে তিন ধরনের দলেই ডাক পাওয়া। সেই আস্থার প্রতিদানটা যে ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতেই এভাবে দেবেন, সেটা বোধ হয় ডোনাল্ডও ভাবেননি!
রাবাদার এমন দুর্দান্ত অভিষেকের পরও যে বাংলাদেশের ব্যাটসম্যানরা তাঁকে পাত্তাই দিচ্ছেন না, এটাও নিশ্চয়ই ডোনাল্ডের ভাবনার অতীত।