তরুণদের নিয়ে হতাশ হাবিবুল

>এশিয়া কাপ উপলক্ষে শুরু হয়েছে প্রথম আলোর বিশেষ আয়োজন গ্যালারি। বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ও তারকারা সবাই হাজির হবেন প্রথম আলোর এ অনুষ্ঠানে এশিয়া কাপ ও ক্রিকেট নিয়ে কথা বলতে। আজ প্রথম পর্বে এশিয়া কাপ ও বাংলাদেশের বিশ্বকাপে ভাবনা নিয়ে কথা বলেছেন নির্বাচক হাবিবুল বাশার
এশিয়া কাপ শুরু হচ্ছে আজ। এ ক্রিকেট উৎসবে বাংলাদেশ প্রথম দিনেই মাততে যাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী ম্যাচ দিয়ে। নিদাহাস ট্রফি ও বাংলাদেশের মাটিতে জানুয়ারির সিরিজ মিলিয়ে দুই দেশের মধ্যকার সম্পর্কে এখন ঝাঁজ বেড়েছে। এমন এক ম্যাচের আগে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু, এ নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার। দলের সম্ভাবনা নিয়ে আশাবাদী হলেও তরুণদের নিয়ে নিজের হতাশাটা লুকানোর চেষ্টা করেননি তিনি।
২০১৯ বিশ্বকাপ উপলক্ষে এক আসর পরই ওয়ানডে সংস্করণে ফিরেছে এশিয়া কাপ। আর ক্রিকেটের তিন সংস্করণের মধ্যে এ ক্রিকেটেই সবচেয়ে বেশি স্বচ্ছন্দ বাংলাদেশ। তাই ওয়ানডেতে যে কোনো প্রতিপক্ষের বিপক্ষেই বাংলাদেশকে এখন পিছিয়ে রাখতে রাজি নন হাবিবুল, ‘বাংলাদেশ এখন পিছিয়ে নেই। বাংলাদেশ দল এখন অনেক ভালো করছে। দলের এখন অনেক ভক্ত সমর্থক। যেখানেই ম্যাচ হয়, দর্শকের কোনো অভাব হয় না। কারও বিপক্ষেই এখন আর বাংলাদেশ পিছিয়ে নেই।’
বাংলাদেশ হয়তো দল হিসেবে পিছিয়ে নেই। কিন্তু দলের অধিকাংশ সাফল্য এনে দেন সেই পঞ্চপাণ্ডব। ব্যাটিংয়ে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসান। বোলিংয়ে মাশরাফি বিন মুর্তজার সঙ্গী সেই সাকিবই। এ পাঁচজন হাল ধরলেই জয় পায় বাংলাদেশ। এঁদের সবার বাজে দিনে অন্য কেউ যে হাল ধরবেন, এমনটা দেখা যাচ্ছে না বহুদিন ধরেই। হাবিবুলও বলছেন এ নিয়ে তাদের হতাশার কথা, ‘এটা দুঃখজনক, আমি হতাশ। তরুণেরা সুযোগ কাজে লাগাতে পারেনি। আমরা (নির্বাচক) সুযোগ দিতেই চাই। চাই টানা অনেক দিন খেলুক। কিন্তু এরা সে সুযোগ পেয়েও নিতে পারেনি। দলে ওই পাঁচজন ছাড়া কেউই নিয়মিত পারফর্ম করে বা। দুই বা তিন বছর খেলেও এখনো দলে জায়গা পাকা করতে পারেনি।’
এ কারণেই প্রতিটি সিরিজের আগেই দল ঘোষণা নিয়ে বিপাকে পড়েন নির্বাচকেরা। কারণ, এ পাঁচজন ছাড়া অন্য যাকেই নেওয়া হোক এ নিয়ে প্রশ্ন থাকেই। হাবিবুলও জানেন তাদের কাজটা কত কঠিন। তবে এবারের এশিয়া কাপের দল নির্বাচনে ঝামেলা একটু কম পোহাতে হয়েছে, ‘আমরা দুজন (হাবিবুল ও প্রধান নির্বাচক মিনহাজুল আবদিন) ছাড়া দেশে আরও ১০ কোটি নির্বাচক আছে। তবে ওয়েস্ট ইন্ডিজে দুটি সিরিজ জয় এবার কাজ সহজ করে দিয়েছে। সবাই মোটামুটি পারফর্ম করায় এবার কাজটা সহজ ছিল।’
আগামী বছরই বিশ্বকাপ। এর আগেই তরুণদের কাছ থেকে ভালো পারফরম্যান্স আশা করেন হাবিবুল, ‘শুধু সিনিয়র পাঁচজনই নিয়মিত পারফর্ম করছে, নতুনরা পারছে না। অবশ্য অনেকেই বেশ কিছুদিন ধরেই খেলছে তাদের নতুন বলা যায় না। অনেকেই দুই একটা সিরিজ ভালো করে আর পারছে না। কেউবা একটি বছর নিয়মিত ভালো করে পরে খেলতেই পারেনি। বিশ্বকাপের আগে দল নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করা কঠিন। তবু যে কয়েকটা সিরিজ আছে, এতে কিছু নতুন মুখ দেখার সুযোগ আছে।’
সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশন নিয়ে বহু আলোচনাই চলছে। অনেকেই সবার জন্য একই কন্ডিশন বলে এ আলোচনাকে উড়িয়ে দিচ্ছেন। তবে হাবিবুলের ধারণা, আদৃতা ও উত্তাপ মিলিয়ে এ কন্ডিশনে আফগানিস্তান সবচেয়ে বেশি সুবিধা পাবে। এরপরই বেশি সুবিধা পাবে পাকিস্তান। ২০ তারিখে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ তাই বাড়তি গুরুত্ব পাচ্ছে। তবে এর আগে আজকের ম্যাচের ফলটা নিজেদের পক্ষে আনলেই কাজ অনেকটা সহজ হয়ে যাবে বাংলাদেশের।