তবে কি গেইলদের আইপিএল খেলা হবে না?

সফরের মাঝপথেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের দল প্রত্যাহারের সিদ্ধান্ত স্বাভাবিকভাবে নিতে পারছে না ভারত। এ সিদ্ধান্তের পাল্টা জবাব হিসেবে আইপিএল থেকে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের নিষিদ্ধ করার কথা ভাবছে ভারত! এতে করে আইপিএল-৮-এ ক্যারিবীয় খেলোয়াড়দের অংশগ্রহণ এক প্রকার প্রশ্নের মুখেই পড়ে গেল।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একজন শীর্ষস্থানীয় কর্তা বলেছেন, ‘আইপিএল গভর্নিং কাউন্সিলে বিষয়টি তোলা হবে এবং গুরুত্বের সঙ্গে আলোচনা হবে। বোর্ডের কয়েকজন শীর্ষ কর্তা তাঁদের অন্তত এক মৌসুম নিষিদ্ধ করার পক্ষে।’ তিনি আরও বলেন, ‘ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভোর মতো ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের উপার্জনের বড় অংশ আসে আইপিএল থেকে। তারা তারকাখ্যাতি পেয়েছে এখান থেকেই। ভারতের সমর্থকেরাও তাদের ভীষণ ভালোবাসে। ফলে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের এমন কাণ্ড প্রতারণার শামিল।’ সূত্র: পিটিআই।