তরুণ ক্রিকেটারদের কাছে কুম্বলে ছিলেন ‘ভীতিকর’
২০১৭ সালে ভারতীয় ক্রিকেট উত্তাল হয়েছিল দলটির সে সময়ের কোচ অনিল কুম্বলে আর বিরাট কোহলির বিবাদে। দুজনের সম্পর্ক এতটাই বাজে পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে কুম্বলেকে কোচের পদ থেকে পদত্যাগ করতে হয়েছিল। কুম্বলে–কোহলির সেই বিবাদের বিষয়টি উঠে এসেছে সে সময়কার সুপ্রিম কোর্ট কর্তৃক নিয়োগকৃত কমিটি অব ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটরের (সিসিএ) প্রধান বিনোদ রাইয়ের এক বইয়ে। সুপ্রিম কোর্টের নির্দেশে হওয়া প্রশাসনিক কমিটির প্রধান হিসেবে তিনি প্রায় তিন বছর ধরে ভারতীয় ক্রিকেট পরিচালনা করেন।
কুম্বলে–কোহলির দ্বন্দ্ব সমস্যায় ফেলেছিল প্রশাসনিক কমিটির সদস্যদেরও। বিনোদ রাই তাঁর ‘নট জাস্ট আ নাইটওয়াচম্যান: মাই ইনিংস ইন দ্য বিসিসিআই’ কুম্বলে–কোহলি দ্বন্দ্বের বিশদ তুলে ধরেছেন। সাবেক সরকারি এ কর্মকর্তা দাবি করেছেন কুম্বলে–কোহলি দ্বন্দ্ব ব্যাপক সমস্যায় ফেলেছিল বোর্ডকে।
রাই লিখেছেন, কুম্বলে দলের মধ্যে নিয়মশৃঙ্খলার ব্যাপারে খুব কঠোর ছিলেন। এতটাই কঠোর ছিলেন, তিনি তরুণ ক্রিকেটারদের মধ্যে রীতিমতো ভীতিকর এক চরিত্রে পরিণত হন। রাই লিখেছেন, ‘আমি অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে জানতে পারি, কুম্বলে দলের নিয়মশৃঙ্খলা রক্ষার ব্যাপারে খুবই কঠোর ছিলেন। তাঁর কঠোর আচরণ তরুণ ক্রিকেটারদের মধ্যে ভীতির সঞ্চার করেছিল বলে জানান অধিনায়ক কোহলি। অধিনায়ক বলেছিলেন কুম্বলের অধীনে তরুণ ক্রিকেটাররা মোটেও খুশি ছিলেন না।’
বিনোদ রাই ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির পর কুম্বলের সঙ্গে কথা বলেছিলেন। সে ঘটনাও উল্লেখ করেছেন তাঁর বইয়ে। কুম্বলে সেই দীর্ঘ আলোচনায় যথেষ্ট বিরক্তি প্রকাশ করেছিলেন বলে বইয়ে লিখেছেন বিনোদ রাই। কুম্বলে ক্ষুব্ধ হয়েছিলেন অধিয়নায়কের কথায় এবং বিনোদ রাই এ ব্যাপারে তাঁর সঙ্গে কথা বলায়। কুম্বলের অভিযোগ ছিল, এই দলে অধিনায়ককে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। রাই কুম্বলেকে বলেছিলেন, খেলোয়াড়দের মধ্যে পেশাদারি মনোভাব আনার দায়িত্ব কোচের। কোচের উচিত দলের সিনিয়র ক্রিকেটারদের চিন্তাভাবনাকে গুরুত্ব দেওয়া।’ কুম্বলেও এর উত্তরে বিনোদ রাইকে বলেছিলেন, তিনি সিনিয়র, দলের খেলোয়াড়দেরও উচিত তাঁকে সম্মান করা।’
কুম্বলে–কোহলির এ দ্বন্দ্ব নিরসনে চেষ্টা চালিয়েছিল প্রশাসক কমিটি। এমনকি সৌরভ গাঙ্গুলী, শচীন টেন্ডুলকার আর রাহুল দ্রাবিড়কে নিয়ে গঠিত উপদেষ্টা কমিটিও দুজনের সঙ্গেই আলাদা আলাদা বৈঠক করেছিল। কিন্তু দ্বন্দ্ব এতটাই গভীর ছিল, সেটি মেটানো সম্ভব হয়নি। তিন দিন পর কুম্বলে ভারতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান।