তরুণ কাঁধে অস্ট্রেলিয়ার ভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

২০১০ সালে স্টিভ ওয়াহ তাঁর সম্পর্কে বলেছিলেন, ‘গত ২০ বছরে অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেট প্রতিভা।’ ভবিষ্যৎ অস্ট্রেলিয়া অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছিল বেশ কিছুদিন ধরেই। কিন্তু সেই ভবিষ্যৎ যে এত দ্রুত বর্তমান হয়ে যাবে, কে ভাবতে পেরেছিল! মাইকেল ক্লার্কের বহুমুখী চোট ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, ব্র্যাড হাডিনের বয়স, নির্বাচকদের ভবিষ্যৎ ভাবনা, সব হিসাব-নিকাশের সমাধান মিলেছে একটি বিন্দুতেই—স্টিভেন স্মিথ। ক্যারিয়ার নিয়ে শঙ্কা থাকলেও কাগজে-কলমে এখনো মূল অধিনায়ক ক্লার্ক। তবে দায়িত্ব চালানোর ভার পেয়েছেন স্মিথ। আগামীকাল গ্যাবায় ভারতের বিপক্ষে টস করতে নেমে স্মিথ হয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ার ৪৫তম টেস্ট অধিনায়ক।

এক নজরে স্টিভেন স্মিথ
এক নজরে স্টিভেন স্মিথ

পিঠ আর হ্যামস্ট্রিংয়ের চোটে ক্লার্কের সিরিজ শেষ হয়ে যাওয়ার পর পরবর্তী অধিনায়ক নিয়ে খুব একটা হইচই হয়নি। সহ-অধিনায়ক হাডিনই স্বয়ংক্রিয়ভাবে পেতে যাচ্ছেন দায়িত্ব, অস্ট্রেলিয়ান ক্রিকেট যেভাবে চলে আসছে সব সময়। কিন্তু ক্লার্কের ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার শঙ্কাটাই নির্বাচকদের ভাবিয়েছে নতুন করে। দীর্ঘমেয়াদি ভাবনাতেই তাই স্মিথকে বেছে নেওয়া, জানালেন প্রধান নির্বাচক রডনি মার্শ, ‘মাইকেলের চোটের পর পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে খুব কঠিন। আমরা জানি না কত দিন বাইরে থাকতে হবে ওকে। শুধু এটা জানি যে রাতারাতি সেরে উঠছে না। এ জন্যই অনেক ভাবার পর একজন তরুণ উদীয়মান অধিনায়ককে বেছে নেওয়ার সুযোগটা আমরা নিয়েছি, যত দিন না মাইকেল দলে ফেরে। শুধু ব্যাটিং পারফরম্যান্সই নয়, ক্রিকেট-মস্তিষ্ক, পরিণীতিবোধ ও নেতৃত্বগুণ মিলিয়ে স্টিভ আমাদের ভাবনায় আগে থেকেই ছিল। গত বছর সহ-অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর থেকে ব্র্যাড হাডিন দায়িত্ব পালন করেছেন অসাধারণভাবে। দায়িত্বটা ওর পাওয়া উচিত কি না, এ নিয়ে অনেক আলোচনা হয়েছে। কিন্তু মাইকেলের অনিশ্চিত ভবিষ্যতের পর আমাদের মনে হয়েছে দীর্ঘমেয়াদি ভাবার এটাই সময়।’
অস্ট্রেলিয়া বরাবরই ভবিষ্যতের নেতাকে আস্তে আস্তে গড়ে তোলে। মার্ক টেলরের সময় যেমন করা হয়েছে স্টিভ ওয়াহকে, স্টিভের সময় রিকি পন্টিং, পন্টিংয়ের সময় ক্লার্ককে। তবে স্মিথকে ভবিষ্যৎ নেতা ভাবা হলেও সেটার আনুষ্ঠানিক স্বীকৃতি ছিল না। আসলে স্মিথের ক্যারিয়ারটাই নাটকীয় মোড় নিয়েছে গত দেড় বছরে। টিনএজ সময়টায় ছিলেন শেন ওয়ার্নের
সম্ভাব্য উত্তরসূরি। পরে হয়ে উঠলেন লেগ স্পিনিং অলরাউন্ডার, এই ভূমিকাতেই টেস্ট অভিষেক ২০১০ সালে। পরের বছর অ্যাশেজের পর হারালেন জায়গা। পরে ব্যাটিং নিয়ে একাগ্র কাজ করে হয়ে উঠলেন পুরোদস্তুর ব্যাটসম্যান। গত বছরের মার্চে ‘হোমওয়ার্কগেটে’ চার সতীর্থের নিষেধাজ্ঞায় আবার একাদশে। ফিরেই মোহালিতে ৯২ করার পর আর পেছন ফিরে তাকাননি। ফেরার পর এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে স্মিথের (১৪৯০) চেয়ে বেশি টেস্ট রান করতে পেরেছেন শুধু ওয়ার্নার (১৭৭১)। বড় ভরসা হয়ে উঠেছেন ওয়ানডে দলেও। এগিয়ে যাওয়ার পালায় এবার ধরা দিল নেতৃত্ব। শুধু ক্রিকেটেই মন দেবেন বলে ১৭ বছর বয়সে পড়াশোনাসহ আর সব ভাবনা বাদ দিয়েছিলেন যিনি, সেই স্মিথ ২৫ বছর বয়সে পেলেন দেশের দায়িত্ব। অস্ট্রেলিয়ার তৃতীয় সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক।
নিউ সাউথ ওয়েলস ও সিডনি সিক্সার্সকে সফলভাবে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে স্মিথের। নেতৃত্ব দিয়েছেন অস্ট্রেলিয়া ‘এ’ দলকেও। তাঁর নেতৃত্বগুণ, ব্যাটিং ফর্ম, সব ধরনের কন্ডিশন-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া, মাঠের বাইরেও দলে তাঁর ভূমিকা, সংবাদমাধ্যমে কথা বলায় দক্ষতা, এমনকি মেয়েবন্ধু ড্যানিয়েলে উইলসের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিনের হওয়ায় ব্যক্তিগত জীবনে যে স্থিতিশীলতা, সবই নেওয়া হয়েছে বিবেচনায়।
স্মিথ নিজেও দারুণ রোমাঞ্চিত। জানালেন, ক্লার্কের মতোই আক্রমণাত্মক থাকবে তাঁর অধিনায়কত্ব, ‘এত দ্রুত সব হয়ে গেল, একটা অদ্ভুত রোমাঞ্চকর ব্যাপার। দলকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখতাম সব সময়। আজ সকালেই আমি ছেলেদের বলেছি যে গত দেড় বছরে যেভাবে খেলে আসছি আমরা, সেটা পরিবর্তনের কোনো ইচ্ছে আমার নেই। ওই আক্রমণাত্মক, ইতিবাচক ক্রিকেটই আমরা খেলে যাব।’ এএফপি, রয়টার্স, ক্রিকইনফো।