তবে শ্রীলঙ্কার পরিকল্পনাকারীরাই সেরা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
পার্থক্য গড়ে দিচ্ছে তবে শ্রীলঙ্কার থিংক ট্যাংক? ছবি: প্রথম আলো
পার্থক্য গড়ে দিচ্ছে তবে শ্রীলঙ্কার থিংক ট্যাংক? ছবি: প্রথম আলো
• ২০১৭ বাজে গেলেও ২০১৮ সালের শুরুটা ভালো হয়েছে শ্রীলঙ্কার।
• দেশের মাঠে বাংলাদেশ কেন পারছে না, আর শ্রীলঙ্কা কীভাবে ভালো করছে—সেটি নিয়ে বললেন গুরুসিনহা।

২০১৭ সালটা চাইলে ভুলেই যেতে চাইবে শ্রীলঙ্কা। টানা ব্যর্থতা ভুলে ২০১৮ সালে বাংলাদেশের মাটিতে সেই শ্রীলঙ্কার শুরুটা কী দুর্দান্ত হলো! এখানে ত্রিদেশীয় সিরিজ জিতেছে। জিতেছে টেস্ট সিরিজও। এবার তাদের টি-টোয়েন্টি সিরিজটাও জিতে নেওয়ার সুযোগ। শ্রীলঙ্কার বদলে যাওয়ার রহস্য নিয়ে বললেন দলের ম্যানেজার আশঙ্কা গুরুসিনহা।

বাংলাদেশ কেন পারছে না, আর শ্রীলঙ্কা কীভাবে দুর্দান্ত দল হয়ে উঠেছে, আজ দুপুরে সিলেটে রওনা দেওয়ার আগে বললেন গুরুসিনহা, ‘কোনো রহস্য নেই। সম্ভবত আমাদের পরিকল্পনার কাছে তারা হারছে। ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডেতে তারা কিন্তু আমাদের উড়িয়ে দিয়েছিল। আমাদের পরিকল্পনা, খেলোয়াড়দের আত্মনিবেদনে আমরা পরে ঘুরে দাঁড়িয়েছি। তবে বলব না বাংলাদেশ দুর্বল দল। তাদের দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেই। বিশেষ করে সাকিবের ছিটকে যাওয়াটা ওদের বড় ধাক্কা। তবে তারা ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারে। এমনকি তারা কালও ভালো খেলেছে। আত্মবিশ্বাস আর পরিকল্পনা শ্রীলঙ্কাকে জিততে সহায়তা করেছে।’

অনেকে বলছেন, চন্ডিকা হাথুরুসিংহে কোচ হওয়ার পর বদলে গেছে শ্রীলঙ্কা। কিন্তু গুরুসিনহা বললেন, বদলটা আসতে শুরু করেছে আরও আগে। গত সেপ্টেম্বর-অক্টোবরে আরব আমিরাতে টেস্ট সিরিজে যখন পাকিস্তানকে ধবলধোলাই করল শ্রীলঙ্কা। ‘পরিবর্তন এসেছে পাকিস্তান সফরে, বিশেষ করে আমাদের টেস্ট দলে। দলে কিছু পরিবর্তনও এসেছে। সেপ্টেম্বর-অক্টোবর থেকে বদল আসতে শুরু করেছে। যখন আপনি জিততে থাকবেন, ড্রেসিংরুমের পরিবেশটা অন্য রকম হয়ে যাবে। এর মধ্যে চন্ডিকা (হাথুরু) এসেছে। কোচিং স্টাফে কিছু পরিবর্তন এসেছে। আমাদের এখন হ্যাপি ড্রেসিংরুম’—বলছিলেন শ্রীলঙ্কা দলের ম্যানেজার।

ঠিক উল্টো চিত্র বাংলাদেশ দলের ড্রেসিংরুমে—হারতে হারতে অসুখী এক পরিবার!